শাহরাম আমিরি নাটক
নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দেশে ফিরলেন ইরানের ‘অপহূত’ পরমাণুবিজ্ঞানী শাহরাম আমিরি। রাজধানী তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে অশ্রুসিক্ত আমিরিকে বরণ করে নেন পরিবারের সদস্যরা। আমিরির দেশে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র ও তাঁর তরফ থেকে পরস্পরবিরোধী বিবরণ পাওয়া যাচ্ছে। বিষয়টি এতই স্পর্শকাতর যে সবকিছু হয়তো খোলামেলা বলবে না কোনো পক্ষই। আর তাই আমিরির কথিত অপহরণ (বা অন্তর্ধান) ও প্রত্যাবর্তন রহস্যের ‘আসল সত্য’ হয়তো অজানাই থেকে যাবে।যুক্তরাষ্ট্র-ফেরত শাহরাম আমিরির প্রতি ইরানি কর্তৃপক্ষের মনোভাব শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু এখন পর্যন্ত তাঁকে বীরের মর্যাদাই দিচ্ছে তারা।তেহরানের সংবাদ সম্মেলনে তাঁর ‘নিখোঁজ রহস্যের’ অনেক কিছু উন্মোচন করেন আমিরি। মূলত নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করেন তিনি। তবে এবার একটু বিশদভাবে।গোয়েন্দারা তাঁকে কীভাবে সৌদি আরব থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়, সংবাদ সম্মেলনে তার বর্ণনা দেন আমিরি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের সময় তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। জিজ্ঞাবাদের সময় নাকি ইসরায়েলি গোয়েন্দারা উপস্থিত ছিলেন। আমিরি আরও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার জন্য তাঁকে পাঁচ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমিরি বলেন, এই প্রলোভনের পরও তিনি পালিয়ে ওয়াশিংটনে ইরানের কূটনৈতিক মিশনে আশ্রয় নেন।অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, আমিরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন স্বেচ্ছায়, যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেনও নিজের ইচ্ছায়। তবে মার্কিন কয়েকটি সূত্র সে দেশের গণমাধ্যমকে বলেছে, আমিরিকে ৫০ লাখ ডলার দেওয়া হয়েছিল। প্রধানত দুটি কারণে তাঁকে এই অর্থ দেওয়া হয়। প্রথমত, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে শুরু করার জন্য। দ্বিতীয়ত, স্বপক্ষ ত্যাগ করে মার্কিনদের সঙ্গে হাত মেলাতে।এই মার্কিন কর্মকর্তারা অতীতে প্রকাশ্যেই বলেছেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের মাধ্যমে সে দেশের স্পর্শকাতর প্রকল্পে কর্মরত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনে তাঁদের একটি কর্মসূচিই আছে। এটি তারই একটি অংশ। তাঁরা দাবি করছেন, এখন যাতে পরিবারের সঙ্গে আবার মিলিত হওয়া যায়, সে জন্য ইরানি কর্তৃপক্ষকে খুশি করতে অপহরণের গল্প ফেঁদে নানা ধরনের ভিডিও পাঠাতে শুরু করেন আমিরি।শাহরাম আমিরিকে নিয়ে রহস্যের ধূম্রজালে ঘেরা ঘটনাপ্রবাহ সম্পর্কে এখন নানামুখী ব্যাখ্যা-বিশ্লেষণ চলছে। তাঁর আচরণ নিয়ে নানাজনের নানা বিশ্লেষণ। অনেকে বলছেন, সিআইএ হয়তো আমিরিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরবর্তী কোনো এক সময়ে তাঁর পরিবারের সদস্যদের ইরান থেকে বের করে নিয়ে আসবে। কিন্তু সিআইএ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। তা ছাড়া ইরান থেকে তাঁর পরিবারকে বের করে নিয়ে যাওয়া যে কতটা কঠিন কাজ, সেটা হয়তো নিজেও উপলব্ধি করতে পারেননি আমিরি। বিষয়টাকে খাটো করে দেখেই মাঠে নেমেছেন।তবে আমিরির স্বদেশ প্রত্যাবর্তনের পর পরিস্থিতি যা-ই দাঁড়াক না কেন, এ ঘটনা ইরানের নির্বাসিত কিংবা সম্ভাব্য স্বদেশত্যাগীদের কাছে একটি জোরালো বার্তা পৌঁছে দিয়েছে। বার্তাটি হলো, তাঁরা ইরান ত্যাগ করতে পারলেও ইরান সরকারের নজরদারির বাইরে যেতে পারবেন না। তা তাঁরা বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন।কে জিতল এই লড়াইয়ে?ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের তথা পশ্চিমা শক্তিগুলোর মধ্যে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে বাগ্যুদ্ধ নৈমিত্তিক ঘটনা। উভয়ের মধ্যে চলছে এক ধরনের প্রোপাগান্ডার লড়াইও। শাহরাম আমিরি নাটক সেই প্রচারণার দ্বৈরথে নতুন রসদ জুগিয়েছে। প্রশ্ন উঠেছে, সর্বশেষ এই যুদ্ধে জিতল কোন পক্ষ? অনেক বিশ্লেষকের মতে, প্রোপাগান্ডা লড়াইয়ে আপাতত জয় ইরানিদেরই।দুই পক্ষ ঘটনার সম্পূর্ণ বিপরীত দুই বর্ণনা দিলেও আমিরি ওয়াশিংটনে তাঁর দেশেরই কূটনৈতিক মিশনে আশ্রয় নেওয়ায় ইরানি সংস্করণকেই দৃশ্যত বেশি বিশ্বাসযোগ্য মনে করছেন অনেক বিশ্লেষক।অনেক বিশ্লেষক বলছেন, বিষয়টি ইরানিদের জন্য প্রোপাগান্ডা বিজয়ের মতো। এমনকি শাহরাম আমিরি তাঁর দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে যা কিছু জানেন, সব মার্কিনদের বলে দেন, তাও।আমিরির ওপর চাপ ছিল?দেশে ফেরার জন্য আমিরির ওপর ইরানি কর্তৃপক্ষের চাপ ছিল বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তাঁর স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ইরানেই ছিলেন। তাঁরা চাপের ঝুঁকির মধ্যে ছিলেন।নির্বাসিত ইরানিরা তাঁদের দেশীয় গোয়েন্দা সংস্থা বা প্রভাবশালী ‘বিপ্লবী গার্ড বাহিনী’র ফোনের সঙ্গে পরিচিত। বিদেশি গণমাধ্যমের সঙ্গে কথা না বলার জন্য অনেক সময় টেলিফোনে তাঁদের সতর্ক করে দেওয়া হয়। প্রয়োজনে হুমকিও।ইরানে গত বছরের গোলযোগের পর ১১৮ দিন জেল খেটেছেন ইরানি সাংবাদিক মাজিয়ার বাহারি। জেল থেকে বের হওয়ার পর তিনি দেশ ছেড়েছেন। সম্প্রতি নিউইয়র্কে অবস্থানের সময় তাঁর কাছে এ ধরনের ফোন এসেছে বলে জানা গেছে। ফোন পাওয়ার কিছুদিন পর তেহরানের একটি আদালত বাহারির অনুপস্থিতিতে তাঁকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দেন।তবে শাহরাম আমিরির ওপর এ ধরনের কোনো চাপ ছিল বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।