শাল-গজারির বনে দিন বদলের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁবুতে ঘুমিয়ে আছি। ঘুমের ঘোরে শুনতে পাই ধুপধাপ পায়ের শব্দ। ঘুম ভেঙে যায়। মোবাইল ফোনে দেখি ভোর পাঁচটা বেজে ৪০ মিনিট। তড়িঘড়ি তৈরি হয়ে তাঁবু থেকে বের হই। চারদিকে ঘন কুয়াশা। স্পষ্টভাবে কোনো কিছু দেখা যায় না। ঘন কুয়াশার পরতে ঢাকা পড়ে আছে চারপাশ। কিন্তু এত কিছুর মধ্যেও থেমে নেই নীল কাপড়ের স্কাউটদের পদচারণ। তাদের হাকডাকে যেন সরব হয়ে ওঠে নির্জন-নীরব শাল-গজারির বন।প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে বর্ণিল সাজে সেজেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বাংলাদেশ স্কাউটের প্রশিক্ষণকেন্দ্রটি। চার বছর পরপর অনুষ্ঠিত হয় জাতীয় স্কাউট জাম্বুরি। এরই ধারাবাহিকতায় এটা অষ্টম। এবার অংশ নিয়েছে প্রায় ১২ হাজার স্কাউট। আছেন ৩৯২ জন কর্মকর্তা, ৩৪০ জন স্বেচ্ছাসেবক রোভার, ভারত ও নেপালিসহ ১৫০ জন বিদেশি স্কাউট, বিভিন্ন সংস্থার ৪৫ জন প্রতিনিধি। লক্ষণাবন্দ, রূপাতলী, লালমাই, নওদাপাড়া ও পুলেরহাট—এ পাঁচটি গ্রামে ১৫টি সাব-ক্যাম্প। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী। কিন্তু পরিবেশের কারণে অনেক নদী আর নদী নেই। সেই নদীগুলোর নামও আমরা ভুলতে বসেছি। নদীর কথা মনে করিয়ে দিতেই ক্যাম্পের নামগুলো রাখা হয়েছে নদীর নামে। ঘুরতেই চোখে পড়ে টাঙ্গান, ধলাই, ইছামতী, দড়াটানা, রূপাতলী, সোমেশ্বরী, সাংগু, পুনর্ভবা, বাঙালি, হালদা, ধানসিঁড়ি, বংশাই, চিত্রা, ধলেশ্বর, শিপসা ও কালনি সাব-ক্যাম্প।রোমাঞ্চকর চ্যালেঞ্জ...হাতে লাঠি-দড়ি, আর কাঁধে ইউনিট পতাকা নিয়ে একটা বড় দল হেঁটে আসছে। তখন দ্বিপ্রহর। সূর্যের আলো নেই। গান গাইছে কজন স্কাউট। তাদের জিজ্ঞাসা করলে জানা যায়, হাইকিংয়ে গিয়েছিল। স্কাউট চ্যালেঞ্জ হিসেবে হাইকিং একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রকৃতির মধ্যে অজানাকে জানা হয়। সঙ্গে চ্যালেঞ্জিং কাজে দক্ষতা বাড়ে। তাঁবুর সারি পেরিয়ে একটু দূরেই একটা বাজার। নাম জাম্বুরি বাজার। কিছুক্ষণ পরে আসে আরও একটি দল। সঙ্গী মাসুদ রানা ছবি তোলেন। আর আমি টুকটাক কথা বলি ওদের সঙ্গে। রুহিয়া উচ্চবিদ্যালয়ের স্কাউট মুন্না বলছিল, ‘আমরা পাশের গ্রামে যাচ্ছি। সেখানে বীজ বিতরণ, স্বাস্থ্যসচেতন আর সন্তানসম্ভবা মায়েদের তথ্য প্রদান করব। কজনের হাতে কোদাল। ওরা সবজির বাগান, রাস্তা মেরামত, খাবার স্যালাইন তৈরির পদ্ধতি শেখানো ও খাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে যাচ্ছি।’প্রতিদিন ভোরে অনুষ্ঠিত হয় স্কাউট বিকাশ কার্যক্রম। স্কাউটরা এতে অংশ নেয়। এর মধ্যে রয়েছে ‘জাম্বুরি গ্রাম’ এলাকা পরিদর্শন এবং পরিচিতি হওয়া, কুচকাওয়াজ, পেছনে হাঁটা ইত্যাদি নানা রকম শরীর চর্চা আর খেলাধুলা।সন্ধ্যা তখনো নামেনি। শীত জেঁকে বসেছে। ক্যাম্প ফায়ারের মঞ্চের এক কোনায় চলছে ‘আনন্দে শিখি’ কার্যক্রম। সেখানে কিছুক্ষণ দাঁড়াই। নানা বয়সী স্কাউটরা মিলে বেশ মাতিয়ে রেখেছে জায়গাটা। কেউ কেউ এর মধ্যে শেষ করেছে—লো পুলিং, নটিং গেম, কিমস গেম, জিরাফ হাঁটাসহ অনেক মজাদার খেলা। এ রকমের ১৪টি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে আছে—তাঁবু সাজাই, ধীমান, বিশ্বায়ন, বন্ধুরপথ, সমাজচেতনা, অভিযাত্রা, আনন্দে শিখি, বন্ধু ও পড়শি, স্বপ্ন, কারিগর, কুশলী, আমার লক্ষ্য, তাঁবু জলসা ইত্যাদি।বিচিত্র সব তাঁবুতাঁবুর সামনে রংবেরঙের কাগজ ও বাঁশ দিয়ে তৈরি সদর দরজা। দূরে চোখে পড়ে দোতলা একটা দৃষ্টিনন্দন তাঁবু। কাছে গিয়ে শুনি সাউথ বেঙ্গল ওপেন স্কাউট দলের তাঁবু এটা। ওরা এবারের জাম্বুরিতে এসেছে ঝালকাঠি জেলা থেকে। ওরা জানাল, তাদের এলাকায় বন্যা-জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পেতে এ ধরনের তাঁবু ব্যবহার হতে পারে। সেটাকেই প্রতীকী অর্থে তুলে ধরা হয়েছে। দ্বিতল তাঁবুর এক পাশে ঝুলে আছে বাংলাদেশের মানচিত্র। সেটা তারাই তৈরি করেছে। চারপাশে টাঙানো হয়েছে দেশ-বিদেশের শ্রেষ্ঠ ব্যক্তিদের ছবি। ওরা বলছিল, আমরা যতবারই এসব ব্যক্তির ছবি দেখি, ততবারই তাদের প্রতি আকৃষ্ট হই। তাঁদের জীবন ও কর্মের কষ্টের ছবি দেখে অনুপ্রেরণা পাই। সাদা তাঁবু ছাড়াও আছে ভিলেজ-৫, ভেতরে কয়েক কদম এগোলেই চোখে পড়ে অদ্ভুত সুন্দর দুটো কাঠের জিরাফ আর অসংখ্য তাঁবু।তাঁবু জলসাঘড়িতে সন্ধ্যা সাতটা বাজে। মঙ্গলপ্রদীপ হাতে আসছিল একদল মেয়ে। ওদের সবার পরনে লাল পাড় সাদা শাড়ি। কোথায় চলেছে ওরা?‘আমরা তাঁবু জলসায় যাচ্ছি।’ একটু পর শুরু হবে ক্যাম্পফায়ার। মাঝখানে আগুন জ্বলছে। আগুন ঘিরে গোল হয়ে বসেছে সবাই। ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করি। চারজনের হাতে চারটি আগুনের মশাল। চারদিক থেকে ওরা এসে আগুন জ্বালায়। শুরু হয় জলসা। অভিনয়, নাচ। আর ফাঁকে সমাজসচেতনতামূলক নাটিকা। উঠে আসে ভিটেবাড়িতে নিমগাছ লাগানোর গুরুত্ব, নীলফামারী জেলার জারিগান, কুসংস্কার নিয়ে নাটিকা। নীলফামারী আদর্শ উচ্চবিদ্যালয় পরিবেশন করে নাগিনীর নৃত্য। বুদ্ধিপ্রতিবন্ধী প্রজ্ঞার নাচটি ছিল সত্যিই অন্য রকম। আগুন ধীরে ধীরে নিভে যেতে শুরু করে। অনুষ্ঠানও শেষ হয়ে আসে। বিদেশি স্কাউটদের ভাবনাজাম্বুরিতে এবার নেপাল ও ভারত থেকে এসেছে বেশ কয়েকটি স্কাউট দল। মৌচাকের শাল-গজারি বনের ফাঁকে শীতের কনকনে হাওয়া আর বৈরী আবহাওয়ায়ও থেমে নেই ওদের কাজকর্ম। ভারতের মধ্যপ্রদেশের স্কাউট লেভিশ প্রজাপতের দেখা জাম্বুরির এক নম্বর ক্যাফেটেরিয়ার সামনে। তিনি এত বড় জাম্বুরিতে এই প্রথম। বলেন, এ রকম চমত্কার প্রাকৃতিক পরিবেশে ও বড় আয়োজনে এ জাম্বুরি আমার জন্য ভাগ্যের। প্রতিদিন শিখেছি, জানছি আর বন্ধুত্ব বাড়ছে সবার সঙ্গে। এটা যেন অন্য রকমের ভালো লাগা।’ চমত্কার ইংরেজিতে বলে গেলেন প্রজাপত। নেপাল থেকে আসা গার্ল-ইন স্কাউট রুজেন। রুজেন বলছিলেন, স্কাউট আদর্শ মানুষ হতে শেখায়, আত্মনির্ভরশীল হতে সাহায্য করে। তবে কনকনে শীত যেন তাদের কাবু করেছে, তা তাদের কথায় বোঝা গেল। নেপালের অপেক্ষা নামের মেয়েটির কাছ থেকে ‘দারুণ উপভোগ করছি। খুব মজা লাগছে।’ বাংলাদেশ এবং এ দেশের মানুষ সম্পর্কে কী ধারণা—এ প্রশ্ন রাখি ভারতের মধ্যপ্রদেশের সুরেশ কুমারের কাছে। ও জানাল, ‘বাংলাদেশের মানুষ বেশ ভালো। বন্ধুত্বপরায়ণ। ছেলেমেয়েরা দারুণ পরিশ্রমী। সত্যিকার অর্থে স্কাউট চিরভ্রাতৃত্ব গড়তে সক্ষম।’চোখ-মুখে একরাশ উচ্ছ্বাস ও উদ্দাম নিয়ে ভারতের রাজস্থান থেকে আসা বীরেশ রাজ বলছিল, ‘স্কাউট মানে ভারত কিংবা নেপাল, বাংলাদেশ না। স্কাউট মানে সারা বিশ্ব এক ও অভিন্ন। মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব। বিশ্ব ভ্রাতৃত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করে।’