এক যুগ ধরে প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধের সংস্কার না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে এবারও প্রায় ৭০০ একর জমিতে আমন চাষ হচ্ছে না। বেড়িবাঁধটি সংস্কারের জন্য স্থানীয় কৃষকেরা কয়েক বছর ধরে দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি। ১০ বছর ধরে আমন চাষ করতে না পেরে এলাকার পাঁচ শতাধিক কৃষকের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, শাপলাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ভেঙে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে প্রায় ১০ কিলোমিটার বাঁধের অবস্থা খুবই নাজুক। অরক্ষিত বেড়িবাঁধের বিভিন্ন স্থান দিয়ে বর্ষার সময় জোয়ারের পানি ঢুকে পড়ায় এলাকার প্রায় ৭০০ একর জমিতে আমন চাষ করতে পারছেন না স্থানীয় কৃষকেরা। স্থানীয় চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী প্রথম আলোকে জানান,শাপলাপুর এলাকার পূর্ব পাশের বেড়িবাঁধের বিভিন্ন ভাঙা অংশ দিয়ে পানি ঢোকার কারণে স্থানীয় কৃষকেরা বর্ষার সময় আমন চাষ করতে পারেন না। এতে অন্তত ৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘বেড়িবাঁধ মেরামত না করায় ১০ বছর ধরে আমার চাষযোগ্য প্রায় দুই একর জমিতে চাষ করতে পারছি না।’ এ ছাড়া শাপলাপুর বাজারের পূর্ব পাশের খানচার বিল, কুমারখালী ঘোনা, জেমঘাটসংলগ্ন এলাকা, দীঘি ঘোনা ও দিনেশপুর হান্যার ঘোনা এলাকার প্রায় ৭০০ একর জমিতেও আমন চাষ করা যায় না বলে তিনি জানান।নিজের তিন একর জমিতে চাষ করতে না পারার কথা উল্লেখ করে ২ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম কাদের জানান, ‘বেড়িবাঁধ সংস্কারের ব্যাপারে অনেকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।’ তিনি এলাকার কৃষকদের স্বার্থে বাঁধটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বাঁধ-সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে অনেকবার লেখালেখি হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ এ প্রসঙ্গে কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘বাঁধ সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ না আসায় সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।’