ওদের দুজনের হাতভর্তি শাপলা ফুল। দুরন্ত বালিকা আবার কায়দা করে গলায় পেঁচিয়েছে শাপলার ডগা। রীতিমতো একটা শিল্পকর্মই বলা চলে তার গলায় ঝোলানো শাপলা ফুলের লকেটটাকে। আর সঙ্গী ডানপিটে বালকই বা কম যায় কিসে? শুধু ফ্যাশন নয়, জাতীয় ফুল শাপলা মানুষের খিদেও মেটায়। বালকের মুখের পানে তাকিয়ে দেখুন এরই নমুনা। সে অবলীলায় মুখে পুরে দিয়েছে শাপলার ভেতরের অংশ।হ্যাঁ, প্রথম দেখায় রাজশাহীর পবা উপজেলা থেকে তোলা এই ছবি (সূত্র: প্রথম আলো, ১৭ সেপ্টেম্বর, ২০১১) হয়তো গাঁও-গেরামের মানুষের দুরন্ত শৈশবের কথাই স্মরণ করিয়ে দেয়। ছবিটা এমনই, একটুখানি মন দিয়ে তাকালে যেন শাপলা-পুকুরের গন্ধ এসে নাকে লাগে।অন্যভাবে বলতে গেলে, এই ছবি আসলে এক অর্থে গ্রামীণ দারিদ্র্যেরও প্রতিচ্ছবি। একবার ভাবুন, এই ছেলেমেয়ে দুটি কি নিয়মিত স্কুলে যায়? শাপলা তুলে আনার এই ক্ষণিক আনন্দ বাদে আর কী আনন্দময় উপলক্ষই বা থাকতে পারে তাদের জীবনে?জাতীয় ফুল শাপলা যাদের কাছে কেবল পাঠ্যপুস্তকে ছাপানো ছবি, তাদের কাছে হয়তো বিস্ময়করই ঠেকতে পারে শাপলার ক্ষুধা নিবৃত্তির গুণ। কিন্তু এই ছেলেমেয়েরা বিলক্ষণ জানে, শাপলা দৃষ্টিনন্দন ফুলের পাশাপাশি একটা খাদ্যও বটে। জীবনের নিত্য টানাপোড়েনই তাদের দিয়েছে এই সামাজিক জ্ঞান!—ইকবাল হোসাইন চৌধুরী