শাহবাগের ঢেউ জেলা শহরেও
কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগের ঢেউ লেগেছে জেলা শহরেও। বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের মানুষ একাত্ম হয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখছে গুরুত্বপূর্ণ মোড়। সবার এক দাবি ‘রাজাকারের ফাঁসি চাই’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। আমাদের কক্সবাজার ও ফেনীর নিজস্ব প্রতিবেদক এবং খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো খবর:কক্সবাজার: কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে পর্যটন শহর কক্সবাজার উত্তাল হয়ে পড়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন ছাড়াও ভ্রমণে আসা পর্যটকেরা আন্দোলনে যোগ দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করছেন। গত সোমবার বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে চলমান অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন সাংবাদিকেরা।এ সময় বক্তব্য দেন ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, সাংবাদিক তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী, প্রিয়তোষ পাল, আয়াছুর রহমান, মুজিবুল ইসলাম, নুপা আলম প্রমুখ। কর্মসূচিতে গান ও কবিতা আবৃত্তি করেন উদীচী ও সাংস্কৃতিক ইউনিয়নের শিল্পীরা। কক্সবাজারের সচেতন ছাত্রসমাজের ব্যানারে এর আগে ফাঁসির দাবিতে সংহতি প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান। একই দিন সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে রামু কলেজ ক্যাম্পাস ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাইপাস চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রামু কলেজের শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন তাপস মল্লিক, অর্পণ বড়ুয়া, মাশেকুর রহমান, মো. সাহেদ প্রমুখ। এদিকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ১১ ফেব্রুয়ারি অগ্নিশপথ নিয়েছেন হাজারো যুবক।ফেনী: মানবতাবিরোধী সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অবস্থান, মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত স্লোগানে স্লোগানে শহীদ মিনার চত্বর এবং আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। চলে জাগরণের গান। পোড়ানো হয় রাজাকারের কুশপুত্তলিকা। এসব কর্মসূচিতে উদীচী শিল্পী গোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, অনুরণন আবৃতি চর্চাকেন্দ্র, আর্য্য সাংস্কৃতিককেন্দ্র, পুবালি সাংস্কৃতিককেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী আবৃত্তি সংসদ, ফেনী বন্ধুসভা, কবিতা নিকেতনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গত সোমবার সকালে ফেনী সরকারি কলেজের শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করেছে। খাগড়াছড়ি: সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে খাগড়াছড়িতেও চলছে বিক্ষোভ-সমাবেশ, জাগরণের গান, আবৃত্তি আর স্লোগান। এর পাশাপাশি রয়েছে যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি কার্যকর, কুশপুত্তলিকা দাহ, শহীদ স্মৃতি স্তম্ভে ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে মিলেমিশে একাকার ছাত্র, যুবক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা। প্রতিদিন নানা শ্রেণীর পেশার মানুষ রাজনৈতিক নেতা ব্যবসায়ী সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি জানাতে শাপলা চত্বরের মুক্তমঞ্চে এসে জড়ো হচ্ছেন।প্রথম দফায় তিন দিনের কর্মসূচি নেওয়া হয়। ৭ ফেব্রুয়ারি বিকেল তিনটায় মুক্তমঞ্চে দেশের গানের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। তরুণেরা দেশের ও জাগরণের গান গেয়ে স্লোগানে স্লোগানে শাপলা চত্বর মাতিয়ে তোলেন। ওই দিন সন্ধ্যায় চেঙ্গী স্কোয়ারের শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়। এরপর শনিবার সন্ধ্যায় রাজাকারের ফাঁসির মঞ্চে যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। পরে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।