শাস্তি ছাড়া উপায় নেই!
‘কিয়া কন? মাইরের ওপর ওষুধ নাই। হড়া শিখত নো মানে; মাইরের চোডে বাপ বাপ করি হইড়ব।’ গাজীপুর জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের ভাষ্য এটি। আপত্তি থাকায় তাঁর ও বিদ্যালয়ের নাম প্রকাশ করা হলো না।বিদ্যালয়ের ছোট্ট পরিসরে অনেককে একসঙ্গে পড়ানো সম্ভব নয় বলে ভবনের বাইরে তাদের পড়ান ওই শিক্ষক। শীতের সকালে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে এ প্রতিবেদককে ওই শিক্ষক বলেন, ‘শিক্ষার আবার গুণগত মান কী? বাচ্চাদের মাথায় হড়া ঢুকাইতে অইব। ইবলিসগুলার মাথায় হড়া ঢুকানোর উপায় একটাই—বেত মারা।’ ওই শিক্ষক জীবনে নাকি একটিও আদব-কায়দাসম্পন্ন শিক্ষার্থী দেখেননি। অর্থাৎ, তাঁর ৪০ বছরের শিক্ষকজীবনে খালি ‘বেয়াদব শিক্ষার্থী’দের মগজে শিক্ষা ঢোকানোর কাজ করেছেন তিনি।শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ, শিক্ষার্থীদের কোনো ধরনের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবে না—প্রসঙ্গটি চায়ের কাপের ধোঁয়ার মতো এক ফুঁয়ে উড়িয়ে দিলেন ওই শিক্ষক। তিনি উল্টো প্রতিবেদককে প্রশ্ন করেন, ‘সরকার কি হোলাপাইনদের হড়ায়? হে কাম করি আমরা। আমরা বুঝি হোলাপাইনের জন্য কোনডা ভালা, কোনডা খারাপ।’শিক্ষকদের মারধরের কারণে বাচ্চারা পড়া ছেড়ে দেয়—এ রকম অভিযোগে ওই শিক্ষকের উত্তর, ‘সব কামে ধৈর্য লাগে। মাইর তো ছোডকালে আমরাও খাইছি। ধৈর্য রাখছিলাম বইলাই মাইর খাইয়াই হড়া শিখছি।’শিক্ষকদের মারের কারণে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি হয়—জানালে বিষয়টি অস্বীকার করেন ওই শিক্ষক। তিনি বলেন, ‘এইডা মিথ্যা কথা। মাইর দিলে শরীরের অসুবিধা হয় না। আর ভয় দেখাই হড়াইলে হড়া তাড়াতাড়ি শেখা হয়।’এটি শুধু একজন শিক্ষকের বক্তব্য নয়, অনেক শিক্ষকই এ ধারণা পোষণ করেন। আর এ ধারণা সবচেয়ে বেশি প্রচলিত মাদ্রাসাগুলোতে। বিশেষ করে, যেসব স্কুল বা মাদ্রাসা শহর-নগরের একটু বাইরে বা যেখানে সচেতন অভিভাবক নেই, সেখানে শিক্ষার্থীদের মার খাওয়া নিত্যনৈমিত্তিক ঘটনা।কথা হলো গাজীপুরের জয়দেবপুরের রানী বিলাসমনি সরকারি বালক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। নাম প্রকাশ পেলে শিক্ষক মারবেন, এই ভয়ে কথাই বলতে চাইছিল না তারা। অনেক আদর, অনেকটা অভয় পেয়ে মুখ খুলল বেশ কয়েকজন। বেত বা স্কেল দিয়ে মারা হয় না ঠিক, কিন্তু কানমলা-চড়-থাপড় বন্ধ হয়নি। এখনো কিছু শিক্ষক হাতে ডাস্টার (মুছনি) নিয়ে ঘোরাঘুরি করেন। তাঁদের দেখলে ভয়ে সব পড়া ভুলে যায় শিক্ষার্থীরা। তবে আদর করা শিক্ষকদের নাম বলতে ভোলেনি ওই শিক্ষার্থীরা। ওই শিক্ষকেরা যখন আদর করে শিক্ষার্থীদের মাথায় হাত বুলিয়ে দেন, তখন ভুলে যাওয়া পড়াও নাকি মনে পড়ে যায়।শ্রীপুরের কাশিমপুর রোডের সারদাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বই-খাতা না আনলে বা পড়া সামান্য ভুল করলেই শিক্ষকেরা মারধর করেন।রাজধানীর অদূরে সাভারের অধর চন্দ্র মডেল হাইস্কুলের দুই শিক্ষার্থী জানায় ভিন্ন কথা। স্কুলের শিক্ষকেরা নিজ বাড়িতে বা শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ান। সেখানে শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে বাধা নেই। স্কেল, হাত, হাতপাখার ডাঁটি—সবকিছুই ব্যবহার করা হয়। শিক্ষকের মার খেতে খেতে পড়াশোনাই ছেড়ে দিয়েছে তাদের দু-একজন বন্ধু—এ কথা জানায় ওই শিক্ষার্থীরা।