শাহ আলমের ঝরে পড়াদের নিকেতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটি বিদ্যালয় নয়, তবে কার্যক্রম পুরোদস্তুর বিদ্যালয়ের মতোই। নাম ঝরে পড়াদের নিকেতন। চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের মুনসেফ বাজারের দ্বিতল ভবনের দোতলার একটি কক্ষে চলে সন্ধ্যাকালীন এই শিক্ষাকেন্দ্র। এখানকার শিক্ষার্থীদের সবাই মুনসেফ বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী। ছবিটি ৩ মার্চ পাঠদানের সময় তোলা l প্রথম আলো
এটি বিদ্যালয় নয়, তবে কার্যক্রম পুরোদস্তুর বিদ্যালয়ের মতোই। নাম ঝরে পড়াদের নিকেতন। চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের মুনসেফ বাজারের দ্বিতল ভবনের দোতলার একটি কক্ষে চলে সন্ধ্যাকালীন এই শিক্ষাকেন্দ্র। এখানকার শিক্ষার্থীদের সবাই মুনসেফ বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী। ছবিটি ৩ মার্চ পাঠদানের সময় তোলা l প্রথম আলো

১২ বাই ২৪ ফুটের একটি কক্ষে লম্বা টেবিলের দুপাশে চেয়ার পেতে বসেছে জনা ত্রিশেক শিশু-কিশোর। সবার পরনে লাল কলারের ঘিয়ে রঙের জামা। বুকের কাছে এমব্রয়ডারি করে লেখা হয়েছে, ‘ঝরে পড়াদের নিকেতন’। কক্ষে একজন তরুণ প্রবেশ করতেই উঠে দাঁড়ায় শিশুরা। জাতীয় সংগীত পরে ও শপথপাঠ শেষে শুরু হলো পড়াশোনার পালা।
এটি কোনো বিদ্যালয়ের শ্রেণিকক্ষের চিত্র নয়। তবে এর কার্যক্রম পুরোদস্তুর বিদ্যালয়ের মতোই। নাম ঝরে পড়াদের নিকেতন। চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের মুনসেফ বাজারের দ্বিতল ভবনের দোতলার একটি কক্ষে চলে সন্ধ্যাকালীন এই শিক্ষাকন্দ্র। আগে থেকে না জানলে বোঝার উপায় নেই, এখানকার শিক্ষার্থীদের সবাই মুনসেফ বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী। শ্রমজীবী এই শিশুদের লেখাপড়া শেখানোর এই কার্যক্রম চলছে বছর খানেক ধরে। উদ্যোগটা নিয়েছেন বাজারেরই এক দোকান মালিক শাহ আলম।
১০ মার্চ মুনসেফ বাজারের অনানুষ্ঠানিক বিদ্যালয় ‘ঝরে পড়াদের নিকেতনে’ গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। তখন সন্ধ্যা সড়ে ছয়টা। পাঠদান করছিলেন শিক্ষক মো. ওমর। তিনি বলেন, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সপ্তাহের এই তিন দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত বিদ্যালয়ের পাঠদান চলে। মুনসেফ বাজার এলাকার বিভিন্ন দোকানের শ্রমজীবী শিশুরা পোশাক পরে, ব্যাগ কাঁধে নিয়ে হাজির হয় এই বিদ্যালয়ে। এই সময় দুই ঘণ্টার জন্য প্রতিষ্ঠানের মালিকেরাও তাদের ছুটি দেন।
বিদ্যালয়ের উদ্যোক্তা শাহ আলম জানান, ২০১৫ সালে এই বিদ্যালয় শুরুর সময় শিক্ষার্থীর সংখ্যা ছিল ২০ জন। এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। ৮ থেকে ১৭ বছর বয়সী এই শিশুদের মধ্যে চার-পাঁচজন কেবল লিখতে–পড়তে জানত। তবে গত এক বছরে শিশুরা এগিয়েছে অনেক। বর্তমানে ২৪ জন শিশু প্রথম শ্রেণির এবং ৬ জন দ্বিতীয় শ্রেণির পাঠ নিচ্ছে। প্রতি চার মাস পর পর শিশুদের অগ্রগতি যাচাই করতে পরীক্ষাও নেওয়া হয়।
বর্তমানে বিদ্যালয়ে তিনজন শিক্ষক আছেন। এঁদের একজন মো. শাহা আলম সেলিম সামান্য সম্মানী নিলেও অন্য দুজন শিক্ষক মো. ওমর ও মো. সেকান্দর বিনা বেতনে পাঠদান করেন।
কী করে এই বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা মাথায় এল? এমন প্রশ্ন করতেই শাহ আলম জানান, মুনসেফ বাজার এলাকার ১০০টির ওপর দোকানে ৩২ জন শিশু-কিশোর কাজ করে। পরিবারের জন্যই কঠিন শ্রমে নিয়োজিত হতে হয়েছে তাদের। বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে এমন একটি বিদ্যালয়ের কথা মাথা আসে তাঁর।
শাহ আলম এখানকার ব্যসায়ীদের নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সঞ্চয় সমিতি গঠন করেছিলেন ২০০১ সালে। ঝরে পড়াদের নিকেতন বিদ্যালয়ের খরচ আসে এই সমিতি থেকেই। সমিতির সদস্য ব্যবসায়ীদের দোকানেই মূলত এই শিশুরা কাজ করে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এই নিয়ে পাঁচবার বিদ্যালয়ের শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও দোকানমালিকদের নিয়ে বৈঠক করেছেন শাহ আলম। বৈঠকে শিশুদের লেখাপড়া, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আর এর ফলে মুনসেফ বাজারের শিশুরা এখন নির্বিঘ্নে পড়তে আসতে পারছে।
শিশুরা জানায়, বাজারের সবজি, মুরগি, পান, শুঁটকি, সুপারি, মাছ-মাংস ও খাবারের দোকানে চাকরি করে তারা। কথা হয়, ১৬ বছরের শিশু আবদুল হামিদের সঙ্গে। সে জানায়, তাঁর জন্মের সময় মা মারা গেছে। এর পর বাবা আরেক বিয়ে করায় তাকে বোনের সঙ্গে থাকতে হচ্ছে। বোনের সংসার চালাতে এখানকার একটি দোকানে পাঁচ বছর বয়সেই কাজ নিয়েছে সে। এখন তার আয় মাসে তিন হাজার টাকা। বিদ্যালয় প্রতিষ্ঠার পর দ্রুত লেখাপড়া আয়ত্ত করেছে হামিদ। পরীক্ষা দিয়ে পাস করে সে এখন দ্বিতীয় শ্রেণির বই পড়ছে।
উদ্যোক্তা শাহ আলম বলেন, ‘কিছুদিন আগে আবদুল হামিদের শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সে তখন খুঁড়িয়ে হাঁটত। পরিবারের তাকে ঝাড়-ফুঁক করিয়েছিল। তবে এরপর আমরা সমিতির পক্ষ থেকে তাকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। এখন সে সম্পূর্ণ সুস্থ।’ কেবল হামিদ নয়, বিদ্যালয়ের কোনো শিশু অসুস্থ হলে তাকে সমিতির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।
স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীনও শ্রমজীবী শিশুদের পড়াশোনায় সহযোগিতার হাত বাড়িয়েছেন। তিনি উদ্যোগ নেওয়ায় উপজেলা শিক্ষা অফিস এ বছর শিশুদের জন্য বিনা মূল্যের সরকারি বই সরবরাহ করেছে।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সাকিবের (১৪) বাড়ি উপজেলার ছনহরা ইউনিয়নের চাটরা গ্রামে। সে জানায়, তার রিকশাচালক বাবা চট্টগ্রামে আরেকটি বিয়ে করে সেখানেই থাকেন। তাই মাকে সাহায্য করতে সে ও তার ছোট ভাই শাকিল (১০) এক বছর ধরে মুনসেফ বাজারের দোকানে চাকরি করছে। সাকিব একটি গণসৌচাগারে ও তার ছোট ভাই মুরগির দোকানে চাকরি করে। চাকরির পাশাপাশি দুই ভাই–ই এখন ‘ঝড়ে পড়াদের নিকেতনে’ পড়ছে।
বিদ্যালয়ের উদ্যোক্তা শাহ আলম স্বপ্ন দেখেন, এই শিশুরা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়বে এখানে। এরপর কোনো বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দেবে তারা। আপাতত এইটুকু লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি। তাঁর কথা, ন্যূনতম লিখতে পড়তে জানলে এই শিশুরাই একদিন স্বাবলম্বী হওয়ার উপায় খুঁজে নেবে।