রাইসা শাম্মা ও সেগুফতা তূর্ণা সবে দশম শ্রেণীতে উঠেছে। স্কুলের পড়াশোনার ভারে দিনরাত একাকার তাদের। কিন্তু পৃথিবীর জন্য, মানুষের কাজে লাগে, এমন কাজ করতে আগ্রহী দুই বন্ধু। তাই তো স্কুল ছুটির সময়টায় ছুটে এসেছে ব্র্যাকের মডেল ইউনাইটেড ন্যাশনসের (মুন) কর্মশালায়। শাম্মার ভাষায়, ‘আগামীর পৃথিবীর জন্য কী করা যেতে পারে, কীভাবে মানুষের জন্য বড় আকারে কাজ করার সুযোগ পাওয়া যাবে, কী করে সমাজকে বদলানো যাবে—তা জানতেই মুনের কর্মশালায় এসেছি।’ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী হাজির হয়েছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে জাতিসংঘের কার্যক্রম, বিশ্বভ্রাতৃত্ববোধ, আন্তর্জাতিক সম্পর্কের কূটনীতির কৌশল নিয়ে আগ্রহ বৃদ্ধি করতেই এই আয়োজন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেজ কমিউনিকেটরস আয়োজন করে প্রতীকী জাতিসংঘের এ অধিবেশন, মডেল ইউনাইটেড ন্যাশনস বা মুন। মুম্বাই মুনে অংশ নেওয়া রাতুল দেব সভাপতির দায়িত্ব পালন করেন। আগামী ডিসেম্বরে আন্তর্জাতিক মুন সম্মেলনের পূর্বপ্রস্তুতি হিসেবেই আয়োজন করা হয় এই কর্মশালার। ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিক মুকিত জানান, বাংলাদেশের অবস্থান বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ ধরনের আয়োজন প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হওয়া প্রয়োজন।কর্মশালায় বক্তব্য রাখেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা-বিশেষজ্ঞ এম সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, অধ্যাপক পিয়াস করিম ও আতাউর রহমান।কর্মশালায় একটি সেমিনার পরিচালনা করেন হার্ভার্ড মুনের সভাপতি শারমিন আলম। তাঁর মন্তব্য ছিল, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বেশ ওপরে উঠবে। শিক্ষার্থীরা যত বেশি দেশ ও পৃথিবী সম্পর্কে জানবে, তত বেশি মানুষের কল্যাণে কাজের সুযোগ সৃষ্টি হবে।দিনব্যাপী কর্মশালা শেষে শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়।