শাহপরীর দ্বীপে ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি

শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া গ্রাম। এখানে তিন বছর আগেও ছিল ছয় শতাধিক ঘরবাড়ি। সেই সংখ্যা ১০০ থেকে কিছু বেশি। ভিটেমাটি হারিয়ে বাসিন্দারা বসত গড়েছেন টেকনাফের বিভিন্ন স্থানে। একই এলাকার গোলাপচরের অবস্থাও করুণ। প্রায় এক হাজার একর ফসলি জমি চলে গেছে বঙ্গোপসাগরের পেটে।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে ভাঙন এখনো অব্যাহত। বর্ষায় তো বটে, গ্রীষ্মেও ভাঙে এই এলাকাটি।
সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, ২০১২ সালের ২২ জুন শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া এলাকার দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এর পর থেকে জোয়ার-ভাটা চলছে ওই এলাকায়। অন্যদিকে পার্শ্ববর্তী দক্ষিণপাড়া, ডাঙ্গরপাড়া ও উত্তরপাড়ার আরও আট শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এসব এলাকার প্রায় ৬৫০ মিটার বেড়িবাঁধ জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পশ্চিমপাড়ায় বেড়িবাঁধ নেই। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকছে জোয়ারের পানি। ওই এলাকার প্রায় ৭০০ মিটার এলাকা বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়েছে। বিলীন হয়ে গেছে টেকনাফ-শাহপরীর দ্বীপসড়কও।
শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির আহ্বায়ক জাহেদ হোসেন বলেন, বাংলাদেশের মানচিত্র থেকে দিন দিন শাহপরীর দ্বীপটি হারিয়ে যেতে বসেছে। বঙ্গোপসাগরের গ্রাসে ছয় শতাধিক বসতবাড়ি ও এক হাজার একর জমি সাগরে বিলীন হয়ে গেছে। এই দ্বীপটি রক্ষায় সরকারকে এখনই এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে।
শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া গ্রামের বাসিন্দা মো. নুরুল হক বলেন, ‘বঙ্গোপসাগরের ভাঙনে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। বসতভিটাও চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব?’
পশ্চিমপাড়ার বাসিন্দা মো. হারুণ বলেন, ‘সাগর এখন ঘরের কাছাকাছি চলে আসছে। জানি না সামনের বর্ষায় আমাদের কপালে কী আছে।’
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ জানান, বেড়িবঁাধ ভাঙনে ছোট হয়ে আসছে দ্বীপটি। পশ্চিমপাড়ার অংশের প্রায় দুই কিলোমিটার সাগরে বিলীন হয়ে গেছে। ওই অংশের সংস্কার না হওয়ায় দুর্যোগের হুমকিতে আছে দ্বীপের অর্ধলক্ষাধিক মানুষ। জরুরি ভিত্তিতে এটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে এ এলাকায় কেউ বসবাস করতে পারবে না।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফে উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, শাহপরীর দ্বীপের ভাঙনকবলিত এলাকায় রিং বঁাধ দেওয়ার জন্য দরপত্রের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।