শারীরিক প্রতিবন্ধী চার বোন পড়েন কলেজ-বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

“আসমার বয়স তখন চার কি পাঁচ বছর। কাজ শেষে বাসায় ফিরে দেখি, মেয়ে আমার গোমড়ামুখে দরজায় বসে আছে। কী ব্যাপার—জানতে চাইলে কোলে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগল। বলল, ‘মা, আমার চাচা সবাইকে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেন কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করলেন না, আমি যাব কি না? আমি হাঁটতে পারি না বলে কি আমি পড়ালেখাও করতে পারব না।’ আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক মেয়েকে পড়াব। এরপর ওকে কাতালগঞ্জের একটি বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলাম। এখন সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে।” কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন রাশেদা বেগম। আসমারা পাঁচ বোন। সবার ছোট আসমা আকতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের ছাত্রী। সোমা আক্তার চট্টগ্রাম কলেজে স্নাতক প্রথম বর্ষে ও রুমা আক্তার বর্তমানে মহসিন কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষে পড়েন। বড় বোন ইয়াসমিন আক্তার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাস করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। চারজনই শারীরিক নানা সমস্যা নিয়ে জন্মেছেন, চিকিত্সাশাস্ত্রের ভাষায় তাঁরা শারীরিক প্রতিবন্ধী। কিন্তু শারীরিক অক্ষমতা তাঁদের দমাতে পারেনি। একজন ছাড়া সবাই নিজেদের চেষ্টায় পড়াশোনা করছেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসায় অনেক কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট সহ্য করে তাঁরা চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। কারণ তাঁদের স্বপ্ন শারীরিক অক্ষমতা জয় করে জীবনযুদ্ধে জয়ী হওয়া।আসমাদের বাবা আমির আহমেদেরও শারীরিক সমস্যা ছিল। এসএসসি পাস আমির ছিলেন গুলজার প্রেক্ষাগৃহের দারোয়ান। মা রাশেদা বেগম একটি বেসরকারি ক্লিনিকের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তাঁদের বাসা চকবাজারে। অবশ্য পাঁচ বোনের মধ্যে সুস্থ আছেন রেশমা আক্তার। আর এই বোনটাকে নিয়েই অন্যদের মনে দুঃখ, কারণ রেশমা পড়াশোনা করতে পারেননি। বিয়ে হলেও টেকেনি সংসার। আসমা বলেন, ‘আমি কারও সাহায্য ছাড়া চলতে পারি না। ছোটবেলা থেকেই এমন অবস্থায় আছি। মোটামুটি অভ্যাস হয়ে গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের ঢালু রাস্তাগুলোতে চলাচলে অসুবিধা হয়, তাই আমার সঙ্গে সবসময় মেঝবোন থাকেন। তিনি আমাকে সাহায্য করেন। আপু আমার সঙ্গে ছাত্রীনিবাসেও থাকতে পারেন। পঙ্গু বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে এই সুযোগ দিয়েছে। তবে সব জায়গায় এটা পাই না।’ সোমা আক্তারের অবস্থা আসমার মতো এতটা খারাপ নয়। তিনি মোটামুটি হাঁটতে পারেন। তিনি বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় গাড়িচালকেরা আমাদের নিয়ে বাঁকা মন্তব্য করেন কারণ আমাদের রাস্তা পেরোতে সময় লাগে। বলেন তো দোষটা কী আমাদের?’ রুমা আক্তার বর্তমানে কম্পিউটারবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ঢাকায় আছেন। রুমা হাঁটু ভেঙে বসতে পারেন না, তবে হাঁটতে পারেন। তার এক পা জন্মগতভাবেই বাঁকা ছিল, অপর পা অস্ত্রোপচারের কারণে অকেজো হয়ে যায়। এ কারণে আজ তাঁর এই দশা। অল্প আয়ের চাকরি করেও মা-বাবা মেয়েদের চিকিত্সার কোনো ত্রুটি করেননি। তাঁরা জানান, সোমা ও আসমার জন্মের পরপরই পায়ে অস্ত্রোপচার করা হয়। কিন্তু তাতে কোনো উপকার হয়নি উল্টো ক্ষতিই হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির শিকার আসমা। আমির আহমেদ বলেন, ‘আসমার জন্মের ৪০ দিন পর ওর পায়ের অস্ত্রোপচার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিত্সকেরা আমার এই মেয়েকে নিয়ে চিকিত্সার নামে গবেষণা করেছেন। অস্ত্রোপচার করে ওর পায়ের কিছু মাংসপেশি সরিয়ে নিয়েছেন, যে কারণে পা ছোট হয়ে গেছে।’ রাশেদা বেগম বলেন, ‘চিকিত্সার টাকা জোগাড় করতে গিয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করেছি, ধার করেছি, তারপরও পারিনি মেয়েদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে।’ রুমা আক্তার জানান, ‘কষ্ট করে রেশমা আপুর বিয়ে দিই, বিয়েতে সাধ্যমতো সব করেছি। অথচ বিয়েটা টিকল না। সংসারটা এখন পুরো আমার ওপর। বাবা অবসর নিয়েছেন, শুনছি মাকেও বয়সের কারণে চাকরিতে রাখা হবে না। কীভাবে যে পড়ালেখা চালিয়ে যাব, বুঝতে পারছি না। তাই এখন চাকরির চেষ্টা করছি।’