শান্তির শহর পার্বত্য লামা
চকরিয়ার ফাঁসিয়াখালী থেকে প্রায় ১৫ কিলোমিটার পাহাড়ি পথ। কোথাও খুব উঁচু, কোথাও খুব নিচু। সাপের গতিতে এগোচ্ছে আমাদের মাইক্রোবাস। সকাল ১১টায় গাড়ি থামল পথের পাশে, জায়গার নাম নিরিবিলি গোলচক্কর। গোলচক্করের পাশে বসে কথার তুবড়ি ছোটাচ্ছেন সাত মার্মা তরুণী, সঙ্গে দুই বাঙালি নারী। দূর থেকে মনে হচ্ছিল সবাই রোদ পোহাচ্ছিলেন। কাছে গিয়ে দেখা গেল তাঁরা পাহাড় থেকে সংগ্রহ করা জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরতে সড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছেন। হ্লা ক্য চি মার্মা নামের এক তরুণী জানান, ‘কেউ নিজের প্রয়োজনে, কেউ বিক্রির জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করি। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই আমাদের মধ্যে। দলের সবাই নারী, পুরুষ নেই। তবে জঙ্গলে ঢুকতে ভয় পাই না আমরা।’ কথা বলে উঠেন পাশের তরুণী, ‘কিন্তু সমস্যা একজায়গায়। এক ঘণ্টা ধরে এখানে বসে আছি, একটা বাসও এল না। বাস না পেলে কাঠের বোঝা মাথায় নিয়ে ফিরতে হবে। লোকজনের যাতায়াত কম বলে এ সড়কে গাড়ি চলে খুব কম।’ গোলচক্করের এক পাশে শণ ও বেড়া দিয়ে তৈরি ঘর। ঘরের পাশে টাঙানো পরিচিতি ফলক। তাতে লেখা ‘স্বাগতম, লামা পৌরসভা শুরু।’ এখান থেকে লামা পৌরসভা সদরের দূরত্ব আরও ১৫ কিলোমিটার। উঁচু পাহাড়ি পথ পেরোনোর সময় সড়কে তেমন লোকজন দেখা যায়নি। মাঝেমধ্যে পাহাড়ের চূড়ায়, ঢালে ও সমতলে পাহাড়িদের বাড়ি দেখা যায় বিক্ষিপ্ত, দেখা যায় নারীদের কাজ করতে। পাহাড়ের ওপর সবুজ গাছে ভরা পৌর শহরটি পরিচ্ছন্ন। পাহাড়ে বসবাসকারী মার্মা, চাকমা, তংচইঙ্গ্যা, মুরংসহ হিন্দু, মুসলমান যে যাঁর মতো করে দিন কাটাচ্ছেন। পাহাড়ি-বাঙালি সংঘাত, আতঙ্ক-গুজব কোনোটাই নেই এখানে। স্থানীয়রা বলেন, ‘শান্তির শহর পার্বত্য লামা।’ শহরের এক প্রান্তে ২৫০ বছরের পুরোনো আদিবাসী মার্মাদের মহামুনি বৌদ্ধবিহার। দুপুর সোয়া ১২টার দিকে বিহারের পাশে খোলা মাঠে দেখা গেল ২০-২৫ জন পাহাড়ি-বাঙালির জটলা। মুঠোফোনে খবর পেয়ে এক আদিবাসী অন্যদের বলছেন, ‘আজ (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাকি খাগড়াছড়ি যাওয়ার পথে সন্তু লারমার গাড়িবহরে হামলা হয়েছে। শান্তিচুক্তিবিরোধী কিছু বাঙালি নাকি ওই হামলা করেছেন। উপস্থিত এক বাঙালি মুঠোফোনে খবর নিয়ে বললেন, ‘হামলা চালিয়েছে চুক্তিবিরোধী ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)।’ ওই হামলা নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে আধঘণ্টা চলে আলোচনা। কিন্তু এতে কোনো উত্তাপ দেখা গেল না। বিহারের পুরোহিত উপেন্ডা মহাথের জানান, ‘মন্দিরের আশপাশে বিলছড়ি গ্রামে তিন হাজারের বেশি আদিবাসী মার্মার বসবাস। লামা পৌরসভার বিভিন্ন এলাকায়ও হাজার হাজার হিন্দু-মুসলমান বাস করেন। কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সমপ্রীতি অটুট আছে।’ বেশ কিছুদিন ধরে খাগড়াছড়ির পাহাড়ে আদিবাসী-বাঙালি উত্তেজনা চলছে। জমি দখল ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনাকে ঘিরে সেখানে লাঠিসোটা নিয়ে উভয় পক্ষ মুখোমুখি। কিন্তু লামা শহরে এর কোনো রেশ নেই। পাহাড়ি-বাঙালি মিলেমিশে কাজ করছেন যে যার মতো। সাবেক বিলছড়ি গ্রামের কৃষক থোইক্যং ছিং মার্মা বলেন, ‘পাহাড়ি-বাঙালি আমরা ভাই ভাই। মিলেমিশে কাজ করি। জমি নিয়ে বিরোধ থাকলে সালিস করে মীমাংসা করি। মারামারি, দাঙ্গা হাঙ্গামার দরকার কী?’ লামা বাজারে পাহাড়ি-বাঙালি পাশাপাশি বসে বিক্রি করছেন পান-সুপারি ও চুন। এঁদের একজন বাঙালি সিরাজুল ইসলাম বলেন, পান-সুপারির সঙ্গে চুন দরকার। আমি পান-সুপারি বিক্রি করি, আর এই ভাই (পাহাড়ি) বিক্রি করছেন চুন।’ এক গাল হাসি দিয়ে চুন বিক্রেতা বললেন, ‘পান খেতে হলে আমাদের দুজনকেই দরকার হবে।’২৮ দশমিক ৪৯ বর্গকিলোমিটারের লামা পৌরসভার লোকসংখ্যা ২৮ হাজার ৬৪৫। এর মধ্যে নারী ১৩ হাজার ৭৫৩। পুরুষ ১৪ হাজার ৮৯২। জনসংখ্যার ৬০ শতাংশ বাঙালি। শিক্ষার হার ৩৭ আর সাক্ষরতার হার ৫৭ শতাংশ। পাহাড়িদের মধ্যে মারমা ও চাকমার সংখ্যা বেশি। ছোট্ট এই শহরে আছে মাতামুহুরী ডিগ্রি কলেজ, তিনটি সরকারি বেসরকারি উচ্চবিদ্যালয়, দুটি বেসরকারি দাখিল মাদ্রাসা ও ১৩টি প্রাথমিক বিদ্যালয়। এসব প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী। ১৮টি মসজিদ ও ১৩টি বৌদ্ধমন্দিরে যে যার মতো ধর্মকর্ম করেন। ২০০১ সালের ১৭ মে প্রতিষ্ঠিত পৌরসভায় পাকা রাস্তা রয়েছে মাত্র এক হাজার ৪২৯ মিটার। আধাপাকা ১৮ হাজার ৩০০ মিটার। আর কাঁচা ১৪ হাজার ৩০০ মিটার।পৌরসভার মেয়র তাজুল ইসলাম জানান, ‘শান্তির শহর লামায় সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন। আগে একটি দুর্গম সড়কে ডাকাতি হতো, প্রশাসনের তত্পরতায় তা বন্ধ হয়েছে। আমরা শিক্ষার হার বাড়িয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি। যোগাযোগব্যবস্থা অনুন্নত থাকায় এখানকার মানুষ একটু পিছিয়ে রয়েছে।’ তিনি জানান, চলতি ২০০৯-১০ অর্থবছরে অবকাঠামো উন্নয়নে প্রায় চার কেটি টাকার বাজেট করা হয়েছে। এর মধ্যে রয়েছে পানি সরবরাহ প্রকল্প, বাসটার্মিনাল ও পৌর অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণের চেষ্টা চলছে। পৌরসভায় নির্বাচিত ১৩ জনপ্রতিনিধির মধ্যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি। বিকেল চারটায় বিলছড়ির পাহাড়চূড়ায় স্থাপিত ১৫০ বছরের পুরোনো বৌদ্ধমন্দিরে দেখা মেলে বেশ কয়েকজন বাঙালি পর্যটকের। তাঁরা মারমা তরুণীর পাশে বসে ভিক্ষুদের প্রণাম করছেন। তুলছেন ছবি। স্থানীয় অং থোয়াই মার্মা জানান, ‘এটাই আমাদের সংস্কৃতি। এটাই সম্প্রীতি। সম্প্রীতি অটুট থাকলে হানাহানি কেন হবে?