শাসনও করা চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাসনের পাশাপাশি শিশুকে প্রশংসাও করতে হবে। মডেল: রাইয়ান ও সুমাইয়া। ছবি: খালেদ সরকার
শাসনের পাশাপাশি শিশুকে প্রশংসাও করতে হবে। মডেল: রাইয়ান ও সুমাইয়া। ছবি: খালেদ সরকার

মিমের (ছদ্মনাম) বয়স ৮ বছর। সে বেশ হাসিখুশি, পড়াশোনাতেও ভালো। কিন্তু আজকাল তার মা তাকে নিয়ে বেশ চিন্তিত। বেশ কিছুদিন ধরেই লক্ষ করছেন মিম পরীক্ষার আগের রাতে পড়তে পারছে না, একটুতেই রেগে যাচ্ছে এবং রাতেও ঠিকমতো ঘুমোয় না। অর্থাৎ তার স্বাভাবিক জীবনযাত্রার পুরোপুরি বিপরীত সবকিছু। সবচেয়ে বড় সমস্যা সে তার বাবার সামনে যেতে প্রচণ্ড ভয় পাচ্ছে। এর প্রধান কারণ বাবার প্রচণ্ড শাসন। বাবা তাকে মারধর করেন এবং তার এই চাঞ্চল্য ও দুরন্তপনা পছন্দ করেন না। তার বাবা প্রচণ্ড রক্ষণশীল মনের মানুষ। এমনকি বাবা তার মাকেও বকাঝকা করেন মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন এই বলে। এসব কারণে মিম খুব মানসিক চাপে থাকে।
অভিভাবকমাত্রই তাঁর সন্তানকে শাসন করার একটা ব্যাপার চলে আসে। অনেকে মনে করেন বাচ্চাকে অবশ্যই তার মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া যেতে পারে। আবার অনেকেরই ধারণা, শাস্তি প্রয়োগ করাটা একেবারেই অনুচিত। কিন্তু সেই শাস্তির পরিমাণ বা শাস্তিটা কী ধরনের হবে? মনোবিজ্ঞানীরা আচরণ পরিবর্তনের জন্য শাস্তি প্রয়োগ করাটাকেই প্রধান হিসেবে দেখেন না। বিশেষ করে একটা শিশুকে যদি সবকিছুর জন্যই শাস্তি প্রয়োগ করা হয় তাহলে সেই শাস্তি কোনোই কাজে আসবে না। এ কারণে শাস্তি প্রয়োগের পাশাপাশি ভালো কাজের জন্য শিশুকে পুরস্কারও দিতে হবে। এতে করে শিশু ভালো কাজ ও মন্দ কাজের তফাত বুঝতে শিখবে।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম বলেন, শাস্তি প্রয়োগের সুফল ও কুফল দুটোই আছে। যেহেতু শাস্তি প্রয়োগ একটা ভীতিকর ব্যাপার, সে ক্ষেত্রে বাবা-মা যদি বেশি বেশি এবং সব ক্ষেত্রেই শাস্তি প্রয়োগ করেন তবে শিশুর ভেতর হীনম্মন্যতা কাজ করবে, বাবা-মায়ের প্রতি বিদ্বেষ জন্ম নেবে। সারাক্ষণ যদি শিশুকে শাসন করা হয়, তবে শিশুর নিজের ব্যাপারে একটা খারাপ ধারণা জন্মাবে। এর ফলে শিশু একরোখা হয়, অনেক সময় এসব শিশু অত্যাচারী ও নিষ্ঠুর প্রকৃতির হয়।
একজন শিশুকে লালন-পালন করতে গেলে তাকে অবশ্যই মাঝে মাঝে শাসন করার প্রয়োজন পড়ে, বিশেষ করে মায়েদের। এখন এই শাস্তি কীভাবে এবং কী পরিমাণে প্রয়োগ করা যেতে পারে এবং কীভাবে আচরণ পরিবর্তন করে যেতে পারে? এসব বিষয় নিয়ে জানালেন মো. তাজুল ইসলাম।
আমাদের পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে হয়, এই পরিবেশে শিশুকে খাপ খাওয়ানোর অভ্যাস করিয়ে দেওয়াটাই বড়। অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে তাকে খাপ খাওয়ানোর শিক্ষাটা তাকে দিতে হবে। এই লার্নিংয়ের তিনটি ধাপ রয়েছে। প্রথমত, তাকে কিছু শেখানো হলে তার ভেতরে একধরনের সুপ্ত অথবা তাৎক্ষণিক পরিবর্তন হবে। দ্বিতীয়ত এই পরিবর্তন স্থায়ী হবে। তৃতীয়ত, এই পরিবর্তন আসবে কোন অভিজ্ঞতার ফসল হিসেবে। সেই ফসল হলো তাকে বুঝিয়ে বলার মাধ্যমে, প্রসংশা করে অথবা মৃদু শাস্তি দিয়ে। এই অভিজ্ঞতা শিশুকে কোন আচরণ ভালো এবং কোন আচরণ খারাপ তা শিক্ষা দেবে। শাস্তিটা কী ধরনের হবে? নির্বিচারে শাস্তি কখনোই গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষে শাস্তি দেওয়া যেতে পারে, তবে তা যেন মাত্রা না ছাড়িয়ে যায়। এ ছাড়া যা করা যায় তার আচরণ পরিবর্তনের জন্য তাকে বোঝানো যেতে পারে, পুরস্কার দেওয়া যেতে পারে। এটাকে বলা হয় পজিটিভ রিইনফোর্সমেন্ট। যদি তাতেও পরিবর্তন না আসে তখন তাকে শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু ছোটখাটো কাজের জন্য বড় ধরনের শাস্তি দেওয়া যাবে না। কিন্তু বড় কোনো অপরাধের জন্য শাস্তিটা কেমন হবে? তাকে অবশ্যই প্রথমবার শাস্তি দিতে হবে। শাস্তিটা আচরণের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে। শাস্তি দিতে হলে তাকে সেই কাজের সঙ্গে সঙ্গে দিতে হবে। দেরিতে দিলে তা কার্যকর হবে না। শাস্তির পাশাপাশি তাকে ভালো আচরণের সুযোগ করে দিতে হবে।