শামুক-ঝিনুকের ভালোবাসা
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট। বিশাল বালুচরে সারিবদ্ধ তিন শতাধিক শামুক-ঝিনুক পণ্যের ভ্রাম্যমাণ দোকানপাট। একটি দোকানে গোলাপি রঙের বিশাল একটি ঝিনুকের গায়ে তরুণ আঁকিয়ে রফিক উল্লাহ (৩৪) লিখেছেন, কবিতার আদলে, ‘আকাশ বলে তুমি নীল/ পাহাড় বলে তুমি জল/ পাতা বলে তুমি সবুজ/ আমি বলি তুমি অবুঝ/ ফুল বলে তুমি সুন্দর/ আমি বলি তুমি আমার।’ গতকাল ঝিনুকের বুকে এসব লেখা পড়ে পর্যটকদের কেউ কেউ হাসছেন, কেউ পড়ে মজা করছেন। অনেকে আবার এসব ঝিনুকপণ্য কিনে নিচ্ছেন আজকের বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে উপহার দেবেন বলে। সিলেটের হরিপুর থেকে বিশ্ব ভালোবাসা দিবস উদ্যাপন করতে সৈকতে ছুটে এসেছেন মন্জুর-নওরীন দম্পতি। দোকান থেকে বিশাল একটি ঝিনুক কিনে তাতে লিখিয়ে নিলেন নওরীন, ‘নিঃশ্বাসে তুমি, বিশ্বাসেও তুমি। ভুলো না আমায়।’ মন্জুরও তাঁর প্রিয়তমা স্ত্রীকে দেওয়ার জন্য আরেকটা ঝিনুকে লিখিয়ে নেন, ‘নিঃশ্বাস যত দিন, পাশে তত দিন—যত দূরেই থাকি।’মন্জুর জানান, আড়াই মাস আগে তিনি লন্ডন থেকে দেশে এসে নওরীনকে বিয়ে করেন। ২৪ ফেব্রুয়ারি আবার লন্ডনে ফিরে যাবেন। তার আগে নববধূকে নিয়ে কক্সবাজারে ভ্রমণে আসা।মন্জুর-নওরীনের মতো শত শত নতুন দম্পতি, প্রেমিক-প্রেমিকা ভালোবাসাবাসির ছোঁয়া নিতে ছুটে আসছেন বিশ্বের দীর্ঘতম এই সমুদ্রসৈকতে। জোড়ায় জোড়ায় হাতে হাত ধরে কেউ বালুচরে হাঁটছেন, কেউ বা নির্জন ঝাউবাগানের ভেতরে বসে একান্ত আড্ডা কিংবা জল ছুঁয়ে বসানো ছাতার নিচে বসে সমুদ্রের গর্জন শুনে হারিয়ে যাচ্ছেন ভালোবাসার রাজ্যে। এদিকে উঠতি বয়সের প্রেমিক-প্রেমিকাদের অনেককেও দেখা গেছে শামুক-ঝিনুকের দোকানে। তারা শামুক-ঝিনুক কিনে তাতে লিখিয়ে নিচ্ছে, ‘বিশ্ব ভলোবাসা দিবসের উপহার’, ‘আমায় মনে রেখো’, ‘তুমি খুব সুন্দর’, ‘আই লাভ ইউ’ ইত্যাদি কথামালা।ঢাকা থেকে আসা কলেজছাত্র সোহাগ (২৫) বললেন, ‘ভ্যালেন্টাইনস ডে’ পালনের জন্য এখানে ছুটে এলাম। নরম বালুচরের বিশাল সাগর, বিপরীত দিকে উঁচু পাহাড় অন্য কোথাও নেই। মনের মানুষটি এ মুহূর্তে পাশে থাকলে মনটা আনন্দে ভরে যেত। তাকে উপহার দেওয়ার জন্য শামুকের বুকে কিছু লিখিয়ে নিচ্ছি।’ উপহারপণ্য হিসেবে যা পাবেন: লাবণী পয়েন্টের ঝিনুক পণ্য বিক্রেতা রমজান আলী (৩০) জানান, ১০১ প্রজাতির শামুক-ঝিনুক দিয়ে তৈরি নানা পণ্যে ভরপুর তিন শতাধিক দোকানপাট। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষভাবে এসব দোকানপাট সাজানো হয়েছে। লাবণী ঝিনুক হকার সমিতির সভাপতি নুরুল আলম জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দিন কয়েক আগে থেকে বেচাবিক্রি বেশ জমছে। দামে সস্তা হওয়ায় অনেকে উপহারসামগ্রী হিসেবে এসব পণ্য কিনছেন। রং-বেরঙের শামুক-ঝিনুক মালা, কানের দুল, হাতের বালা, আংটি, হাতের চুড়ি, ঝাড়বাতি, ঝিনুকবাতি, রাজমুকুট, শামুকের ব্যাগ, টাইগার কড়ি, জল শঙ্খ, ব্যাঙ কাটা, আংটি শামুক, বুকচিরা শামুক, পাখি শামুক, জালকাটা শামুক, দরজা-জানালার নেটসহ বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী এসব দোকানে পাওয়া যাচ্ছে। দাম পাঁচ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা।