শাপলাপুর ইউপি নির্বাচন আবার স্থগিত
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আবার স্থগিত করা হয়েছে। ১০ জুন এ-সংক্রান্ত চিঠি পান কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উচ্চ-আদালতের আদেশমতে নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৯ মে তৃতীয় দফায় শাপলাপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে ২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি ও ২১ জুন দুই দফা তফসিল ঘোষণা করলেও উচ্চ-আদালতের নিষেধাজ্ঞা কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ তফসিল ঘোষণার পর ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ ও সদস্য পদে ৩১ জন প্রার্থী রয়েছেন।
এদিকে আবার নির্বাচন স্থগিত হওয়ার খবরে প্রার্থী ও সাধারণ ভোটাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তাঁরা নির্বাচনের দাবিতে শালাপুর ইউনিয়নের জেমঘাট, মিঠাছড়ি ও ষাইটমারাসহ বিভিন্ন গ্রামে বিক্ষোভ সমাবেশ করেন। এ ছাড়া ক্ষুব্ধ ভোটাররা কয়েক দফা গোরকঘাটা-জনতাবাজার সড়ক অবরোধ করেন।
নির্বাচনের সমন্বয়কারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, উচ্চ আদালতের আদেশক্রমে শাপলাপুর ইউপি নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে।