শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন গত বৃহস্পতিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজন করেছিল উচ্চাঙ্গসংগীতের আসর। সদারঙ্গের তিন শিল্পীর পরিবেশনা নিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠান। ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু করেন। সংক্ষিপ্ত স্বাগত ভাষণে তিনি বলেন, আজকের এই দ্রুতগতির সমাজ থেকে গভীরতা হারিয়ে যাচ্ছে। সংস্কৃতি একবার মাঠ ছেড়ে দিলে সে জায়গা দখল করে অপসংস্কৃতি। তিনি ধ্রুপদকে পৃথিবীর প্রতি ভারতীয় উপমহাদেশের অনন্য সাংস্কৃতিক উপহার বলে মনে করেন। তাই ধ্রুপদের ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব এই উপমহাদেশের মানুষজনকেই নিতে হবে।অনুষ্ঠানে প্রথমে গান করলেন কনকচাঁপা কায়স্থগীর। এরপর ছিল শিল্পী রাজীব চক্রবর্তীর তবলাবাদন। সবার শেষে গান করেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। কনকচাঁপার সংগীতগুরু শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। তিনি গাইলেন ইমন রাগে খেয়াল। মনে হলো, পুরো সময়ে কনকচাঁপা নিজের গায়কি নিয়ে অতিমাত্রায় সচেতন ছিলেন। ইংরেজিতে যাকে বলে ‘পারফরম্যান্স কনশাস’ অনেকটা সে রকম। হয়তো এ কারণে শুরুর দিকে মনে হচ্ছিল সুর তাঁর গলায় লাগছে, কিন্তু হূদয়ে লাগছে না। তবে কথা ও সুরের ওপর নিয়ন্ত্রণ আনতে সময় লাগেনি তাঁর। যখন গাইছিলেন ‘পিয়া কী নজরিয়া জাদুভরী’ তখন এক রকম সম্মোহিতই হয়ে পড়েছিল দর্শক। তাঁর অসম্ভব সুরেলা ও স্নিগ্ধ কণ্ঠস্বর চাটগাঁবাসীর প্রত্যাশাকে বাড়িয়ে দিয়েছে।কনকচাঁপার পর তবলা বাজালেন শিল্পী রাজীব চক্রবর্তী। তাঁর সংগীতগুরু বিজন চৌধুরী। ত্রিতালে তবলায় মোহিত করেছেন তিনি দর্শকদের। রেলা, কায়দা, পরন ও টুকরার সমন্বয়ে তবলার লহরা বাজিয়েছেন তিনি।সবার শেষে ভূপালী রাগে খেয়াল গাইলেন শিল্পী স্বর্ণময় চক্রবর্তী। খেয়ালের প্রথম পর্বে বিলম্বিত এক তালে করেছেন ‘সাজানা মোরি আয়ি ঘর’। এরপর ত্রিতাল মধ্যলয়ে করেছেন ‘যবসে তুমসনা লাগলি’। দ্রুত ত্রিতালে গেয়েছেন কারানা। শেষে ঠুমরি মিশ্র কাফিতে গাইলেন ‘না যাওরে তুম পরদেশ পিয়া’।