শুরুটা ছিল ১৯৯৮ সালে। পরিবেশবাদী কয়েকজন তরুণের হাত ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সবুজ ক্যাম্পাসে পথচলার শুরু হয় ‘গ্রিন ফর পিসের’। প্রকৌশল শিক্ষার ব্যস্ত সূচির ফাঁকে কখনো গাছ লাগানো, বন্য প্রাণী সংরক্ষণ অথবা দূষণ রোধের মতো কর্মসূচিতে নেমে পড়েন সংগঠনটির সদস্যরা। পাশাপাশি আয়োজন করেন রক্তদান কর্মসূচির মতো মানবিক কার্যক্রম। আর অবসর সময় পেলে সদস্যরা সবাই মিলে বেরিয়ে পড়েন প্রকৃতিকে কাছ থেকে দেখার জন্য।
সচেতনতা বাড়াতে: উন্নয়নের ডামাডোলে প্রকৃতির কথা ভাবার সময় কোথায় মানুষের। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ পৃথিবীটা বাসযোগ্য থাকবে না। তাই ‘গ্রিন ফর পিস’–এর প্রধান কাজ শিক্ষার্থীদের যথাসম্ভব পরিবেশসচেতন করে তোলা। সংগঠনটির কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল-কলেজে গিয়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁরা শিক্ষার্থীদের সচেতন করছেন। এ জন্য তাঁরা তৈরি করেছেন বেশ কিছু সচেতনতামূলক প্রামাণ্যচিত্র। আর শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ তো আছেই।
২০১৪ সালের ১৭ এপ্রিল ‘গ্রিন ফর পিস’ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করে পরিবেশ অলিম্পিয়াডের। এখন থেকে প্রতিবছরই এমন আয়োজন করার লক্ষ্য আছে তাঁদের।
এ ছাড়া ক্যাম্পাসে ফল উৎসব ও ক্যাম্পাস পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
পরিবেশ নিয়ে প্রতিবছরই গ্রিন ডে উৎসব আয়োজন করে সংগঠনটি। ক্যাম্পাসে ঘটা করে এ দিনটি পালন করেন সংগঠনের সদস্যরা। এ বছর অাগস্ট মাসে চুয়েটে গ্রিন ডে উৎসব আয়োজিত হবে। ২০১৪ সালে ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও এর আগের বছর ২০১৩ সালে চট্টগ্রাম শহরে পরিচ্ছন্নতা অভিযানও পরিচালনা করা হয় গ্রিন ফর পিসের পক্ষ থেকে। এ ছাড়া প্রকৃতি পর্যবেক্ষণের জন্য সংগঠনের সদস্যরা বিভিন্ন সময় ঘুরে বেড়িয়েছেন কাপ্তাই, সুবলং ও বান্দরবানে।
পরিবেশ বাঁচাতে সেমিনার: পরিবেশ ও জলবায়ু বিষয়ে জ্ঞানচর্চা বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংগঠনটি। গত বছরের ১৪ সেপ্টেম্বর মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সঙ্গে যৌথভাবে বিশ্ববিদ্যালয়ে জীববৈচিত্র্য সংরক্ষণে সেমিনার ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতার আয়োজন করে গ্রিন ফর পিস। এ ছাড়া প্রতিবছর পানি দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষজ্ঞদের নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয়।
সংগঠনের কয়েকজন সদস্য বলেন, কেবল বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের মতো বড় দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়। দেশের সীমিত সম্পদ ব্যবহার করে লাগসই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আর এর জন্য প্রয়োজন তথ্য, উপাত্ত ও মতামত প্রশাসনের সামনে তুলে ধরা। সেমিনারের আয়োজন করা হয় মূলত এসব উদ্দেশ্য সামনে রেখে।
মানবতার সেবায়: পরিবেশ আন্দোলনের সঙ্গে চলছে মানবতার সেবাও। ক্যাম্পাসে বিভিন্ন সময় রক্তদান কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট গ্রুপের রক্তদাতা খুঁজে বের করতে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের রক্তের তথ্য নিয়ে সংগঠনের সদস্যরা তৈরি করেছেন একটি ডেটাবেইস। এ ছাড়া শীতার্ত মানুষের মাঝে কাপড় এবং দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণও করেন তাঁরা।
গ্রিন ফর পিসের সদস্য পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আনিকা আক্তার বলেন, ‘গ্রিন ফর পিস সব সময়ই পরিবেশ ও মানবতাসম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে থাকে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো, সচেতনতা তৈরি করা ছাড়াও মানুষের কল্যাণে রক্তদান কর্মসূচি, ত্রাণ সংগ্রহ ও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এসব কার্যক্রম দেখে আমি নিজেও সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছি।’
সংগঠনটির সাধারণ সম্পাদক আবুজার লস্কর বলেন, ‘বিভিন্ন শ্রেণির মানুষকে এক কাতারে এনে পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই আমরা। আমরা শিক্ষার্থী থেকে শুরু করে প্রকৌশলী আর বিজ্ঞানী সবার সহযোগিতা নিয়েই জলবায়ু পরিবর্তনের মতো মহা দুর্যোগ প্রতিরোধ করতে চাই।’