কক্সবাজার সমুদ্রসৈকতে শামুকের মৃত্যু রোধ করা যাচ্ছে না। প্রতিদিন জোয়ারের পানিতে ভেসে আসছে লাখ লাখ মৃত শামুক। এসব শামুক পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি পর্যটকদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। যেখানে-সেখানে শামুক পড়ে থাকায় হাঁটাচলায়ও মারাত্মক সমস্যা হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের কারও মাথাব্যথা নেই। গত সোমবার সকালে শহরের ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্ট সৈকতে দেখা গেছে, কয়েক কিলোমিটার সৈকতজুড়ে লাখো মরা শামুক পড়ে রয়েছে। ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন এ শামুক কুড়িয়ে নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র আবদুস শুক্কুর (২৫) সৈকতের কোমর সমান পানিতে নেমে শামুক কুড়াচ্ছিলেন। তাঁর সঙ্গে আরও অন্তত ১০-১২ জন পর্যটক শামুক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। আবদুস শুক্কুর জানান, রাজশাহী থেকে শিক্ষাসফরে এসেছি। সৈকতে গোসল করতে নেমে দেখছি শামুকের মিছিল। এত শামুকের মৃত্যু পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গভীর সমুদ্রের তলদেশে থাকা এসব প্রাণীর মৃত্যু হচ্ছে কি না, অনুসন্ধান করা দরকার। স্থানীয় কুতুবদিয়াপাড়ার বাসিন্দা আবদুল মজিদ (৪৪) ও রহিমা বেগম (৩২) জানান, চড়া দামে এখন এই শামুক বেচাবিক্রি হচ্ছে। তাই শামুক সংগ্রহের জন্য শত শত মানুষ সৈকতে ভিড় করছেন। প্রতিকেজি শামুক বিক্রি হচ্ছে ১০-১৪ টাকায়। মাছের বদলে শামুক কক্সবাজার উপকূলের নাজিরাটেক, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, সোনাদিয়া, মহেশখালী সাগরে জাল ফেলে মাছ ধরেন কয়েক হাজার জেলে। কয়েক দিন ধরে এসব জালে ব্যাপক হারে মাছের বদলে আটকা পড়ছে মরা শামুক। সোনাদিয়ার জেলে হাশেম উল্লাহ (৪৫) জানান, গত শনিবার বিকেলে তাঁর একটি বিহিঙ্গি জালে কয়েক মণ মরা শামুক আটকা পড়ে। কয়েক ঘণ্টা রাখার পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ওই শামুক আবার সাগরে ফেলে দেন। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, লোকবলসংকটের কারণে এসব তদারকি করা সম্ভব হচ্ছে না। মৃত্যুর কারণ অনুসন্ধানে কেউ নেই: পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, কয়েক দিন ধরে লাখ লাখ মরা শামুক ভেসে আসলেও এর কারণ অনুসন্ধানে কেউ এগিয়ে আসছেন না। এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ‘গভীর সাগরে শামুকের মৃত্যুর কারণ অনুসন্ধানের সুবিধা আমাদের নেই। তারপরও আমরা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখছি।’ তিনি বলেন, ‘সমুদ্রে শামুকের মৃত্যুর কারণ অনুসন্ধানের দায়িত্ব মৎস্য বিভাগের। তবে মরা শামুকের দুর্গন্ধে পরিবেশ যেন নষ্ট না হয় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন চুন তৈরির জন্য লোকজন মরা শামুক নিয়ে যাচ্ছে বলে শুনেছি।’ কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মইন উদ্দিন আহমদ জানান, সৈকতে মরা শামুক ভেসে আসার খবর তিনি জানেন না। যদিও তাঁর কার্যালয়টি সৈকতের একেবারে তীরঘেঁষে। কক্সবাজারের সামুদ্রিক মৎস্য গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, শামুকের মৃত্যুরহস্য জানতে প্রয়োজন বড় ধরনের গবেষণা। তিনি জানান, ২০০২ সালেও এ সৈকতে আরেকবার মরা শামুক ভেসে আসে। আবার কয়েক দিন পর বন্ধ হয়ে গিয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্য বিভাগের এক বিশেষজ্ঞ কর্মকর্তা জানান, ১৯৭৩ সালে রাশিয়ার একটি বিশেষজ্ঞ দল সমুদ্রে জরিপ চালিয়েছিল। এরপর আর কিছুই হয়নি। গভীর সাগরে গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা চালানোর মতো জলযান, আধুনিক যন্ত্রপাতি মৎস্য বিভাগের নেই। তার ওপর লোকবলসংকট তো আছেই। তবে ২০১২ সালে দ্বিতীয় দফার সমুদ্র জরিপ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এ জন্য একটি দ্রুত জলযান তৈরির কাজও চলছে।