সামুদ্রিক জলোচ্ছ্বাসে দুই কিলোমিটার বেড়িবাঁধ বিলীন
শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষ পানিবন্দী

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৪০ হাজার মানুষ এখন পানিবন্দী জীবন কাটাচ্ছেন। দ্বীপের পশ্চিমপাড়ার প্রায় দেড় কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিন জোয়ারে প্লাবিত হচ্ছে ১২ গ্রাম।
জোয়ারের সময় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক ডুবে গিয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে শাহপরীর দ্বীপ। ভাটার সময় হেঁটে আর জোয়ারের সময় নৌকায় চড়ে ১৭ কিলোমিটার দূরে টেকনাফ সদরে যাতায়াত করতে হচ্ছে দ্বীপের লোকজনকে।
স্থানীয় লোকজন জানান, প্রায় অর্ধকোটি টাকায় নির্মিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেড় কিলোমিটার লম্বা বাঁধটি গত ১ জুন জোয়ারের পানির তোড়ে বিলীন হয়। কারণ বাঁধটি ছিল বালু দিয়ে তৈরি।
স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় এই অংশের দেড় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়। এরপর থেকে এখন পর্যন্ত ওই দেড় কিলোমিটার ভাঙা বাঁধ নির্মাণের জন্য ৯৭ কোটি টাকা খরচ করা হয়। কিন্তু পাউবো কর্মকর্তা ও ঠিকাদারের অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধটি স্থায়ী হচ্ছে না। জোয়ারের পানিতে দ্বীপের ৪০ হাজার মানুষ বন্দীজীবন কাটাচ্ছেন।
শাহপরীর দ্বীপ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, জোয়ার-ভাটার কবলে পড়ে গত কয়েক বছরে শাহপরীর দ্বীপের অন্তত ১০ হাজার একর ফসলি জমি ও লবণ মাঠ সমুদ্রে তলিয়ে গেছে। বিলীন হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। অথচ এখনো একটি স্থায়ী বেড়িবাঁধ তৈরি করা যাচ্ছে না।
পশ্চিমপাড়ার জেলে নবী উল্লাহ (৪৫) জানান, জেয়ারের প্লাবনে গত কয়েক দিনে তাঁর বসতবাড়ির ছয়টি নারকেল গাছ উপড়ে পড়েছে। অনেকের গাছপালাসহ ভিটেবাড়ি সমুদ্রে তলিয়ে গেছে। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস হলে এই দ্বীপের কাউকে খুঁজে পাওয়া যাবে না।
এ প্রসঙ্গে পাউবো টেকনাফ উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, উত্তাল সাগরের এই পরিস্থিতিতে ভাঙা বেড়িবাঁধ নির্মাণ সম্ভব নয়। নভেম্বর-ডিসেম্বরের দিকে সাগর শান্ত হলে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এ জন্য অর্থ বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন মহলে চাহিদাপত্র পাঠানো হয়েছে।