
বিশ্বের সেরা শিক্ষক নির্বাচনের জন্য ২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক ভারকি ফাউন্ডেশন ‘গ্লোবাল টিচার পুরস্কার’ প্রবর্তন করে। এ বছর বিশ্বের ১৭৯টি দেশের ২০ হাজার আবেদনকারীর মধ্য থেকে গ্লোবাল টিচার পুরস্কার জিতেছেন ৫০ জন। বিশ্বসেরা এই ৫০ শিক্ষকের তালিকায় রয়েছেন বাংলাদেশের শাহনাজ পারভীন। গত ১৯ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গ্লোবাল টিচার পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। সনদ গ্রহণ করেন বাংলাদেশের শাহনাজ পারভীনও। এই সেরাদের সেরা অর্থাৎ ৫০ জনের মধ্যে এক নম্বর স্থানটি অর্জন করেছেন কানাডার ম্যাগি ম্যাকডোনেল।
শাহনাজ পারভীন বগুড়ার শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বছরের ২০ ডিসেম্বর প্রথম আলোর ‘নারীমঞ্চ’ পাতায় ‘বিশ্বসেরা ৫০ শিক্ষকের একজন তিনি’ শিরোনামে শাহনাজ পারভীনকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়।

১ এপ্রিল ঘড়ির কাঁটা তখন বিকেল চারটায়। বিদ্যালয় থেকে একটু আগে ফিরেছেন শাহনাজ পারভীন। কিন্তু দম ফেলার ফুসরত নেই তাঁর। স্কুল থেকে ফিরেই নিজের বাসায় ব্যক্তিগত উদ্যোগে চালু করা সুবিধাবঞ্চিত পথশিশুদের পাঠশালা ‘শেরপুর শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়’-এ পড়াতে ব্যস্ত হয়ে যান তিনি। দেখা গেল ৬০ থেকে ৭০ জন শিশু মনোযোগ দিয়ে পড়ছেন। শাহনাজ পারভীন ছবি দেখিয়ে ব্যতিক্রমী কৌশলে শিশুদের পড়াচ্ছেন। শিশুদের সবার পরনে একই রঙের পোশাক। বই-খাতা-কলম, স্কুল ব্যাগ, টিফিন সবই বিনা মূল্যে পাচ্ছে শিশুরা।
শাহনাজ পারভীন বলেন, ‘এরাই এখন আমার পরিবার, আমার সন্তান। সকালে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। সেখানেও একঝাঁক শিশু সন্তান। তাদের আনন্দময় পরিবেশে পড়াই। বিকেলে এই শিশুদের নিয়ে পড়ানোর আনন্দে মেতে উঠি।’
গ্লোবাল টিচার পুরস্কার বিজয়ী বিশ্বসেরা শিক্ষকদের শীর্ষস্থান এবার হাতছাড়া হলো, আক্ষেপ নেই? শাহনাজ বলেন, এবারের গ্লোবাল টিচার পুরস্কারজয়ী বিশ্বসেরা শিক্ষক কানাডার ম্যাগি ম্যাকডোনেল প্রচণ্ড কষ্ট করে বরফ আচ্ছাদিত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তাঁর দেশে শিক্ষার আলো ছড়াতে তিনি নিরন্তর কষ্ট-সংগ্রাম করছেন। পরিশ্রম ও সাধনা করেই সেরাদের সেরা হয়েছেন। সেরার পুরস্কার তাঁরই প্রাপ্য। তিনি এখন আমার অনুপ্রেরণা। শাহনাজ পারভীন পুরস্কার নেওয়ার জন্য গত ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইতে অবস্থান করেন। ফিরে এসে সেই দিনগুলোর অভিজ্ঞতা শুনিয়েছেন প্রথম আলোকে।
স্বপ্ন জয়ের সাত দিন
দুবাই সফরের সাত দিন সম্পর্কে শাহনাজ পারভীন বলেন, ‘গ্লোবাল টিচার পুরস্কারের সেরা ৫০-এ স্থান পাওয়ার পর থেকেই অন্য রকম রোমাঞ্চিত ছিলাম। ১৫ মার্চ এমিরেটস এয়ারলাইনসের একটা বিমানে রওনা হলাম। একা একা দুবাই যাচ্ছি। ভয়ে বুকটা দুরুদুরু করছিল। কিন্তু ভয়ের চেয়ে বেশি ছিল পুরস্কার জয়ের উত্তেজনা। দুবাই বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন বাংলাদেশি দূতাবাসের এক কর্মকর্তা। তিনি গাড়িতে হোটেল পর্যন্ত পৌঁছে দিলেন। ১৬ মার্চ সকালে পরিচয়পর্ব দিয়ে গ্লোবাল টিচার সম্মেলন শুরু হলো। ভিনদেশি হলেও খুব সহজেই আমাকে আপন করে নিলেন অন্য সেরা শিক্ষকেরা। বাংলাদেশি পরিচয় পেয়ে তাঁরা মুক্তিযুদ্ধ ও পয়লা বৈশাখ উৎসব সম্পর্কে জানতে চাইলেন। নানা প্রশ্ন করলেন—‘এত বড় শাড়ি কীভাবে একা পরলাম, তা জেনে অবাক হলেন।’
১৭ মার্চ সকালে বিশ্বের নামীদামি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে হলো শাহনাজকে। বাংলাদেশি একজন নারী হিসেবে এই সম্মেলনে অংশ নেওয়ার অনুভূতি ও দেশে ফিরে অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাবেন, সেটাই জানান তাঁর সাক্ষাৎকারে। ‘বিকেলে এল সেই মাহেন্দ্রক্ষণ। লাল-সবুজের শাড়ি পরে সেরা ৫০ শিক্ষক পুরস্কারের বিজয়ী হিসেবে সনদ গ্রহণ করলাম ভারকি ফাউন্ডেশনের সভাপতির কাছ থেকে। অন্য রকম এক অনুভূতি। মনে হচ্ছিল আমার চোখের সামনে অবারিত বাংলাদেশ, লাল-সবুজের একখণ্ড বাংলাদেশ,’ বলেন শাহনাজ পারভীন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে গিয়ে শাহনাজের দেখা হলো শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব মনজুরুল হোসেনসহ বাংলাদেশি অতিথিদের সঙ্গে। শিক্ষামন্ত্রী তাঁকে কাছে ডাকলেন, খোঁজখবর নিলেন। নিজের হাতে খাবার তুলে দিলেন। ছবি তোলার ব্যবস্থা করলেন। তিনি শাহনাজকে বলেন, ‘তুমি আমাদের গর্ব। আমরা সামনে আরও ভালো করব।’
১৮ মার্চ ভারতীয় চিত্রতারকা রণবীর কাপুর বিশ্বনাগরিক বিষয়ে বক্তৃতা করেন। ধ্যান নিয়েও ছিল বক্তৃতা পর্ব। ভারকি ফাউন্ডেশনের কর্মকর্তা, বিশ্বের নানা দেশের শিক্ষাবিদেরা বক্তব্য দিলেন। বিশ্বসেরা ১০ শিক্ষক শ্রেণিকক্ষে কীভাবে আনন্দের সঙ্গে পড়ানো যায়, তার ওপর ক্লাস নিলেন। সন্ধ্যায় হলো জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৯ মার্চ নানা দেশের উন্নত শিক্ষাপদ্ধতি নিয়ে আলোচনা করলেন বিশ্বের নামকরা শিক্ষাবিদেরা। ধ্যানের ওপর ক্লাস হলো। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দিলেন দুবাইয়ের রাষ্ট্রপ্রধান। শেষে গ্লোবাল টিচার পুরস্কার বিজয়ী শীর্ষ ১-এর নাম ঘোষণা করা হয়।
গ্লোবাল টিচার পুরস্কার জিততে কী ধরনের প্রস্তুতি দরকার? শাহনাজ পারভীনের জবাব, ‘লক্ষ্য নিয়ে এগোতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। শিশুদের স্বপ্ন দেখাতে হবে, নিজেও স্বপ্ন দেখতে হবে। লক্ষ্য ছাড়া কিছু একটা হওয়া যায়, কিন্তু সেরা হওয়া কঠিন।’