শাহ আমানত সেতুর টোল আদায়ে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোল আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সেতু দিয়ে চলাচলকারী অধিকাংশ যানবাহন থেকে শুল্ক রসিদ ছাড়াই টোল আদায় করা হচ্ছে। ১০ মার্চ দুপুরে (১২-২টা) অবস্থান করে এ প্রতিবেদক শুল্ক রসিদ ছাড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের লোকজনকে বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করতে দেখেন। সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধানচন্দ্র ধরকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রসিদ ছাড়া টোল আদায় করা নিয়মবহির্ভূত।’ তবে সওজের একাধিক কর্মকর্তা মনে করেন, পুরোনো পদ্ধতিতে টোল আদায় করায় হিসাব-নিকাশ নিয়ে প্রশ্ন উঠছে। এ ক্ষেত্রে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতিতে (ওঅ্যান্ডএম) টোল আদায় করা হলে অনিয়ম বা হিসাব-নিকাশে গরমিল করার সুযোগ থাকত না। সওজ সূত্র জানায়, টোল আদায়ের জন্য টোল প্লাজায় আধুনিক যন্ত্রপাতি বসানো হলেও ইজারাদার নিয়োগে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় এ পদ্ধতি চালু করা যাচ্ছে না। ফলে পুরোনো পদ্ধতিতেই (ম্যানুয়াল) টোল নেওয়া হচ্ছে। ওঅ্যান্ডএম পদ্ধতিতে টোল আদায়ের জন্য ইজারাদার নিয়োগে আদালতের স্থগিতাদেশ রয়েছে—এ কথা স্বীকার করে সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ বলেন, ‘একদিকে ইজারাদার নিয়োগে জটিলতা, অন্যদিকে টোল প্লাজায় ওঅ্যান্ডএম পদ্ধতির যন্ত্রপাতি স্থাপনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন তা আমাদের বুঝিয়ে দিতে পারছে না।’এদিকে ওঅ্যান্ডএম পদ্ধতিতে (আধুনিক প্রযুক্তিসম্পন্ন) টোল আদায় না হওয়ায় টোল প্লাজাসহ শাহ আমানত সেতুকে কেন্দ্র করে প্রতিদিনই নানা ঘটনা-দুর্ঘটনা ঘটছে। সেতুর দুই পাশ ভরে গেছে ময়লা-আবর্জনায়। অধিকাংশ বৈদ্যুতিক বাতি সচল নেই। টোল না দিয়ে দ্রুত সটকে পড়ার সময় গাড়ির ধাক্কায় এ পর্যন্ত আহত হয়েছেন চারজন। জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। পরের দিন ৯ সেপ্টেম্বর থেকে সিক্স স্টার করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানকে চার মাসের জন্য টোল আদায়ের ইজারা দেওয়া হয়। এতে দৈনিক সাত লাখ ৬৭ হাজার ৫০০ টাকা হারে টোল আদায়ের সর্বোচ্চ দর দেয় ওই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে চার মাসের ইজারা চুক্তি হলেও এক মাস ১৬ দিন ওই প্রতিষ্ঠানটি টোল আদায় করে। চার মাসের চুক্তি করে এক মাস ১৬ দিন টোল আদায় করে ইজারা চুক্তি ভঙ্গ করল কেন—প্রশ্নের উত্তরে সওজের কর্মকর্তারা জানান, দৈনিক যে হারে টোল আদায়ের (সাত লাখ ৬৭ হাজার ৫০০) দর দিয়েছিল ওই প্রতিষ্ঠান, সে হারে টোল আদায় সম্ভব হচ্ছিল না, তাই তারা চুক্তি ভঙ্গ করে। কিন্তু সিক্স স্টার করপোরেশনের কর্মকর্তারা বলেছেন ভিন্ন কথা। নাম প্রকাশ না করার এরপর পৃষ্ঠা ২ কলাম ৫অনুরোধ করে এক কর্মকর্তা বলেন, ‘আমরা প্রতিদিন গড়ে প্রায় আট লাখ টাকা টোল আদায় করতাম। যানবাহনের শ্রেণীভেদে সওজ কর্তৃপক্ষ টোল ধার্যের হার বেশি হওয়ায় যানবাহন মালিক-শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তাঁরা (যানবাহন মালিক-শ্রমিক) দলবদ্ধ হয়ে আমাদের লোকজনকে একাধিকবার মারধর করে। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে।’ সিক্স স্টার করপোরেশনের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সওজের সঙ্গে আমাদের ইজারা চুক্তি অনুযায়ী টোল আদায়ের জন্য পুলিশ দিয়ে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু তাঁরা তা করেননি।’ এ ব্যাপারে সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধানচন্দ্র ধর বলেন, ‘চুক্তি ভঙ্গ করার জন্য এটি একটি অজুহাত মাত্র।’ সূত্র মতে, গত বছরের ২২ নভেম্বর থেকে বিভাগীয়ভাবে সেতুটির টোল আদায়ের দায়িত্ব নেয় সওজ বিভাগ। এ লক্ষ্যে ১০৪ জন কর্মকর্তা-কর্মচারীকে টোল প্লাজায় নিয়োগ দেওয়া হয়। তবে এর মধ্যে অর্ধশত শ্রমিককে আনা হয় সওজের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে। এ ব্যাপারে উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ‘বর্তমানে আমাদের আটটি উন্নয়ন প্রকল্পের কাজ থমকে আছে শুধু শ্রমিকের অভাবে।’ সূত্র আরও জানায়, গত ৯৯ দিনে সওজ কর্তৃপক্ষ মোট টোল আদায় করেছে ছয় কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৩৯২ টাকা। এর মধ্যে গড়ে (প্রতিদিন) টোল আদায়ের পরিমাণ ছয় লাখ ৪৫ হাজার ৩১৭ টাকা। দৈনিক তিন পালায় (শিফটে) ১০৪ জন লোক শাহ আমানত সেতুর টোল আদায় করছেন। জানা যায়, বিভিন্ন শ্রেণীর যানবাহনের মধ্যে ট্রেইলর এক হাজার টাকা, বড় ট্রাক ২৭৫ টাকা, মাঝারি ট্রাক ১২৫ টাকা, ছোট পিকআপ, বড় ও ছোট মাইক্রোবাস ৫০ টাকা, মিনিবাস, জিপ, কার, টেম্পো ৪০ টাকা, সিএনজি অটোরিকশা ১৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা টোল আদায় করা হয়। সরেজমিনে ১০ মার্চ (১২-২টা) শাহ আমানত সেতুর টোল প্লাজায় অবস্থান করে দেখা যায়, টোল আদায়ের জন্য ছয়টি কাউন্টার রয়েছে। এর মধ্যে টোল আদায় হচ্ছে চারটিতে। চারটি কাউন্টারের আটজন শ্রমিক শুল্ক রশিদ ছাড়াই টোল আদায় করছেন বিভিন্ন যানবাহন থেকে। রশিদ ছাড়া টোল নিচ্ছেন কেন—এমন প্রশ্ন করলে টোল আদায়কারী আবদুস শুক্কুর বলেন, ‘অনেকেই রশিদ নেন না। তাই দিচ্ছি না।’ দেখা গেছে, ছয়টি কাউন্টারেই ম্যানুয়েল পদ্ধতিতেই ক্যালকুলেটর দিয়ে টোল হিসাব করছেন কর্মীরা। সেতুর টোল দিচ্ছেন কিন্তু রশিদ নিচ্ছেন না কেন—এমন প্রশ্ন করলে একাধিক গাড়ির চালক বলেন, ‘রশিদ না দিলে আমরা কীভাবে নেব?’ এ সময় ২ নম্বর কাউন্টারের কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) গোলাম মোস্তফাকে প্রশ্ন করলে বলেন, ‘এক ঘণ্টায় (১২টা থেকে দুপুর একটা) এ লেনে আদায় হয়েছে সাত হাজার টাকা। বেলা দেড়টায় টোলপ্লাজার ২ নম্বর লেনে দেখা গেছে, শহর থেকে আসা একটি ট্রাক (নোয়াখালী-ট-৩৩৭৬) থেকে ৫০ টাকা টোল নেওয়া হয়েছে রশিদ ছাড়াই। এরপর একই দিক থেকে আসা সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১১-৬৩৬০) চালকের কাছ থেকে ১৫ টাকা নেওয়া হয়েছে রশিদ ছাড়াই। এভাবে শত শত যানবাহন শাহ আমানত সেতু দিয়ে যাওয়া-আসা করলেও অধিকাংশ গাড়ি থেকে রশিদ ছাড়া টোল আদায়ের চিত্র দেখতে পান এ প্রতিবেদক। রশিদ ছাড়া টোল আদায়ের ব্যাপারে সওজের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, ‘টোল প্রদানকারীরা যদি রশিদ না নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন আমাদের কিছু করার নেই।’ তবে তিনি মনে করেন, ওঅ্যান্ডএম পদ্ধতিতে টোল আদায় করা হলে হেরফের হওয়ার সুযোগ থাকবে না। চট্টগ্রাম বাস মিনিবাস হিউম্যান হলার মালিক সমিতির প্রধান উপদেষ্টা আহমদ হোসেন হাজারি এ প্রসঙ্গে বলেন, ‘একদিকে ওঅ্যান্ডএম পদ্ধতি চালু টোল আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। অন্যদিকে টোল আদায়ের হার কমানোর বিষয়টিও পুনর্বিবেচনায় আনা দরকার।’ জানা যায়, ওঅ্যান্ডএম পদ্ধতিতে টোল আদায়ের নিয়ম চালু করার জন্য গত বছর অক্টোবরে সওজ কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে। এতে একটি মাত্র অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান (ডায়েনকো লিমিটেড) অংশ নেওয়ার পাশাপাশি অনভিজ্ঞ আরও পাঁচটি প্রতিষ্ঠান অংশ নেয়। ফলে সওজ ওই দরপত্র বাতিল করে পুনর্দরপত্র আহ্বান করে গত ৫ অক্টোবর। পুনর্দরপত্র আহ্বান করায় সওজের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট পিটিশন (৮০৪৯/২০১০) দায়ের করে ডায়েনকো লিমিটেড। এতে পুনর্দরপত্রের ওপর উচ্চ আদালত স্থগিতাদেশ দেন। ফলে ওঅ্যান্ডএম পদ্ধতিতে (আধুনিক প্রযুক্তি সম্পন্ন) টোল আদায়ের জন্য দরপত্র আহ্বান করতে পারছে না সওজ কর্তৃপক্ষ।