শাস্ত্রীয় সংগীতের জলসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসিতে) ২৭ ও ২৮ জানুয়ারি বসেছিল শিল্পীদের মিলনমেলা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয়েছিলেন তাঁরা। শুধু দেশের নয়, বিদেশ থেকেও এসেছেন অনেকে। শাস্ত্রীয় সংগীতের নবীন-প্রবীণ শিল্পী ও অনুরাগী—এটাই তাঁদের মূল পরিচয়। সবার চোখমুখে উপচে পড়ছিল হাসি, মনে বাঁধভাঙা উচ্ছ্বাস। মঞ্চের পেছনে সুদৃশ্য ব্যানার, শিল্পীর সামনে ফুলের জলসা, পরিশীলিত সব পরিবেশনা মুগ্ধ করেছে তাঁদের। মিলনায়তনে ঠাঁই নেই, তাই টিআইসি প্রাঙ্গণে প্রজেক্টরের পর্দায় অনুষ্ঠান উপভোগ করেছেন শতাধিক দর্শক। চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলনের পরিচ্ছন্ন ও পরিকল্পিত আয়োজনটা ছিল আসলেই মনে রাখার মতো।সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদের দুদিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতির আসনে ছিলেন খ্যাতিমান বিজ্ঞানী ও সদারঙ্গের সভাপতি জামাল নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রথম পরিবেশনা ছিল পটদীপ রাগে সম্মেলক সংগীত। সদারঙ্গের শিল্পীরা শ্রুতিমধুর এ গান গেয়ে উপস্থিত দর্শক-শ্রোতা-অতিথিদের বরণ করে নেন।একক পরিবেশনার শুরুতে পাখোয়াজ নিয়ে আসেন সাতক্ষীরার সুষেন রায়। পরের শিল্পী রাজশাহীর শায়লা তাসনিম। তিনি সুলতানি রাগে খেয়াল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রাগাশ্রয়ী গান শোনান। এ সময় তবলায় ছিলেন নারায়ণগঞ্জের সবুজ আহমেদ এবং হারমোনিয়ামে লিটন দাশ। নোয়াখালীর শ্যামলচন্দ্র দাশ বেহালায় রাগ কিরোয়ানীর সুরে দর্শকদের মুগ্ধ করেন। তাঁকে তবলায় সহযোগিতা করেন সুদীপ সেনগুপ্ত।নড়াইলের শিল্পী অনিমেষ চক্রবর্তী মালকোষ রাগে খেয়াল পরিবেশন করেন। তবলায় ছিলেন পাভেল বড়ুয়া। ঢাকার ইউসুফ খান সরোদে রাগ কিরোয়ানী পরিবেশন করে হাততালি কুড়িয়েছেন বেশ। এরপর লোকগীতির সুরে পরিবেশন করেন একটি ধুন। তবলায় ছিলেন রাজু চৌধুরী। উদ্বোধনী দিনের শেষ পরিবেশনা ছিল অশোক চৌধুরীর ভূপেশ্বরী রাগে খেয়াল।সমাপনী দিন (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ছিল সেমিনার, বিষয়—উচ্চাঙ্গ সংগীত: সংকট, উজ্জীবন ও উত্তরণ। অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার সভাপতিত্বে সেমিনার সঞ্চালনা করেন স্বর্ণময় চক্রবর্তী। আলোচনা করেন অধ্যাপক গোলাম মোস্তফা ও নাট্যজন মাহবুব হাসান। মূল প্রবন্ধ পড়েন রাজীব দাশ। এরপর সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের শুরুতে ছিল সমবেত কণ্ঠে রাগমালা। তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী ও অরুণ নাথ। একক সংগীতে শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল পরিবেশন করেন আমেরিকা প্রবাসী পারমিতা দাশ। খেয়াল শেষে একটি ঠুমরী পরিবেশন করেন তিনি। তাঁর সঙ্গে তবলায় ছিলেন সিলেটের পিনুসেন দাশ।সম্মেলনে তবলা লহরা থাকবে না তা তো হয় না। সেই অভাবটা পূরণ করলেন কলকাতার সম্বুদ্ধ চট্টোপাধ্যায়। তিনি যোগ রাগে খেয়াল ও পরে একটি ঠুমরী পরিবেশন করেন। এদিনের আরও আকর্ষণ ছিল পাটনা-বিহারের অমিতাভ চৌধুরীর পরিবেশনা। তিনি প্রথমে রাগ দরবারি, এরপর রাগ কিরোয়ানী ও সব শেষে একটি ধুন পরিবেশন করেন। তবলায় ছিলেন প্রীতম পলো। সম্মেলন উপলক্ষে সুরশৃঙ্গার শিরোনামে একটি স্মারক প্রকাশ করা হয়।