
সালটা ২০০৪। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস প্যাসিফিক ওপেন টেনিস টুর্নামেন্টে শিরোপা জিতলেন ১৭ বছর বয়সী এক রুশ তরুণী। বিশ্বের বড় বড় প্রভাবশালী দৈনিকে উইম্বলডন চ্যাম্পিয়ন ট্রফি হাতে হাস্যোজ্জ্বল সেই তরুণীর ছবি ছাপা হলো।
প্রথম আলোয় মারিয়া শারাপোভা নামের সেই টেনিস খেলোয়াড়ের ছাপা হওয়া ছবিতে চোখ আটকে যায় বাংলাদেশের কলেজপড়ুয়া এক টেনিস-পাগল ছেলের। টেলিভিশনের পর্দায় খেলা দেখে আগে থেকেই সেই টেনিস তারকার ভক্ত ছিলেন কলেজছাত্র উজ্জ্বল হোসেন। মারিয়া শারাপোভার হাস্যোজ্জ্বল ছবি পত্রিকার পাতা থেকে কেটে বুকপকেটে রাখেন। সেই থেকে শুরু। দীর্ঘ প্রায় ১৩ বছর প্রথম আলোর পাতা থেকে প্রিয় তারকা মারিয়া শারাপোভার ছবি কেটে সংগ্রহ করছেন উজ্জ্বল।
উজ্জ্বল হোসেন পেশায় এখন আইনজীবী। থাকেন বগুড়ায়। কিন্তু ছাত্রজীবনে প্রিয় তারকার ছবি সংগ্রহে যে শখের দুনিয়ায় জড়িয়ে পড়েন, এখনো তা ছাড়তে পারেননি। মক্কেল, আদালত, আইনি লড়াই—এত সব ব্যস্ততার মধ্যেও প্রথম আলোয় মারিয়া শারাপোভার ছবি ছাপা হলেই কাঁচি হাতে ক্যঁাচ ক্যঁাচ করে কেটে রাখেন তিনি। লিখে রাখেন দিন-তারিখ।
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর গ্রামে বাড়ি উজ্জ্বল হোসেনের। তিনি বললেন, ‘শৈশব থেকেই ফুটবল, ক্রিকেট আর ব্যাডমিন্টন খেলতাম। সরকারি আজিজুল হক কলেজে সমাজবিজ্ঞানে অনার্স পড়তে এসে টেলিভিশনের পর্দায় টেনিস খেলা দেখতাম। রজার ফেদেরার, নাদাল, সানিয়া মির্জাসহ টেনিস তারকাদের খেলা ভালো লাগে। তবে টেনিসে দর্শক মাতানো জাদুকরী পারদর্শিতা, হাস্যোজ্জ্বল চেহারায় সব সময় খেলোয়াড়সুলভ আচরণসহ নানা কারণে মারিয়া শারাপোভার অতিমাত্রায় ভক্ত হয়ে পড়ি।’
কলেজে পড়ার সময় মেসে থাকতেন উজ্জ্বল হোসেন। ‘মেসে খবরের কাগজ বলতেই প্রথম আলো। সকালে কাগজ হাতে পেলেই খেলার পাতায় প্রিয় তারকার ছবি খুঁজতাম। যেদিন ছবি ছাপা হতো খেলার পাতা গায়েব করে দিতাম। কাঁচি দিয়ে শারাপোভার ছবি কেটে খাতার ভেতরে জড়ো করতাম। ২০০৪ সালে প্রিয় তারকার ছবি সংগ্রহ করার শখ মাথায় আসে। অনেকেই আমার এ শখকে পাগলামি বলেছেন। তবে তাতে থেমে যাইনি। এসব ছবি নিয়ে একটি প্রদর্শনী করার ইচ্ছে আছে।’ বললেন উজ্জ্বল।
উজ্জ্বল হোসেন এখন সরকারি আজিজুল হক কলেজের পেছনে বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় একটি বাসায় থাকেন। সেখানে গিয়ে দেখা গেছে, টেবিলজুড়ে মারিয়া শারাপোভার ছবি। ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম আলোয় ছাপা হওয়া শারাপোভার সব ছবিই সংগ্রহে রয়েছে তাঁর।
যদি কখনো দেখা হয়ে যায় কী বলবেন শারাপোভাকে? হেসে ওঠেন উজ্জ্বল। বলেন, হঠাৎ দেখা হলে বলব, ‘আমি আপনার অন্ধ ভক্ত, আমার দীর্ঘদিনের স্বপ্ন—বাস্তবে আপনার খেলা দেখব। বাংলাদেশে একটা টুর্নামেন্টের আয়োজন করেন না!’