শাহ আমানত সেতুর গোলচত্বরে দুর্ঘটনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শাহ আমানত (তৃতীয় কর্ণফুলী) সেতুর কাছে গত মাসে পরপর তিনটি বড় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চারজন। আহত হয়েছেন অর্ধশর্তাধিক। এ দুর্ঘটনা তিনটি ঘটে সেতুর উত্তর পাশের গোলচত্বরে। এটি নামকরণ করা হয়েছে শহীদ বশরুজ্জামান চৌধুরী চত্বর। সেতুর অপর পাশের গোলচত্বর বা বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরেও ছোটখাটো দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনার জন্য চালক ও যাত্রীরা গোলচত্বর দুটির নির্মাণ-ত্রুটিকে দায়ী করলেও সংশ্লিষ্ট লোকজন বলছেন তা নিয়ম মেনে যথাযথভাবেই তৈরি করা হয়েছে। কোনো ধরনের নির্মাণ-ত্রুটি এতে নেই। নির্মাণকারী প্রতিষ্ঠান বলছে, সেতু ও গোলচত্বরের যানজটমুক্ত সুব্যবস্থাপনার অভাবেই দুর্ঘটনা ঘটছে। এখনি ব্যবস্থা না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।গত মাসের ১৭, ২০ ও ২৪ তারিখ সেতুর উত্তর পাশের গোলচত্বরে পর পর বড় দুর্ঘটনা ঘটে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়—এর মধ্যে দুটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ও অপর একটি বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া দুটি গোলচত্বরেই প্রতিদিন দু-তিনটি ছোট দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে—সেতুটি খোলামেলা এবং দ্রুতগতির উপযোগী হওয়ায় চালকেরা গাড়ি নিয়ে দ্রুতগতিতে সেতু পার হয়। কিন্তু সেতুর দুদিকের ঢালু থেকে নামতেই গোলচত্বর ঘিরে গাড়ির এলোমেলো-বিশৃঙ্খল জটলা দেখে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকেরা। ফলে বাড়ছে দুর্ঘটনা। গত মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনকালেও গোলচত্বর দুটির এমন বিশৃঙ্খল চিত্র চোখে পড়ে। সেতুর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স সিক্স স্টার করপোরেশনের ব্যবস্থাপক নজরুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই দুই গোলচত্বরে দু-তিনটা দুর্ঘটনা ঘটছে। তবে সেতুর দক্ষিণ অংশ কম ঢালু ও চত্বরে যানজট কম থাকায় এ চত্বরে দুর্ঘটনা কম হচ্ছে। আমাদের টোল আদায় ছাউনির কিছুটা আগে সম্প্রতি হালকা গতিরোধক দেওয়ায় এ ছাউনিতে দুর্ঘটনার ঝুঁকি কমেছে।’চালক ও যাত্রীদের অনেকে সেতুটি উঁচু এবং গোলচত্বর দুটি বড় করায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন। চট্টগ্রাম-আনোয়ারা রুটের বাসচালক মোহাম্মদ নেছার বললেন, ‘সেতুটি উঁচু এবং গোলচত্বর বড় হওয়ায় দুর্ঘটনা বেশি হচ্ছে।’ তাঁর পেছনের আসনের যাত্রী ও কলেজশিক্ষক মাসুদ পারভেজ চালকের কথার সমর্থনে বলেন, ‘গোলচত্বর দুটি আরও ছোট হলে গাড়ি চলাচলের জায়গা বেশি পাওয়া যেত। এতে দুর্ঘটনা কমত।’ তবে সেতুর নির্মাতা প্রতিষ্ঠান ও যানজটের দায়িত্বে থাকা ট্রাফিকসহ সংশ্লিষ্ট লোকজন বলছেন ভিন্ন কথা। শহীদ বশরুজ্জামান চৌধুরী চত্বরে দায়িত্বপালনরত ট্রাফিক কর্মকর্তা সালেহ আহমদ বলেন, ‘এ রকম ব্যস্ততম মোড়ে আমাকে লোকস্বল্পতার কারণে মাত্র দুজন সিপাহি নিয়ে দায়িত্ব পালন করতে হচ্ছে। চালকেরা অনেকটা ইচ্ছেমতো গাড়ি পার্কিং করছেন, যাত্রী ওঠানামা করছেন। এতেও তো ঝুঁকি কাজ করে।’ অন্যদিকে সেতুর সহযোগী নির্মাতা প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বলছে যথাযথভাবে নিয়ম মেনেই সেতু ও গোলচত্বর করা হয়েছে। এতে কোনো ত্রুটি নেই। এ প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী মো. শাহাব উদ্দিন জানান, ‘এ সেতুটি নির্মাণে ব্রিটিশ ও আমেরিকান মান অনুসরণ করা হয়েছে। এটি আন্তর্জাতিকমানের সেতু। দুপাশের গোলচত্বরে ব্যাস ৩৬ মিটার। চত্বরের চারপাশের সড়ক ১২ মিটারের স্থলে সাড়ে ১৩ মিটার করা হয়েছে। আর গোলচত্বর শুধুই গাড়ি ঘোরার জন্য। এখানে অবৈধ পার্কিং ও যাত্রী ওঠানামা হচ্ছে বলেই দুর্ঘটনা ঘটছে।’ এ সেতুতে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সেতু ও গোলচত্বরকে সুব্যবস্থাপনার আওতায় এনে সম্পূর্ণ যানজটমুক্ত রাখতে হবে। কিন্তু জরুরি ব্যবস্থা এখনো গৃহীত হয়নি।’ সড়ক ও জনপথ বিভাগের (চট্টগ্রাম সড়ক বিভাগ) নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, ‘আমরা গোলচত্বরের আগে ১০ কিলোমিটার ও সেতুর ওপর ৩০-৪০ কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছি। কিন্তু চালকেরা তা মানছেন না বলে দুর্ঘটনা ঘটছে। আর গত ৩১ অক্টোবর এক মাসের দুর্ঘটনার প্রতিবেদন আমরা ঢাকায় সড়ক নিরাপত্তা বিভাগে পাঠিয়েছি। যা করার তারাই ব্যবস্থা নেবেন।’