শাপলা ফুল
বিছানায় বসে পত্রিকাটা দেখছিলাম। হঠাৎ মেঝের দিকে তাকাতেই চোখটা আটকে গেল। মেঝের ওপর কয়েকটা শাপলা ফুল রাখা। যেগুলো রান্নার উদ্দেশে আনা হয়েছে। ফুলগুলোর দিকে তাকাতেই চোখে ভেসে উঠল ছোটবেলার স্মৃতি। খুব বেশি ডানপিটে ছিলাম তা নয়, তবে ঘুরে বেড়াতে খুব ভালো লাগত। সারা দিন বন্ধুদের সঙ্গে বিলে-ঝিলে বনে-জঙ্গলে ঘুরে বেড়াতাম। তবে সবচেয়ে মজার সময় ছিল বর্ষাকাল। নৌকায় করে বিলের পানিতে শাপলা আর শালুক তুলতাম। নৌকায় বসে শাপলা দিয়ে মালা বানাতাম। পানিতে ডুব দিয়ে শালুক তুলতে গিয়ে কতবার যে কাদাপানি খেয়েছি, তারপর দিন শেষে সেই শাপলার মালা গলায় ঝুলিয়ে শাপলা-শালুক হাতে নিয়ে যখন বাড়ি ফিরতাম, তখন মায়ের বকুনি ছিল বাধ্যতামূলক। আজ বিশ্ববিদ্যালয়ের হলে বসে বাজার থেকে আনা শাপলা ফুলগুলো দেখে কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম ছোটবেলায়। এই ফুলগুলোর মধ্যে ছোটবেলার বিল থেকে আনা শাপলা ফুলের প্রাণবন্ততা আর সজীবতা খোঁজার চেষ্টা করলাম। পেলাম না। মনে হলো, কেমন মলিন মুখে তাকিয়ে আছে আমার দিকে। নাম-ঠিকানা পাওয়া যায়নি।