শাহপরীর দ্বীপবাসীর কষ্ট গেল না
তিন বছরেও টেকনাফের শাহপরীর দ্বীপবাসীর কষ্ট গেল না। সংস্কার হয়নি পশ্চিম অংশের প্রায় দুই কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের পানি ঢুকে ডুবে আছে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের প্রায় পাঁচ কিলোমিটার পাকা সড়ক। দ্বীপের ৪০ হাজার মানুষকে নৌকা নিয়ে টেকনাফ আসা-যাওয়া করতে হচ্ছে। অন্যদিকে, জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এখানকার ১০টি গ্রাম।
২২ জুলাই সকালে সরেজমিনে দেখা গেছে, শত শত মানুষ বৃষ্টিতে ভিজে টেকনাফ সড়কের খারিয়াখালী অংশ থেকে নৌকায় উঠে শাহপরীর দ্বীপের উদ্দেশে রওনা দিচ্ছে। ২০ জনের ধারণক্ষমতার এক একটি নৌকায় উঠছে ৪০ জনের বেশি। খারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পারাপারে ভাড়া গুনতে হচ্ছে ৩০ টাকা। অথচ আগে সড়কপথে শাহপরীর দ্বীপ থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে টেকনাফ যেতে খরচ হতো ২০ টাকা। এখন লাগে ১০০ টাকার বেশি। তার ওপর দুর্ভোগ তো আছেই।
শাহপরীর দ্বীপ উত্তরপাড়ার ব্যবসায়ী জসিম উদ্দিন (৩০) জানান, প্রবল বর্ষণ আর জোয়ারের পানিতে পাকা সড়কসহ আশপাশের কয়েক হাজার একর ফসলি জমি ডুবে থাকায় দ্বীপের মানুষের ঈদের আনন্দ মাটি হয়েছে। সড়ক যোগাযোগ স্থাপন না হওয়ায় এখনো দ্বীপের মানুষকে বন্দিজীবন কাটাতে হচ্ছে।
মৎস্যচাষিরা জানান, তিন বছর ধরে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় একসময়ের মাছ আহরণ, উৎপাদন ও বিপণনের প্রধান বাণিজ্যকেন্দ্র শাহপরীর দ্বীপ এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানকার ব্যবসাপ্রতিষ্ঠান একে একে বন্ধ হয়ে গেছে।
শাহপরীর দ্বীপ বাঁচাও আন্দোলনের সভাপতি জাহেদ হোসেন জানান, ঘূর্ণিঝড় আইলার আঘাতে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। বিভিন্ন সময় বাঁধ সংস্কার হলেও তা টেকসই হয়নি। সর্বশেষ ২০১২ সালের মে মাসে বাঁধটি আবার বিলীন হয়ে যায়। এরপর আর সংস্কার করা হয়নি। ফলে দ্বীপের ১০ গ্রামের ৪০ হাজারের বেশি মানুষকে জোয়ার-ভাটার মধ্যে দিন কাটাতে হচ্ছে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা ও সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান জানান, পাউবোর দুই কিলোমিটারের ওই ভাঙা বেড়িবাঁধ সংস্কারের বিপরীতে এ পর্যন্ত শত কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু দুর্নীতির কারণে বেড়িবাঁধ স্থায়ী হচ্ছে না। মানুষের কষ্টও শেষ হচ্ছে না।
শাহপরীর দ্বীপ বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম জানান, সামুদ্রিক জোয়ারে ইতিমধ্যে দ্বীপের পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, গোলাপাড়া, মাঝরপাড়া, ডাঙ্গাপাড়ার সাত শতাধিক ঘরবাড়ি সমুদ্রে বিলীন হয়েছে। সাত হাজার একরের ফসলি জমি, চিংড়িঘের ও লবণের মাঠ সাগরে তলিয়ে গেছে। বেড়িবাঁধ না হলে একসময় পুরো শাহপরীর দ্বীপই তলিয়ে যাবে।
সওজ কার্যালয় সূত্র জানায়, টেকনাফ-শাহপরীর দ্বীপ ১৩ দশমিক ৭ কিলোমিটার সড়কের মধ্যে পাঁচ কিলোমিটার (খারিয়াখালী গ্রাম থেকে উত্তরপাড়া পর্যন্ত) জোয়ারের পানিতে ডুবে রয়েছে। এর মধ্যে সম্পূর্ণ ভেঙে গেছে ১ হাজার ৩০০ মিটার সড়ক। ভাঙা সড়ক সংস্কারের জন্য ২৩ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সওজ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া জানান, ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়া পর্যন্ত সড়কও সংস্কার করা যাচ্ছে না। কারণ, কোটি কোটি টাকা খরচ করে সড়কটি তৈরি করা হলেও জোয়ারের পানিতে তা তলিয়ে যাবে।
জানতে চাইলে পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সবিকুর রহমান জানান, বরাদ্দ না থাকায় শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ সংস্কার করা যাচ্ছে না। এ ব্যাপারে পানিসম্পদ মন্ত্রণালয়ে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আগামী ডিসেম্বর নাগাদ ভাঙা বাঁধের নির্মাণকাজ শুরু হবে।