শার্টে ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরমটা এসেই গেল। ভারী ভারী পোশাক আবার ফিরে যাচ্ছে আলমারিতে। এখন চাই হালকা পোশাক, যা পরলে আরাম লাগে। এই সময়ে প্রতিদিনের জন্য শার্টই সেরা। সব সময় পরার জন্য দেশি সুতি কাপড়ের ক্যাজুয়াল শার্টই সেরা। সুতির মধ্যে ঐতিহ্যবাহী খাদি কাপড়ের শার্টের চল এখন আবার দেখা যাচ্ছে। ‘গত কয়েক বছরে খাদি কাপড়ের পাঞ্জাবি, ফতুয়া ও শালের ব্যবহার বেশ বেড়েছে।এখনকার সব বয়সী পুরুষের কাছে জায়গা করে নিয়েছে খাদি কাপড়ের শার্ট’—বললেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক। সুতি তাঁতের কাপড়, অ্যান্ডি সুতি, নিট কাপড়, পাতলা আদ্দি, ভয়েল কাপড়সহ অন্য পোশাকের সঙ্গে সঙ্গে খাদি কাপড়ের শার্ট চলে এসেছে নিত্যকার জীবনযাত্রায় আর তারুণ্যের ফ্যাশনে। এ ক্ষেত্রে বদলটা হয়েছে শুধু শার্টের রং-ঢং, নকশা ও আকারে। দেশি এই শার্টগুলোর ক্ষেত্রে গত কয়েক বছরে কিছু পরীক্ষা-নিরীক্ষাও দেখা গেছে। সৃজনশীলতায় শার্টগুলো হয়ে উঠেছে দৃষ্টিনন্দন। অভিনয়শিল্পী ও মডেল অপূর্ব বলেন, ‘গরমের দিনে এ শার্টগুলো বেশ আরামদায়ক। সহজে বাতাস চলাচল করে বলে শুটিংয়ের সময় এসব শার্ট পরতে ভালোই লাগে। এ ছাড়া অন্যান্য দিনেও খাদির শার্ট পরতে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি।’ বাজার ঘুরে চোখে পড়ে খাদি শার্টের জনপ্রিয়তা। সবাই পরতে পারে, এমন রংই বেছে নেওয়া হচ্ছে শার্টের জন্য। হালকা রঙের মিশ্রণে শার্টগুলোর নকশা করা হচ্ছে নানাভাবে। ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, কয়েক বছর আগেও ছেলেদের প্রথম পছন্দের পোশাক ছিল ফতুয়া। কিন্তু কিছুদিন ধরে শার্টের ব্যবহারটা বেড়েছে কয়েক গুণ। আর ঐতিহ্য ও আরাম বিবেচনায় এখানে স্থান করে নিয়েছে খাদি কাপড়ের শার্ট। বিশেষ করে, গরমের দিনে পরতে আরাম লাগে এসব পোশাক। সময়ের বিবেচনায় পোশাক তৈরিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিপ্লব সাহা আরও জানান, আগে যেমন কলার তৈরি হতো কিছুটা চওড়া ধরনের, কিন্তু এখন আর সেটি নেই। এখন কলার বানানো হচ্ছে কিছুটা সরু বা কম প্রশস্ত করে। অনেক সময় কলার ছাড়া গোল গলা করেও এসব শার্ট তৈরি হচ্ছে। আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যান্ড কলার দিয়েও তৈরি হচ্ছে এ শার্টগুলো। হাফ হাতা বা ফুল হাতা—দুভাবেই তৈরি হচ্ছে খাদি কাপড়ের শার্ট। চওড়া কাফের পরিবর্তে কিছুটা সরু কাফই প্রাধান্য পাচ্ছে। কাটিংয়ের ক্ষেত্রে চীনা কাটের চলনই এখন সবচেয়ে বেশি চোখে পড়ে। আবার শার্টের নিচে দুই পাশে ফতুয়ার আদলে ছোট্ট কাটা থাকাতেও এসব পোশাক বেশ সাবলীল দেখা যাচ্ছে। এখন এসব শার্ট বেশির ভাগ সময় শার্ট ও ফতুয়ার মিশেলে তৈরি হচ্ছে। বয়সভেদে শার্টে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, বাটিকের কাজ যেমন দেখা যাচ্ছে শার্টগুলোতে, তেমনি চোখে পড়ছে একেবারে সাদামাটা শার্টও। এ ছাড়া চেকের ও খাদি কাপড়ের এ পোশাক পাওয়া যাচ্ছে বাজারে। মূলত এসব পোশাকে দেশি আমেজ দিতেই ডিজাইনাররা দেশি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়েছেন শার্টের জমিনে। কারুশিল্পের লোকজ মোটিফ ব্যবহার করা হয়েছে অনেক শার্টে। আবার কখনো কবিতার পঙিক্তমালা, কখনো বর্ণমালার উপস্থিতি, কখনো বা বিশেষ কোনো ব্যক্তির ছবি দিয়ে সাজানো হচ্ছে এসব শার্টের জমিন। শার্টগুলোর বোতামেও থাকছে বেশ বৈচিত্র্য। এ ক্ষেত্রে ব্যবহূত হচ্ছে নারকেলের খোলে বানানো বোতামসহ ঝিনুক বা কাঠের নান্দনিক বোতাম। কোন বয়সে কেমন শার্ট মানানসই—এর জবাব দিলেন বিপ্লব সাহা। সাধারণত তরুণেরা যেকোনো ধরনের ফিটিং শার্ট পরতে পছন্দ করেন। এ ক্ষেত্রে কলারে, হাতে, পকেটে কিংবা বুকের এক পাশে নকশা করা থাকলে তরুণদের মানিয়ে যাবে। মাঝবয়সীরা হালকা রঙের বাটিক বা স্ক্রিন প্রিন্টের শার্ট পরতে পারেন। এ ছাড়া বয়স্করা ফরমাল লুকের শার্ট পরতে পারেন। দেশি ফ্যাশন হাউসগুলোতে তো এসব শার্ট পাবেনই; এ ছাড়া গার্মেন্টসে তৈরি আরামদায়ক সুতি কাপড়ের শার্টও পাবেন তুলনামূলক কম দামে। ঢাকা কলেজের উল্টো দিকে পাবেন এসব শার্টের দোকান।