শারীরিক নৈপুণ্যের শিল্পিত প্রদর্শনী
মিলনায়তন ভর্তি দর্শক। অনেকেই বসতে না পেরে দাঁড়িয়ে আছেন। পিনপতন নিস্তব্ধতায় মন্ত্রমুগ্ধের মতো সবাই তাকিয়ে আছেন মঞ্চে। চমত্কার ব্যক্তিগত নৈপুণ্যে দর্শকদের বিমোহিত করে রেখেছেন এক শিল্পী, প্রায় ২০০০ বছরের পুরোনো খেলা ডায়াব্লোর প্রদর্শনীতে। ১৩ আগস্ট বিকেল তিনটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চীনা শারীরিক নৈপুণ্য (অ্যাক্রোবেট) প্রদর্শনী।এ উপলক্ষে জেলা প্রশাসক ফয়েজ আহমদের সভাপতিত্বে আলোচনা পর্বে উপস্থিত চিলেন ঢাকার চীনা দূতাবাসের কালচারাল অ্যাটাশে কুয়েন কাইফু এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত পরিচালক আলী আজগর। কুয়েন কাইফু বলেন, ‘বাংলাদেশ ও চীন দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক বিষয়-আশয় আদান-প্রদানের মাধ্যমে উভয় দেশের ঐতিহ্য সমৃদ্ধ করছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই।’ তিনি বাংলাদেশের দর্শকদের চীনের প্রাচীন সংস্কৃতি উপভোগের আমন্ত্রণ জানান। ফয়েজ আহমদ বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলাদেশ ও চীনের সম্পর্ক সংস্কৃতি বিনিময়ের পাশাপাশি অর্থনৈতিকভাবেও দিন দিন বাড়ছে। আশা করি এ রকম আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করবে।’ এরপর প্রদর্শনীতে অংশ নেন ২০ শিল্পী। বিভিন্ন বয়সী শিল্পীদের ঝলমলে পোশাক আর বাদ্যের সঙ্গে সঙ্গে অসাধারণ পারঙ্গমতায় ফুটে ওঠে চৈনিক ঐতিহ্য আর গৌরব। শুরুতে ডায়াক্লোর প্রদর্শনীর পর মঞ্চে প্রদর্শিত হয় দড়ির নৈপুণ্য। দড়ি ব্যবহার করে অনেক রকম খেলা দেখালেন শিল্পীরা। এরপর একে একে প্রদর্শিত হয় ঘূর্ণিপত্র, ছাতা ও সাইকেলে ভারসাম্য, টুপির খেলা ইত্যাদি। কখনো হালকা তালে আবার কখনো দ্রুত তালের বাজনার সঙ্গে দর্শকের চোখ ছানাবড়া। কেমন লাগল জানতে চাইলে দর্শক প্রণব চৌধুরী বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি বিনিময় বেশ ভালো উদ্যোগ। দর্শকেরা আজ যা উপভোগ করলেন, এটি জীবনের অন্যতম আনন্দ-অভিজ্ঞতা হয়ে থাকবে।’ অনুষ্ঠান শেষে বাইরে ছোটাছুটি করছিল ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্রী প্রদীপ্তা সেনগুপ্তা। কেমন দেখলে জিজ্ঞেস করতেই সপ্রতিভ উত্তর, ‘খুব ভালো লেগেছে। আমাদের বাসার যারা আসেনি তারা ভীষণ মিস করেছে।’