শারদ নৃত্যসন্ধ্যায় প্রমা অবন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি উৎপত্তি নৃত্যাশ্রমের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজন করেছিল শারদ নৃত্যসন্ধ্যার। সেখানে বিশেষ নিমন্ত্রণে গিয়েছিলেন চট্টগ্রামের ওড়িশি নৃত্যশিল্পী প্রমা অবন্তী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ খায়রুজ্জামান। মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কথাশিল্পী হাসান আজিজুল হক।প্রমা অবন্তী প্রথমে পরিবেশন করেন বাগেশ্রী রাগ, ঝম্পুট মটো তালে পরিবেশন করেন ‘অভিসারিকা পল্লবী’। রাধা কৃষ্ণের অপেক্ষায় আছে, কিন্তু কৃষ্ণের দেখা নেই—বিরহের চিরায়ত এই প্রতিচ্ছবিটিই ফুটে উঠেছে অভিসারিকা পল্লবীতে। সংগীত পরিচালনায় রঘুনাথ পাণিগ্রাহী, পাখোয়াজে পৌষালী মুখার্জি। এরপর পরিবেশন করেন মিশ্র রাগ একতালি তালে ‘মোক্ষ’। অনুষ্ঠানের এই পর্বে দর্শক ও শিল্পীর ব্যবধান যেন ঘুচে গিয়ে একে অপরের সঙ্গে লীন হয়ে যায়। তখনই জমে ওঠে ‘মোক্ষ’। রামায়ণ আশ্রিত কাহিনিনির্ভর এই নৃত্যের উপজীব্য ছিল ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন।’ কথাশিল্পী হাসান আজিজুল হক বলেন, ‘ওড়িশি নৃত্য ও অভিনয় দেখে আমি মুগ্ধ। একজন নৃত্যশিল্পীর কতটুকু অনুশীলন ও প্রজ্ঞা থাকলে এমন দুরূহ নৃত্য আয়ত্ত করা যায়, তা প্রমা অবন্তীর নাচ দেখে বোঝা যায়।’রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শাস্ত্রীয় নাচের যে এত রস, তা আবার উপলব্ধি করলাম প্রমার নাচ দেখে। পরিবেশনা ভালো লেগেছে।’ শেষে প্রমা অবন্তীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগীয় কমিশনার (রাজশাহী) আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।