শান্তির পথে হাজার মাইল

বাংলাদেশ থেকে হাইতি। পুরো এক বছর তাঁদের কাজ, পরিবার, স্বপ্ন প্রতিদিনের জীবন ক্যামেরাবন্দী হয়েছে। শারমীন ওবায়েদ-চিনয় ও গীতা গান্ধবীর পরিচালিত এ জার্নি অব এ থাউজেন্ড মাইলস: পিসকিপারস প্রামাণ্যচিত্রের কেন্দ্রীয় চরিত্র তাঁরাই। ফরিদা পারভীন, মৌসুমী সুলতানা ও রেহেনা পারভীন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত তাঁদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এ প্রামাণ্যচিত্র। এই তিন নারীর খোঁজ করতে গিয়ে দেখা যায় অনেক আগেই দেশে ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রামাণ্যচিত্রে তাঁদের বিশেষভাবে তুলে ধরার কথা সহকর্মীদের অনেকেই জানতেন না। শেষ পর্যন্ত খোঁজ মেলে এই তিন নারীর। প্রামাণ্যচিত্র নিয়ে তাঁদের অভিজ্ঞতা আজ জানব আমরা। লিখেছেন তৌহিদা শিরোপা
আমি যা করি, তা-ই দেখানো হয়েছে
রেহেনার হাসিটাই যেন সবার থেকে আলাদা করেছে তাঁকে। সারাক্ষণ গান, আড্ডা, আনন্দ দিয়ে সবাইকে মাতিয়ে রাখেন। বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারেন না। অন্যের মন খারাপও সহ্য হয় না। কেউ কোনো কষ্ট দিলে পরক্ষণেই ভুলে যান। যেকোনো আড্ডার শিরোমণি তিনিই। সে কারণেই এই প্রামাণ্যচিত্রে তাঁকে নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের রিজার্ভ অফিসের উপপরিদর্শক (সাব ইন্সপেক্টর) হিসেবে কাজ করছেন এখন। ‘সিনেমার পরিচালক দুই আপা আমাদের নারী ইউনিটের ১৪০ জনের সবাইকে জিজ্ঞাসা করেছেন, কাদের জীবনে ব্যতিক্রমী গল্প আছে। বাকিরা তাঁদের গল্প বলেছেন। কিন্তু আমার গান ও হাসির জন্যই তাঁরা আমাকে বাছাই করেন। এটা অনেক সম্মানের। এখানে অভিনয় তো করতে হয়নি। আমি যা করি, তা-ই দেখানো হয়েছে।’
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে থেকে প্রামাণ্যচিত্রের শুটিং শুরু হয়। তখন রেহেনার কর্মস্থল ছিল রাঙামাটি। সেখানেও দুই দিন শুটিং হয়েছে। কাজ থেকে বাড়ি ফিরে কী করেন—রেহেনার স্বামী, দুই ছেলেমেয়ের সঙ্গে পারিবারিক মুহূর্তগুলো স্থান পায় এতে। রেহেনার স্বামী তাজুল ইসলামও পুলিশ বাহিনীতে কাজ করেন।
হাইতি রেহেনার কাছে রাঙামাটির মতো মনে হয়েছে। প্রাকৃতিক দৃশ্য একই রকম। সেখানে লজিস্টিক ও রেশন বিভাগে কাজ করতেন। সেসবও উঠে এসেছে প্রামাণ্যচিত্রে। তবে রেহেনার সবচেয়ে ভালো লেগেছে বিমানের মধ্যে শুটিং। ‘বিমানে উঠে আমি একটু চুপচাপ বসে ছিলাম। তখন আপারা বলেন, আপনাকে এমন মানায় না। বলার সঙ্গে সঙ্গে গান ধরলাম। সবাই চাঙা হয়ে গেল।’ বললেন রেহেনা।
রেহেনা কোনো দিন কারও কাছে গান শেখেননি। সাবিনা ইয়াসমীন, রুনা লায়লার গান শুনে শুনে সেগুলো গাইতে পারেন। একটা কথা বলেই কিছুক্ষণ হেসে নেন। এই হাসি আশপাশের মানুষকে আনন্দ দিতে পারে।
ছোটবেলায় তিনি সরকারি চাকরি করতে চেয়েছিলেন। নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছেন। যোগ দিয়েছেন পুলিশ বাহিনীতে। নিজের অবস্থান থেকে দেশের জন্য, পুলিশ বাহিনীর জন্য কাজ করতে চান।

সবাই তো এমন সুযোগ পায় না
মেয়েদের দুর্ভোগ, নির্যাতন, পারিবারিক নির্যাতন—এসব তাঁর শিশুমনে প্রভাব ফেলেছিল। চারপাশে এমনকি নিজের পরিবারেও এমনটা দেখেছেন। যখন থেকে বুঝতে শিখেছেন, ভাবতেন কী করলে পারিবারিক নির্যাতন থেকে রক্ষা করা যাবে মেয়েদের। বাবা ছিলেন পুলিশের কর্মকর্তা। তাঁকে দেখেও অনুপ্রাণিত হয়েছিলেন মৌসুমী সুলতানা। বর্তমানে রংপুরে কোর্ট উপপরিদর্শক (সিএসআই) হিসেবে কাজ করছেন।
ঢাকার এক পরিচিত পুলিশ কর্মকর্তা মৌসুমীকে এই প্রামাণ্যচিত্রে কাজ করার কথা বলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুযোগ পেয়ে এমনিতেই তিনি তখন আনন্দে ছিলেন। তার মধ্যে এই কাজ। তাঁর ঝুলিতে আরও নতুন সব অভিজ্ঞতা যোগ হয়েছে। মৌসুমী বলেন, আমি রংপুরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে কাজ করতাম। এর আগে গাইবান্ধার নারীবান্ধব হাসপাতালে কাজ করেছি। প্রতিদিন মেয়েদের নির্যাতনের নানা ঘটনা দেখেছি। বাস্তব অভিজ্ঞতাগুলো বলেছি প্রামাণ্যচিত্রটিতে। আমার স্বামী মোহাম্মদ বাবুল হোসেন পুলিশ বাহিনীতে আছেন। তিনিও খুব উৎসাহ দিলেন কাজটি করতে। সবার তো এমন সুযোগ হয় না।
দুই ছেলেমেয়ে শুরুতে খুব খুশি ছিল মা যাবে হাইতিতে। যাওয়ার দিন তাদের মন খারাপ হয়। সেই দৃশ্যগুলোও ধরা পড়েছে এই প্রামাণ্যচিত্রে।
মৌসুমী বলেন, ‘পরিচালকেরা খুব আন্তরিক ছিলেন। তিন দিন রংপুরের বাসায় শুটিং হয়েছে। চলেছে হাইতি থেকে ঢাকা ফেরা পর্যন্ত।’
হাইতির ওই সময়টাতে হয়তো সারা দিন কাজ সেরে মাত্র ফিরেছেন। তখনই ক্যামেরা নিয়ে হাজির শুটিং ইউনিট। দাঁড়িয়ে যেতেন ক্যামেরার সামনে। একটা ভালো কাজের জন্য নাহয় বিশ্রাম না-ই নিলেন। এমনটা ভাবতেন তিনি।
১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগ দেন। সে সময় এখনকার মতো মেয়েদের অংশগ্রহণ ছিল না পুলিশে। কিন্তু এই পেশা তাঁকে সমাজে নারীদের অবস্থা পরিবর্তনে সহায়তা করবে বলে বেছে নিয়েছিলেন। মৌসুমী সুলতানার মনে হয়, এখন সেই অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে। মেয়েরা এখন অনেক স্বাধীন। পুরুষের নির্যাতনের প্রতিবাদ করতে পারে।
‘হাইতিতে থাকার সময় বাচ্চাদের জন্য মন খারাপ হতো। সে অবস্থাও প্রামাণ্যচিত্রে ধারণ করা হয়েছে। কাজ করতে গিয়ে শুটিং ইউনিটের সবার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কানাডার প্রদর্শনীতে দেখানোর পর তাঁরা আমাকে ফোন দিয়েছিলেন। খুব নাকি সাড়া পড়েছে। সবাই ভালো বলেছে। এটি আমাদের নারী পুলিশের জন্য গর্বের।’ বললেন মৌসুমী।
একটা ছেলে পুলিশ হলে ভালো লাগবে
এখন ছুটিতে আছেন তিনি। ১২ অক্টোবর জন্ম হয়েছে তাঁর ছোট ছেলে রিহামের। আরও দুই ছেলে আছে তাঁর রিদম ও কেয়াস। হাইতিতে থাকায় সময় সারাক্ষণ বড় দুই ছেলের জন্য মন খারাপ থাকত। ‘একদিন খবর পাই বড় ছেলে রিদম স্কুলে পড়ে গিয়ে ঠোঁট কেটে ফেলেছে। ছয়টি সেলাই দিতে হয়েছে। সামনের তিনটি দাঁতও পড়ে গেছে। মনটা অস্থির হয়ে উঠল। নিজেকে বোঝালাম, দেশের জন্য কাজ করতে এসেছি, দায়িত্বটা অনেক বড়।’ বলতে থাকেন ফরিদা পারভীন।
জীবনে সব পরিস্থিতি মোকাবিলা করার শক্তি আছে ফরিদার। চলার পথে এসেছে বাধা। কখনো মনে হয়েছে থমকে গেল বুঝি জীবন। তবুও ভেঙে পড়েননি ফরিদা পারভীন। ঢাকার ভিকটিম সাপোর্ট সেন্টারের উপপরিদর্শক তিনি।
সাত মাসের অন্তঃসত্ত্বা তখন তিনি। হঠাৎ মারা গেলেন স্বামী। জন্ম হলো প্রথম ছেলে রিদমের। পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে। কেটে গেল প্রায় তিন বছর। জীবনের প্রয়োজনে ফরিদা পারভীনের আবার বিয়ে হলো আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি ব্যবসায়ী। নতুন বাবা পেয়ে ছেলে রিদমও খুব খুশি।
জীবনের এই ঘাত-প্রতিঘাত পেরিয়ে নতুন করে শুরু করার গল্প বলেছেন প্রামাণ্যচিত্রে। স্বামীর সহযোগিতা আছে বলেই ছেলেদের রেখে নিশ্চিন্তে গেছেন মিশনে। দাঁত ভেঙে যাওয়ার পর রিদমের আরও একটা দুর্ঘটনা হয় সে বছর। বাড়ির সামনে খেলতে গিয়ে চোখে ব্যথা পায় সে। এসব নিয়ে খুব মন খারাপ থাকত।
তবে কাজের সময় শুধু কাজ করেছেন। তাঁর সবচেয়ে ভালো লেগেছে যেদিন দেশে ফিরেছেন। ভাবতেও পারেননি তাঁকে নিতে বিমানবন্দরে স্বামী, ভাই ও ছেলেরা আসবে। তাঁদের দেখে আনন্দে চোখে পানি এসে গিয়েছিল।
ফরিদা বলেন, ‘এমন আনন্দের দিন আমার জীবনে কম এসেছে। শুধু একটাই চাওয়া, আমার তিন ছেলেই যেন মানুষ হয়। মা-বাবা তাঁদের জন্য কষ্ট করছে, এটি যেন বুঝতে পারে। তিন ছেলের একজন পুলিশ হলে বেশি ভালো লাগবে।’