
কখনো কণ্ঠে, কখনো বাদ্যযন্ত্রের ঝংকারে রাগ সংগীতের সুর ছড়িয়ে দিচ্ছিলেন শিল্পীরা। সুরের আবেশে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে মাঘের শীতেও নেমে এসেছিল বসন্তের আমেজ। ২০ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রুতিঅঙ্গন আয়োজিত শাস্ত্রীয় সংগীতের আসরে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা মুগ্ধতায় ভাসালেন দর্শকদের।
সংগঠনের সভাপতি বেনু কুমার দের সভাপতিত্বে আসর উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য শিরীণ আখতার, মুক্তিযোদ্ধা প্রফুল্ল রঞ্জন সিংহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন শংকর লাল সাহা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দাশ। সঞ্চালনা করেন আয়েশা হক ও উইলিয়াম ডি সাংমা।
কথামালার পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সংগীতের আসর। শ্রুতিঅঙ্গনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন রাগসংগীত ‘শুদ্ধ সংগীতে কর আরাধনা’।
এরপর ছিল তবলায় রাগসংগীত পরিবেশনা। পাভেল বড়ুয়া ও জয়প্রকাশ ভট্টাচার্যের পরিচালনায় তবলায় ত্রিতালে লহরা পরিবেশন করেন প্রিতম বড়ুয়া, ইন্দ্রজিৎ বড়ুয়া, রুবেল শীল, সুজন বণিক, দেবজ্যোতি, অর্ণব ও রনি শীল। তাঁদের সঙ্গে বেহালা বাজান আশীষ কান্তি বসাক ও সুরমণ্ডল বাজান নিপা দত্ত।
তবলা পরিবেশনার পর আসরে একজন ভারতীয় ও চারজন বাংলাদেশি উচ্চাঙ্গসংগীতশিল্পীকে ফুল, ক্রেস্ট, উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন ভারতের দীপক আচার্য, বাংলাদেশের দোলন কানুনগো, প্রকাশ বড়ুয়া, শ্যামল দাশ ও প্রদীপ কুমার চক্রবর্তী।
সম্মাননা পর্বের পর রাগ ভীমপলশ্রী পরিবেশন করেন লিটন দাশ। লিটন দাশের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এই গানের সঙ্গে পাভেল বড়ুয়া তবলা, সৈকত দত্ত হারমোনিয়াম এবং কাঁকন মজুমদার ও পাপড়ী সিকদার তানপুরা বাজান।
সরোদে বাগেশ্রী রাগ শোনান ভারতের কলকাতার শিল্পী অর্ণব ভট্টাচার্য। তাঁর পরিবেশনা শ্রোতাদের মন ছুঁয়ে যায়। অর্ণব ভট্টাচার্যের সঙ্গে তবলা বাজান স্বরূপ হোসেন। এরপর রাগ শুদ্ধকল্যাণ নিয়ে মঞ্চে আসেন ঢাকার শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রী। তাঁর সঙ্গে তবলায় ইফতেখার আলম, হারমোনিয়ামে শুভ দাশ ও তানপুরায় ছিলেন তন্ময় চৌধুরী।
রাত যখন প্রায় ১০টা, তখন বাঁশিতে রাগ ইমন পরিবেশন করেন ঢাকার শিল্পী মুর্তজা কবির। ইমন রাগের পর তিনি বাঁশিতে কীর্তন বাজিয়েও মুগ্ধ করেন দর্শক-শ্রোতাদের। সবশেষে ভারতের কলকাতার শিল্পী বিপ্লব মুখার্জি গেয়ে শোনান রাগ মালকোষ।