শারজাহে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে জনকল্যাণমূলক কার্যক্রমে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই শারজাহর একটি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে আরব আমিরাতপ্রবাসী বিত্তবান কয়েকজন বাংলাদেশি কিছু অসহায় প্রবাসীকে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এই ভূমিকা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। প্রবাসী যাঁদের সাধ্য রয়েছে তাঁরা একইভাবে দেশের নানা দুর্যোগেও ভূমিকা রাখতে পারেন। একটু সচেতন হলেই তাঁরা দেশে জনকল্যাণমূলক নানা কাজ করতে পারেন।

ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দুবাইয়ে বাংলাদেশের বাণিজ্য কাউন্সিলর ড. মাহমুদুল হক, এ কে এম মিজানুর রহমান, জহিরুল ইসলাম, হাজি শরাফত আলী, অধ্যাপক আবদুস সবুর, মাহাবুবুল আলম, প্রকৌশলী জাহাঙ্গীর, এস এম নিজামসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতা।
অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখায় আমিরাতপ্রবাসী জহিরুল ইসলামকে কনস্যুলেটের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত