পাহাড়ের দেশ নেপাল। সদ্য গণতন্ত্র পাওয়া দেশ নেপাল। সেই নেপালের কাঠমান্ডুতেই বসেছিল আন্তর্জাতিক শান্তি সম্মেলন। বিশ্ব শান্তি দিবসকে সামনে রেখেই ‘পিস ফর পিপল’ এ সম্মেলন আয়োজন করেছিল ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।এ আয়োজনে সার্কভুক্ত প্রতিটি দেশের অংশগ্রহণ যেমন ছিল, তেমনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও। পাঁচ দিনের এই সম্মেলনে অংশ নিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে আমি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী নওরীন রহিম।আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রগুলোর ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। এ আয়োজন মুখরিত ছিল বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনা, মতামত আর কর্মপরিকল্পনা নিয়ে। ভবিষ্যতে যাঁরা বিশ্বকে নেতৃত্ব দেবেন, সেসব তরুণের কণ্ঠে উচ্চারিত হয় শান্তির জয়গান।আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সাংস্কৃতিক মিলনমেলা। এ ছাড়া অন্যতম রোমাঞ্চকর অংশ ছিল পোখারা ভ্রমণ। সেখানে ফিউয়া লেক আর ধলাগিরি পাহাড় বিমোহিত করে আমাদের। নেপালের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই বিস্ময়কর! অপূর্ব সুন্দর ছবির মতো একটি দেশ! এত পাহাড় আগে কোথাও দেখিনি। এ সম্মেলন সম্পর্কে নওরীন বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এই সম্মেলনের সবচেয়ে ভালো দিক হলো নেপালি শিশুদের স্কুল পরিদর্শন। এর মাধ্যমে আমরা তাদের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা পেলাম।’এমন একটি সম্মেলন নিঃসন্দেহে শান্তির বার্তা নিয়ে আসে, যেখানে বিভিন্ন পতাকাবাহী রাষ্ট্র একটি মাত্র পতাকার নিচে মিলিত হয়, যার নাম ‘শান্তির পতাকা’।