শামলাপুরে উজাড় হচ্ছে সেগুনবাগান
টেকনাফ উপজেলার হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর এলাকায় সরকারিভাবে সৃজিত সেগুনবাগানে গত চার মাসে প্রায় সাড়ে সাত হাজারের বেশি গাছ চুরি হয়েছে। বন বিভাগ এ ব্যাপারে নীরব। বনবিট কর্মকর্তার দাবি, চুরির সঙ্গে এলাকার ডাকাতেরা জড়িত। কিন্তু লোকজন জানিয়েছেন, বিট কর্মকর্তাদের যোগসাজশে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত।শামলাপুরের বনবিট কর্মকর্তা আবছার হোসেন জানান, গত ২১ এপ্রিল একদল ডাকাত সেগুনবাগান এলাকায় ঢুকেছিল, কিন্তু বনকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। গাছ চুরির ঘটনা প্রায়ই ঘটে। বাগানে ঢোকার পথে শামলাপুর-হোয়াইক্যং সড়কের পাশে (পাহাড়ের ভেতরে হাঁটার সরু পথ) দুটি টিলায় প্রায় ১০০ বর্গগজের মধ্যে সাড়ে ৩০০ ছোট-বড় সেগুনগাছ কেটে ফেলা হয়েছে।বন বিভাগ সূত্র জানায়, ১৯৯৪ সালে বন বিভাগ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর সংরক্ষিত এলাকার পাহাড়ি টিলায় ৭০ হেক্টর জমির ওপর প্রায় ২০ হাজার চারা লাগিয়ে বাগানটি তৈরি করে। বাগানের চারা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে নিসর্গ-সহায়তা প্রকল্পের আওতায় পাহারাদার নিয়োগ দেওয়া হয়, কিন্তু গাছ কাটা বন্ধ করা যাচ্ছে না। বাগান পাহারা দিতে গিয়ে ২০০৮ সালের ২৩ মার্চ গাছ চোরদের ছুরিকাঘাতে মারা যান নিসর্গ-সহায়তা প্রকল্পের শামলাপুরের সভাপতি পাহারাদার রফিকুল আলম।স্থানীয় বাসিন্দারা জানান, এসব স্থান থেকে গাছগুলো কেটে ঠেলাগাড়ি কিংবা জিপে পাচার করা হয়। গাছ কাটার সময় বাধা দিলে চোররা গুলি ছোড়ে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা ও বাগান পাহারাদার জানান, পাশের মনখালী, চাকমাপাড়া, শামলাপুর, উত্তর করাচিপাড়া, রইক্ষ্যম ও হোয়াইক্যংসহ কয়েকটি গ্রামের একাধিক প্রভাবশালী ব্যক্তি ও বনদস্যু গাছ চুরির সঙ্গে জড়িত রয়েছে।শামলাপুর নিসর্গ-সহায়তা প্রকল্পের সভাপতি খায়রুল বশর বলেন, ‘১৭ বছর ধরে এ বাগান পাহারা দিয়ে আসছি। গাছগুলো নিজের সন্তানের চেয়েও প্রিয় আমার কাছে। কেউ একটি গাছ কেটে নিয়ে গেলে খুবই খারাপ লাগে। বাগান পাহারা দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া দরকার।’বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফেজ সাইফুল্লাহ জানান, কয়েক মাস আগেও বাগানটি দেখলে মন ভরে যেত। কিছু প্রভাবশালী ব্যক্তি এ বাগানের গাছ কেটে সাগর ও সড়কপথে পাচার করে বন উজাড় করছেন। কিন্তু বন বিভাগ প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে কিছু কাঠুরিয়ার বিরুদ্ধে মামলা করে দায় এড়িয়ে যায়। হোয়াইক্যং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান জানান, একদল ডাকাত প্রতিদিন বাগানে ঢুকছে। বনকর্মীরা ধাওয়া করলে তারা পালিয়ে যায়। তিনি আরও জানান, গাছগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। গত কয়েক দিনে প্রায় দেড় শতাধিক গাছ উদ্ধার করা হয়েছে বলে তিনি স্বীকার করেন। তিনি জানান, গাছ পাচারের ঘটনায় বন বিভাগের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। জেলা দক্ষিণ সহকারী বনসংরক্ষক (এসিএফ) আবদুর রহমান জানান, লোকবল কম থাকার পাশাপাশি এলাকার লোকজন আন্তরিক না হলে এ বাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। বাগান থেকে গাছ কেটে সাগর ও সড়কপথে পাচারের সময় গাড়িসহ কয়েক লক্ষাধিক টাকার গাছ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ বন উজাড়ে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মিয়ানমারের রোহিঙ্গাদের ব্যবহার করছেন। বনসংশ্লিষ্ট আশপাশের এলাকায় রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করায় নির্বিচারে বনের গাছ কেটে উজাড় করা হচ্ছে। এ বন উজাড়ের ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি প্রথম আলোকে জানান।