মহেশখালী উপজেলার সৈকত থেকে অবাধে শামুক-ঝিনুক সংগ্রহ করছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে উপজেলায় মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশবিদদের আশঙ্কা, অতিরিক্ত শামুক-ঝিনুক সংগ্রহের কারণে মহেশখালীর চরাঞ্চলে ভূমিক্ষয় বাড়বে।পরিবেশ অধিদপ্তর উপজেলার সোনাদিয়া ও ঘটিভাঙ্গাসহ বিভিন্ন অঞ্চলকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করলেও শামুক-ঝিনুক সংগ্রহ বন্ধ হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, সোনাদিয়া, মগচর, বহদ্দারখাল, ঘটিভাঙ্গা, তাজিয়াকাটা, ধলঘাট ও মাতারবাড়ির পশ্চিমের চর এলাকাসহ অন্তত ১৫টি স্থান থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন এলাকার লোকজন। এসব শামুক-ঝিনুক দিয়ে চুন তৈরি করা হয় বলে জানা গেছে।উপজেলার পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিযোগ দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা না করায় বেড়ে গেছে শামুক-ঝিনুক আহরণ। সর্বশেষ ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা সেতুসংলগ্ন এলাকার একটি গুদাম থেকে ৩৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করে। এ ঘটনার সঙ্গে জড়িত মাহবুব আলম, মো. বাদশা, আবদুল কালাম ও শাহদাত হোসেনকে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নোটিশও দেওয়া হয়। তবে এর কিছু দিন পর থেকে আবারও ঘটিভাঙ্গাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শামুক-ঝিনুক সংগ্রহ শুরু হয়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে পরিবেশ অধিদপ্তর মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গা এলাকাকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। এসব এলাকায় প্যারাবনের গাছ নিধন, পাখি শিকার, শামুক-ঝিনুক সংগ্রহ, কারেন্ট জাল ব্যবহার, কচ্ছপ ও কচ্ছপের ডিম ধরা নিষিদ্ধ করা হয়। কিন্তু তদারকি না থাকায় পরিবেশ বিনাশী কার্যক্রম বন্ধ হয়নি। মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বাসিন্দ আনোয়ার হোসেন জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীরা চুন তৈরি করছেন। প্রতিবস্তা শামুক-ঝিনুক বিক্রি হয় ১৫০-১৭০ টাকায়।সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ ও সংরক্ষক আবদুল কাইয়ুুম জানান, শামুক-ঝিনুক সংগ্রহকারী নারী ও পুরুষের পেশা পরিবর্তনের জন্য ২০১১ সালে পরিবেশ অধিপ্তর দেড় শ জনকে সাত লাখ টাকার সুদ মুক্ত ঋণ দেয়। কিন্তু এর পরও উপকূলীয় এলাকায় শামুক-ঝিনুক সংগ্রহ বন্ধ হচ্ছে না। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, সৈকতের শামুক-ঝিনুক সংগ্রহ করলে বালু ও মাটি আলগা হয়ে যায়। ফলে ভূমিক্ষয় বাড়ে। মহেশখালীর উপকূলীয় এলাকায় বেশ কয়েকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করা হয়। লোকবল সংকটের কারণে নিয়মিত অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তবে শিগগিরই বড় ধরনের অভিযান হবে।