পটিয়া উপজেলা সদরের শাহ আমির উচ্চবিদ্যালয়ে সাত বছর ধরে পরিচালনা কমিটি নেই। ফলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক কাজ ও পড়ালেখা ব্যাহত হচ্ছে। দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও। স্থানীয় ফাইভ স্টার ক্লাবের দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে মামলাজনিত জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফাইভ স্টার ক্লাবের সদস্যদের সহযোগিতা ও এলাকার শিক্ষানুরাগী আমিনুল হক তালুকদারের আর্থিক পৃষ্ঠপোষকতায় ১৯৮২ সালে পটিয়া সদরের গোবিন্দারখীল এলাকায় শাহ আমির উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনের জন্য দাতা সদস্য হিসেবে ক্লাবের প্রস্তাবিত দুজন সদস্য থেকে একজনকে মনোনয়ন দেওয়া হতো। ইতিমধ্যে ক্লাবের সদস্যদের মধ্যে ভাঙন দেখা দেয়। এ অবস্থায় ২০০৭ সালে পরিচালনা কমিটি নির্বাচনের সময় দুপক্ষই দাতা সদস্য হিসেবে দুজন করে মোট চারজনের নাম জমা দেয়। কিন্তু ভোটার তালিকায় এক পক্ষের দুজনের নাম অন্তর্ভুক্ত করে নির্বাচন দেওয়া হলে অন্য পক্ষ নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে পটিয়া প্রথম সহকারী জজ আদালতে মামলা দায়ের করে। এতে আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। মামলাটির নিষ্পত্তি এখনো না হওয়ায় নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি। ফলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক কাজ ও শিক্ষার উন্নয়নে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না বিদ্যালয় প্রশাসন।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে শিক্ষক থাকার কথা ২০ জন। এর মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি। শিক্ষকের অভাবে দুবছর আগে প্রাথমিক বিদ্যালয় শাখার শিশু শ্রেণীটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া, সপ্তম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীর দুটি করে শাখার মধ্যে একটি করে শাখা বন্ধ করে দেওয়া হয়। অধিকাংশ টুল-বেঞ্চ নষ্ট হয়ে গেলেও নতুন করে তা তৈরি করা সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের শ্রেণীর কাজ করতে হচ্ছে গাদাগাদি করে।
২০০৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ এবং মাধ্যমিক বিদ্যালয়ে সাত শতাধিক শিক্ষার্থী ছিল। বর্তমানে প্রাথমিকে ৩৪০ ও মাধ্যমিকে ৫৫২ জনসহ মোট শিক্ষার্থী রয়েছে ৮৫২ জন।
সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের বেড়ার তৈরি তিনটি কক্ষের মধ্যে দুটি কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে একটি কক্ষে দুই পালায় প্রথম ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করতে হয়। বাকি শ্রেণীর কাজ চলে উচ্চবিদ্যালয়ের কক্ষে। বিদ্যালয়ের শৌচারগারগুলোও ব্যবহার অনুপযোগী। যোগাযোগ করা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান ও সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আবছার আমিরী বিদ্যালয়ের সমস্যাগুলোর কথা স্বীকার করেন। তিনি বলেন, মামলার কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পরিচালনা কমিটি নেই। ফলে শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এর সার্বিক প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ছে।