চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক শামীম হাসানের শিশুস্বাস্থ্য বিষয়ক বই শিশুমঙ্গল-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৫ এপ্রিল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান প্রণব কুমার চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু নেফরোলোজি বিভাগের সহযোগী অধ্যাপক বাসনা মুহুরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির, কবি অভীক ওসমান, লেখক আলম খোরশেদ, কবি খালেদ হামিদী, ভাগ্যধন বড়ুয়া প্রমুখ।
শ্রাবণী দাশগুপ্তার উপস্থাপনায় উপস্থিত বক্তারা বলেন, বাবা-মায়েরা শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা ও যত্নের বিষয়ে সচেতন হতে পারবেন বইটি পড়ে। আলোচনা শেষে শামীম হাসানের কবিতার বই ঋতু মঙ্গল থেকে আবৃত্তি করে শোনান আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। বিজ্ঞপ্তি।