শামুক-ঝিনুকে সাজি
ফ্যাশন অনুষঙ্গের ধরন দ্রুত পাল্টায়। সোনা-রুপার প্রাধান্য কমে প্রচলিত হয়েছে মাটি, কাঠ, কড়ি, শামুক, ঝিনুক, পুঁতি, পাথর, বাঁশ কত কী। তরুণীদের অনেকেই পছন্দ করেন শামুক-ঝিনুকের তৈরি গয়না।এই প্রসঙ্গে রঙের ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘পোশাকই সব সময় নিয়ন্ত্রণ করে গয়নার ধরনটা কী হবে। পোশাকের ধরন বদলাচ্ছে, সঙ্গে সঙ্গে গয়নার ধরনও বদলাচ্ছে।’তবে যেকোনো গয়না পরার ক্ষেত্রে মাথায় রাখতে হবে নিজের পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে তা মানায় কি না। চট্টগ্রামের ফ্যাশন হাউস ডলস হাউসের ডিজাইনার আইভি হাসান বলেন, ‘সাদা বা চাপা সাদা রঙের শাড়ির সঙ্গে ঝিনুকের গয়না খুব ভালো মানায়। আগে শুধু ফ্যাশন শোতে মডেলদের পরানোর জন্যই এ ধরনের গয়না করতাম। ইদানীং ফ্যাশন-সচেতন ক্রেতারা নিজেদের জন্যও এসব পছন্দ করছেন। আমার এখানে কুর্তা, সালোয়ার-কামিজ ও শাড়ির সঙ্গে পরার জন্য বিভিন্ন গয়না তো আছেই। বৈচিত্র্য আনার জন্য গায়েহলুদের গয়নাতেও শামুক-ঝিনুক ব্যবহার করছি।’ কোথায় পাওয়া যাবেশামুক-ঝিনুকের গয়না পেতে চট্টগ্রামের পতেঙ্গা বা কক্সবাজার সমুদ্রসৈকতের জুড়ি নেই। সমুদ্রসৈকতের দোকানগুলোতে বিক্রি হয় নানা ধরনের গয়না। আর এ শামুক-ঝিনুকগুলো পাওয়া যায় কক্সবাজার শহরের সমুদ্রসৈকত, নাজিরারটেক, সমিতিপাড়া, কলাতলী, সেন্ট মার্টিন দ্বীপ, টেকনাফ, শাহপরীর দ্বীপ, বাহারছড়া, মনখালী, উখিয়া, ইনানী, সোনারপাড়া, মহেশখালী, সোনাদিয়া, মাতারবাড়ী, ধলঘাটা, কুতুবদিয়াসহ বিভিন্ন সমুদ্র-উপকূলীয় এলাকায়। জানা যায়, আমাদের দেশের শামুক-ঝিনুক ছাড়াও বিভিন্ন আকার ও রঙের শামুক-ঝিনুক বিদেশ যেমন মিয়ানমার ও মালয়েশিয়া থেকেও আমদানি করা হয়। এগুলো ডিজাইনাররা কিনে আনেন ঢাকার চকবাজার থেকে। তারপর নিজেরা নকশা করে গয়না বানান। পতেঙ্গা সমুদ্রসৈকতের ঝিনুক স্টোরে কথা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আনিকা তাবাস্সুমের সঙ্গে। তিনি তাঁর বান্ধবীর গায়েহলুদ উপলক্ষে কিছু গয়না তৈরি করতে দিয়েছিলেন। বিভিন্ন ধরনের ও রঙের শামুক-ঝিনুকের সঙ্গে মুক্তা দিয়ে এই গয়নাগুলো তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘একরঙা শাড়ির সঙ্গে পরব। একটু আলাদাভাবে সাজার জন্যই এগুলো তৈরি করিয়ে নিলাম।’ এসব দোকান থেকে নিজের মতো করে গয়না বানিয়েও নেওয়া যায়।দামকক্সবাজারে মুক্তাসহ শামুক-ঝিনুকের মালা (ছোট-বড়) ১০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, কানের দুল, হাতের বালা, আংটি, হাতের চুড়ি ৫০ থেকে ৫৫০ টাকা, শামুকের বালা ১০০ থেকে ২০০ টাকায় পাওয়া যাবে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে এসব মালা ৭০ থেকে ১০০ টাকা, চুড়ি ২০ থেকে ৬০, ব্রেসলেট ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাবে। সৈকতের এই সাধারণ শামুক-ঝনুক ফ্যাশন হাউসে এসে পায় নান্দনিকতার ছোঁয়া। রঙ, ডলস হাউসসহ বিভিন্ন ফ্যাশন হাউসে এসব গয়নার দাম পড়বে ২০০ থেকে এক হাজার টাকা।