শান্তির খোঁজে ছুটছেন পাহাড়ি-বাঙালি নেতারা
পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন। আতঙ্ক আর গুজব দূর করে মানুষকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন খাগড়াছড়ির দীঘিনালা ও পানছড়ি উপজেলার একদল আদিবাসী ও বাঙালি নেতা। তাঁরা ঐক্যবদ্ধ হয়ে উঠোন বৈঠক করছেন। চলছে শান্তি সমাবেশ ও শান্তি মিছিল। গ্রামে গ্রামে গড়ে তোলা হয়েছে শান্তিশৃঙ্খলা রক্ষা কমিটি। সরেজমিনে দীঘিনালার আদিবাসী-বাঙালি অধ্যুষিত গ্রামগুলো ঘুরে দেখা যায়, কয়েকদিন আগেও যেখানে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটের সহিংস ঘটনার পর মানুষ আতঙ্কে রাত কাটিয়েছেন এখন সেখানে আর সেই অস্থিরতা নেই। পাবলাখালী, শান্তিপুর, হাচিনসনপুর, পোমাংপাড়া, রশিকনগর, বোয়ালখালী, কাঁঠালতলী, কবাখালী এলাকায় দেখা যায়, গ্রামের আদিবাসী-বাঙালি নেতারা উঠোন বৈঠক করছেন। সব সভাতেই একই কথা—‘শান্তি চাই।’ নেতারা বলছেন, পার্বত্য চট্টগ্রামে যেখানেই যে ঘটনা ঘটুক আমরা দীঘিনালাবাসী তা নিয়ে আতঙ্কিত হব না। আগে নিজের এলাকায় শান্তি বজায় রাখতে হবে, তাহলেই পুরো এলাকায় শান্তি থাকবে। পাহাড়ি-বাঙালি নয়, আমরা এখন মানুষ। একজনের সুখ, দুঃখে আরেকজন সাথি হব। উপজেলা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় চাকমা, বল পেইয়্য আদামের নরেন্দু কার্বারী ও মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন চাকমা বলেন, ‘আমরা সংঘাত নয়, শান্তি চাই, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বাস করতে চাই। সেই লক্ষ্যেই গ্রামে গ্রামে গিয়ে কাজ করছি।’ বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, সদস্য আশীষ বরণ বড়ুয়া ও বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম জানান, ‘আমরা পার্বত্য চট্টগ্রামে সামপ্রদায়িক সমপ্রীতির একটি নজির সৃষ্টি করতে চাই। তাই পাহাড়ি-বাঙালি একই পতাকাতলে সমবেত হয়েছি।’ বোয়ালখালী এলাকার নারী তুনবী চাকমা, পরানী চাকমা, নাগরী চাকমাসহ কয়েকজন আদিবাসী নারী জানান, ‘প্রথম দিকে আতঙ্কে ছিলাম। পাহাড়ি-বাঙালি নেতারা এসে ভয় না পাওয়ার কথা বলেছেন।’ রশিকনগর এলাকার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোতালেব সুফি বলেন, ‘সারা রাত গ্রামে টহল দিয়েছি। মুক্তিযুদ্ধের সময় সবার মধ্যে যেমন দেশপ্রেম জেগে উঠেছিল এখন শান্তির জন্যও সে রকম মনোভাব জেগে উঠেছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান মিঞা উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহাড়ি-বাঙালি মিলে শান্তিশৃঙ্খলা বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, ‘উভয়পক্ষের নেতাদের মধ্যে আমি শান্তি ফিরিয়ে আনার চেষ্টা দেখেছি। সবাই কঠোর পরিশ্রম করছেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন। দীঘিনালা শান্তির উপজেলা হিসেবে আছে এবং আশাকরি আগামী দিনেও তেমন থাকবে।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষচন্দ্র পাল জানান, ‘পাহাড়ি-বাঙালি উভয় সমপ্রদায়ের নেতাদের যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তাঁরা শান্তির জন্য গ্রামে গ্রামে কাজ করছেন।’ পানছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাম্প্রদায়িক সহিংসতা রোধে পাহাড়ি-বাঙালি নেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে। তাঁরা উভয় সম্প্রদায়ের লোকজন পাশাপাশি বা একত্রে বসবাস করে এমন ১০টি গ্রামে শান্তি কমিটি গঠন করেছেন। বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীও রয়েছেন কমিটিতে। জিয়ানগর ও মানিক্যা কার্বারিপাড়ায় বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও উপজাতীয় নেতা কলতামনি চাকমার নেতৃত্বে গঠন করা হয়েছে ২১ সদস্যের কমিটি। একইভাবে দমদম এলাকায় সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল আজিজ ভান্ডারী ও শিক্ষক ফণীন্দ্র লাল চাকমার নেতৃত্বে, ওমরপুর-শান্তিপুর এলাকায় মো. আবদুল করিম, হাবিবুর রহমান, টিঅ্যান্ডটি এলাকায় সাধানচন্দ্র চাকমা, আবদুল মোমিন, যৌথ খামার এলাকায় আবদুল কাদের ও মনা কার্বারি, কালানাল এলাকায় অমর মোহন চাকমা ও আবদুল কাদের, নোয়াপাড়ায় স্নেহ রঞ্জন ত্রিপুরা ও আবদুল আজিজ, শণটিলায় মো. হোসেন মেম্বার ও উদয় শংকর কার্বারি, মদন কার্বারিপাড়া ও মোহাম্মদপুরে নূর মোহাম্মদ ও ভোথলা কার্বারি এবং ফাতেমানগর এলাকায় আউপ্প্যা কার্বারি ও মহিউদ্দিনের নেতৃত্বে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা স্থানীয়ভাবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার শপথ নেন। ২৩-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকা ঘুরে ঘুরে এ সব কমিটি গঠন করেন খগেশ্বর ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদের শেখ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুত্ফর রহমান, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সতীশচন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক বাহার মিয়া, সমঅধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান। উল্লেখ্য, বাঘাইছড়ি ও খাগড়াছড়ির ঘটনার সময় পানছড়ি আতঙ্ক ও গুজবের এলাকায় পরিণত হয়। বাড়িঘর ফেলে চলে যায় অনেকে। স্থানীয় প্রশাসন ও নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি এখন স্বাভাবিক।