শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে শামসুল আলম-শামসুন নাহার মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ৫ মার্চ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান সমন্বয়ক এস এম ইলিয়াস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরশাদ আজিজ কোরেশী। বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ইয়াকুত জাহান কোরেশী ও এম এম শাহ আলমগীর। অতিথি ছিলেন মরিয়ম নগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরী, মরিয়ম নগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক, মরিয়ম নগর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মইনুদ্দীন ও রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন তৈয়বী।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্বাধীনতাযুদ্ধে মহান শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া নুরুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল কাদের নঈমী।
সভায় বক্তারা ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার ক্যালিফোর্নিয়া–প্রবাসী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল হক মরিয়ম নগরের শিক্ষার প্রসারে নয় বছর ধরে যে অবদান রেখে চলেছেন তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে মরিয়ম নগরের দুটি উচ্চবিদ্যালয় ও দুটি মাদ্রাসার ৩০ গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শ্রেষ্ঠ শিক্ষককেও পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।