শামীম ওসমান যেভাবে বিএনপিকে নিঃশেষ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম ওসমান যেভাবে বিএনপিকে নিঃশেষ করবেন
শামীম ওসমান যেভাবে বিএনপিকে নিঃশেষ করবেন

নির্দেশ পেলেই বিএনপিকে নিঃশেষ করে দিতে চান শামীম ওসমান। যেহেতু তিনি একজন সম্মানিত জনপ্রতিনিধি, সেহেতু মানুষ ধারণা করতেই পারে যে রক্তপাত ছাড়া শান্তিপূর্ণ উপায়েই তিনি বিএনপিকে নিঃশেষ করে দেবেন। উপায়গুলো কেমন হতে পারে?
ব্লক পদ্ধতি
নিঃশেষ করে দেওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো ফেসবুকের ব্লক পদ্ধতি। শামীম ওসমান ওপর মহলের নির্দেশ পেলেই খালেদা জিয়াসহ বিএনপির সব নেতা–কর্মীকে ধরে ধরে সোজা ব্লক করে দেবেন। বিএনপি ব্লকের অন্ধকারে নিঃশেষ হয়ে যাবে।
তাবিজ পদ্ধতি
এই পদ্ধতি প্রাচীন হলেও এখনো বেশ জনপ্রিয়। শামীম ওসমান বিএনপির প্রধানসহ সব নেতা–কর্মীকে তাবিজ করতে পারেন। তাবিজ–কবজ করতে হলে যাদের নামে তাবিজ করা হবে, তাদের চুল দরকার হয়। কোনোভাবে সবার চুল জোগাড় করতে পারলেই তিনি সফল হবেন।

বেলুন পদ্ধতি
এই পদ্ধতিতে বিএনপির নেতা–কর্মীদের ধরে হাজার হাজার বেলুনের সঙ্গে বেঁধে দেবেন শামীম ওসমান। তারপর বেলুনগুলো বিএনপির নেতা–কর্মীদের উড়িয়ে নিয়ে চলে যাবে দূরে, বহুদূরে! বিএনপি নিঃশেষ হয়ে যাবে নিমিষেই!

হ্যামিলনের বাঁশিওয়ালা পদ্ধতি
এই পদ্ধতিতে শামীম ওসমান নিজে বাঁশিতে মোহনীয় সুর তুলে বিএনপির সব নেতাকে ঘর থেকে বের করে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে আসতে পারেন। অথবা তাঁদের নিয়ে তিনি অদৃশ্য হয়ে যেতে পারেন বড় পাহাড়ের ওপারে।