শান্তির জন্য আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের অংশগ্রহণকারীরা গাইলেন ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী...’
সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশের অংশগ্রহণকারীরা গাইলেন ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী...’

দক্ষিণ এশীয় যুব সম্মেলন ২০১৫। উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল পর্দায় ভেসে উঠছিল আটটি দেশের রঙিন পতাকা। অন্ধকার মিলনায়তনে তখন ভালোবাসা আর শ্রদ্ধার আবহ। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন নানা দেশের প্রতিনিধি, তবু একটা জায়গায় সবার মিল—এখানে সবাই তরুণ!
‘শান্তি, সমৃদ্ধি ও যুবসমাজ’—এই স্লোগান নিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের (ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা) তরুণদের মিলনমেলা বসেছিল শ্রীলঙ্কায়, ভারত মহাসাগরের মুক্তো দ্বীপে। ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন প্রায় ১০০ তরুণ, যাঁরা একটা শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখেন।
বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল পাঁচজনের একটি দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কানিজ আফরোজ, বুয়েটের আবুল কালাম ফারুক, সাউথ এশিয়ান ইউনিভার্সিটির শুচিস্মিতা সীমন্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আতাউর খান এবং প্রথম আলোর বন্ধুসভা থেকে আমি। পাঁচ দিনের এই যুব সম্মেলন আমার চোখের সামনে তুলে ধরেছে এক নতুন দিগন্ত। মুগ্ধ চিত্তে শুনেছি, কীভাবে তরুণদের হাতে তৈরি হচ্ছে একটা নতুন পৃথিবী। স্বেচ্ছাসেবী এই তরুণদের প্রত্যেকেই যেন একেকটি গল্পের নায়ক।
কথা হলো শ্রীলঙ্কার বন্ধু হারিতা তিলকারত্নের সঙ্গে। বন্ধুদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়েছেন তিনি। নতুন-পুরোনো পাঠ্যবই সংগ্রহ করে তাঁরা পাঠিয়ে দেন শ্রীলঙ্কার প্রত্যন্ত গ্রামাঞ্চলে, যেখানে শিশুরা কেবল বইয়ের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত। কেবল ২০১২ সালেই তাঁরা ৬৫ হাজার পাঠ্যবই সংগ্রহ করে ৯০টি স্থানীয় গোষ্ঠীর হাতে পৌঁছে দিয়েছেন। আফগানিস্তানের বন্ধু রাহেবার উদ্যোগও মুগ্ধ করল। পড়ালেখার পাশাপাশি নিজেই গড়ে তুলেছেন ‘ফ্যাশন গ্যালারি’ নামে একটি প্রতিষ্ঠান। পাশাপাশি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ে জেন্ডার সমতা প্রকল্পে কাজ করছেন। শিক্ষায় নারীর অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে সবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। ভারতের অরুণা, শিল্পা, অভিষেক; মালদ্বীপের সুহা, হিসান, হাসনা; নেপালের অনিসা; পাকিস্তানের ওমর, দানেশ, ওসামা; শ্রীলঙ্কার সারাফ, চানক, নামিরাহ, চিরন্তি—এঁদের সবার গল্পই অনুপ্রেরণা দেয়।
শুধু অংশগ্রহণকারী নয়, সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছেন কেউ কেউ। চীনের বলুন লি তাঁদের একজন। বাংলাদেশের কথা শুনে বেশ উচ্ছ্বাসের সঙ্গে বললেন, দক্ষিণ এশিয়ায় কেবল বাংলাদেশেই তাঁর বেড়ানোর সুযোগ হয়েছে। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য যেমন তাঁকে মুগ্ধ করেছে, তেমনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তরুণ নেতৃত্বের কথা জেনেও বিস্মিত হয়েছেন।
দক্ষিণ এশীয় যুব সম্মেলনের যাত্রা শুরু হয় তুর্কিতে অনুষ্ঠিত পঞ্চম বিশ্ব যুব কংগ্রেসের হাত ধরে। সার্কভুক্ত দেশগুলো নিয়ে প্রথম ‘দক্ষিণ এশীয় যুব সম্মেলন’ অনুষ্ঠিত হয় ২০১১ সালে ভারতে। তারপর পাকিস্তানে ২০১২, নেপালে ২০১৩ এবং ২০১৪ সালে বাংলাদেশে অনলাইন সম্মেলন হয়। এই সম্মেলনের মূল আয়োজক ভারতের আটলান্টিক কাউন্সিল ও ব্লু রিবন মুভমেন্ট নামে দুটি সংগঠন।
সম্মেলনের সূচনা হয়েছিল কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হলরুমে। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ক্যান্ডি নৃত্যের তালে তালে অভিবাদন জানানো হয় সব দেশ থেকে আগত তরুণদের। দক্ষিণ এশিয়ার তরুণদের অভিবাদন জানান শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা। শুভেচ্ছাবার্তা আর শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী ফিউশন নাচের মধ্য দিয়ে শেষ হয়েছিল উদ্বোধনী পর্ব।
তখনো জানতাম না আমাদের জন্য আরও চমক নিয়ে অপেক্ষায় আছে মালাবের সবুজ পাহাড়ের হরাইজন ক্যাম্পাস। দক্ষিণ এশিয়ার শিল্প-সংস্কৃতি-শান্তি, জেন্ডার সমতা ও দক্ষিণ এশিয়ার বাস্তবতা, সামাজিক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে চমৎকার কিছু বক্তব্য শুনেছি। এ ছাড়া প্রতিদিনই ছিল বিভিন্ন দেশের তরুণদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। বিভিন্ন দেশের তরুণেরা তাঁদের স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে বলেছেন। সেখানে আমিও গর্বভরে বলেছি আমাদের বন্ধুসভার কথা।
পরের দিনটি ছিল ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশের তরুণ দলের আহ্বানে সম্মেলনে উপস্থিত সব দেশের তরুণেরা এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করেন। তারপর মঙ্গলপ্রদীপের আলোয় শুরু হয় দক্ষিণ এশীয় সাংস্কৃতিক সন্ধ্যা। নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রত্যেক দলেরই ছিল একটি করে পরিবেশনা। এই সুযোগে আমরা একতারা হাতে গেয়েছি ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’। আফগানি বন্ধুদের নাচ, ভারতীয় বন্ধুদের গান আর শ্রীলঙ্কার বন্ধুদের ক্যান্ডি নাচের ফাঁকে জ্বলে উঠছিল শ্রীলঙ্কার বন্ধু সাকুনা গোমেজের ক্যামেরার ফ্ল্যাশ। ফেসবুকের পাতায় ছবিগুলো এখনো কথা বলছে আর মনে করিয়ে দিচ্ছে দারুণ সব স্মৃতি।