শাহ আমানত হল যেন স্টেডিয়াম!
বিশাল পর্দায় চলছে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। স্বল্প রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই হিসাবি ব্যাটিং। সাবধানী ব্যাটিংয়ে পেন্ডুলামের মতো ঝুলছে ম্যাচের ভাগ্য। অন্যদিকে একটি জয়ের জন্য প্রার্থনারত পুরো বাংলাদেশ। সবার একটাই চাওয়া—জিতবে টাইগাররা। একসময়ে সেই চাওয়া পূরণ হলো। নেচে উঠল শেরেবাংলা স্টেডিয়াম, সেই ঢেউ আছড়ে পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। মুহূর্তেই শিক্ষার্থীদের বিজয় মিছিলে প্রকম্পিত হয়ে উঠল চবি।শুধু বাংলাদেশের ম্যাচের দিন নয়, চবিতে এখন প্রতিদিনই চলছে ক্রিকেট উৎসব। বিশ্বকাপের রঙিন উৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরাও। প্রত্যেক হলেই প্রতিদিনই খেলা দেখার নানা আয়োজন। গায়ে লাল-সবুজ জার্সি, মাথায় জাতীয় পতাকার স্কার্ফ । সকালে ক্লাস-পরীক্ষা, দুপুর না গড়াতেই টিভি কক্ষে সমবেত শিক্ষার্থীদের উচ্ছ্বাস। খালেদা জিয়া হলের শায়লা শওকত, সামিয়া আক্তার এবং শামসুন্নাহার হলের হেনা, লাইজু, সাকি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘হলে সবার সঙ্গে খেলা দেখার মজাই আলাদা, মনে হয় মাঠে বসে খেলা দেখছি।’ এদিকে শিক্ষার্থীদের সমবেত উল্লাস আর চিৎকারে শাহ আমানত হল প্রতিদিনই হয়ে ওঠে ক্রিকেট স্টেডিয়াম! শিক্ষার্থীরা এখানে স্থাপন করেছেন বড় পর্দা। বড় পর্দায় খেলা দেখার সাধ মেটাতে প্রতিদিনই এখানে আসেন অন্য হলের ছাত্ররাও। এ রকমই একজন বারেক কায়সার। সোহরাওয়ার্দী হলের এই আবাসিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপের খেলা দেখতে চাই বিশ্বমাপের পর্দা! টেলিভিশনে খেলা দেখে মন ভরে না। তাই প্রতিদিন বন্ধুবান্ধব নিয়ে চলে আসি এখানে। ’শাহ আমানত হলের টিভি কক্ষে বড় পর্দায় খেলা দেখার আনন্দ ছড়িয়ে পড়েছে হল থেকে হলে, অনুষদ থেকে অনুষদে। ক্যাম্পাসে প্রবেশ করতেই আইটি ভবনের বিশাল লাল সবুজের পতাকা নজর কাড়বে যে কারও। এগিয়ে যাও বাংলাদেশ, এ শুভকামনায় ফলিত পদার্থবিদ্যার শিক্ষার্থীদের উত্তোলিত এ পতাকা দেখে ক্ষণিকের জন্য হলেও ক্রিকেটপ্রেমী হয়ে উঠেছেন অনেকে।