মানুষ তার স্বপ্নের সমান বড়। আর এ কারণেই বুঝি শাহরুখ খান তাঁর নতুন ছবি রা ওয়ান দেখে বলেছেন, ‘মেনে নিতে কষ্ট হচ্ছে রা ওয়ান সায়েন্স ফিকশন ছবি। আসলে এটা তো একটা প্রেমের ছবি।’ সেটা কীভাবে? ‘পাঁচ বছরের স্বপ্নটাকে পুরোপুরি ঢেলে দিয়েছি, চেষ্টার এতটুকু কমতি করিনি। সুতরাং রা ওয়ান তো আমার সঙ্গে আমার স্বপ্নের প্রেমেরই গল্প।’ ২৬ অক্টোবর বুধবার মুক্তি পেয়েছে বহুল আলোচিত বহুপ্রতীক্ষিত রা ওয়ান। মুক্তির আগে গোটা বলিউডে যে রা ওয়ান জ্বর বইছিল, দিন দিন তার উত্তাপ বাড়ছেই। অবশ্য নিন্দুকের মতে, ‘এটা একটা ছবি হলো? পুরোপুরি বাচ্চাদের ছবি। ছবির চিত্রনাট্য আরও ধারালো হতে পারত। ছাম্মাক ছাল্লো ছাড়া অন্য কোনো গানই তো কানে লাগে না।’ অবশ্য এই স্রোতের বিপরীত স্রোতের শক্তিই বেশি। ধুন্ধুমার ব্যবসা করে চলেছে ১৫০ কোটি রুপির রা ওয়ান। ভেঙেচুরে দিয়েছে অতীতের সব রেকর্ড। যদিও প্রথম দিন সালমান খানের কাছে ধরাশায়ী হয়েছিলেন কিং খান। মুক্তির প্রথম দিন সালমানের বডিগার্ড-এর সর্বভারতীয় আয় ছিল প্রায় ২২ কোটি, শাহরুখের রা ওয়ান-এর আয় ১৮ কোটি পাঁচ লাখ। তবে দ্বিতীয় দিনই শাহরুখ ছক্কা পিটিয়েছেন। এক দিনে পকেটে ভরেছেন ২৫ কোটি ১০ লাখ। সর্বকালের হিন্দি ছবির মধ্যে এটি একটি রেকর্ড। শুধু কি তাই? পাঁচ দিনে ভারত থেকে ৯২ কোটি আয় করে রা ওয়ান বডিগার্ড-এর রেকর্ড (৮৬ কোটি ১০ লাখ) তো ভেঙেছেই, সেই সঙ্গে এত অল্প সময়ে ভারত থেকে ৯২ কোটি আয় করে বলিউডে আরও একটি রেকর্ড সৃষ্টি করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও রা ওয়ান প্রথম পাঁচ দিনে আয় করা সর্বাধিক ব্যবসাসফল ছবি (৩২ কোটি ৭৫ লাখ)। এই হিসেবে দিওয়ালিতে মুক্তি পাওয়া সর্বকালের সব ছবির মধ্যে রা ওয়ান-এর আয় সবচেয়ে বেশি। গাণিতিক এসব হিসাব-নিকাশের প্রমাণ দেখিয়ে শাহরুখভক্তদের এখন আর পায় কে! তবে ভুলে গেলে চলবে না, শাহরুখের টার্গেট আমির খানের থ্রি ইডিয়টস-এর ৩১৫ কোটি রুপির রেকর্ড ছোঁয়া। ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী সালমান খান তো তাঁর তিন ছবি (দাবাং, রেডি, বডিগার্ড) নিয়ে ইতিমধ্যেই ১০০ কোটি রুপি ঝুলিতে ভরেছেন। আমির খান, সালমান খান, অজয় দেবগনের ঝুলিতে ১০০ কোটি রুপির একাধিক ছবি থাকলেও এত দিন শাহরুখের কাছে এই অর্জনটি ছিল অধরা। শাহরুখভক্তরা আশাবাদী, পরপর দুই সপ্তাহ ছবি মুক্তি না পাওয়ায় শাহরুখের রা ওয়ান অন্তত ২০০ কোটি রুপি আয় করবে। শাহরুখ খান নিজেও অবশ্য রা ওয়ানকে তাঁর ভক্তদের জন্য ‘ঈদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি আবারও প্রমাণ করেছি, আমিই নাম্বার ওয়ান। কি দিওয়ালি, কি ঈদ—আমি আরও অন্তত ১০ বছর বলিউড মাতাব।’ লেডি গাগা থেকে ক্রিস্টেন স্টুয়ার্ট শাহরুখ ও রা ওয়ান বন্দনায় মুখর। লেডি গাগা সম্প্রতি ভারত সফরে এসে যেখানেই গিয়েছেন, রা ওয়ান-এর প্রচারণা করেছেন। এমনকি শাহরুখের মেয়ে সুহানাকে ভালোবেসে নিজের ‘ট্রেডমার্ক’ সানগ্লাস উপহারও দিয়েছেন। ওদিকে টোয়ালাইট নায়িকা ক্রিস্টেন স্টুয়ার্ট তো সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েই দিয়েছেন, ‘যদি আবার নতুন করে কোনো ভ্যাম্পায়ারের সঙ্গে টোয়ালাইট তৈরি করা হয়, আমি আমার সঙ্গে বলিউডের শাহরুখ খানকে চাইব। প্রয়োজনে তাঁর জন্য হিন্দি ছবি করব, হিন্দি ভাষা শিখব। রা ওয়ান-এর পোস্টারে শাহরুখকে অপ্রতিরোধ্য লেগেছে।’রা ওয়ান-এর কল্যাণে নায়িকা কারিনা কাপুরের ঝুলিতে আরও একটি ১০০ কোটি রুপির ছবি এসেছে। শাহরুখ বলেন, ‘এ ছবির জন্য আমরা কারিনা, প্রিয়াঙ্কা, অসিন—তিনজন নায়িকার নাম শর্টলিস্ট করেছিলাম। ভেবেছিলাম, প্রত্যেকের অডিশন নেব। পারিশ্রমিক, শিডিউল নিয়ে আলোচনা করব। কিন্তু কারিনা পত্রিকা মারফত রা ওয়ান-এর খবর পড়েই আমাকে ফোন দেয়। তার সে কী হুমকি! আর কাউকে রা ওয়ান-এর নায়িকা করা হলে সে নাকি আমাকে খুন করে ফেলবে। খুনের ভয়েই কারিনাকে এ ছবিতে নিতে বাধ্য হই। হা হা হা।’ রুম্মান রশীদ খান [বিজনেস অব সিনেমা, ইকোনমিক টাইমস, বলিউড লাইফ,ওয়ান ইন্ডিয়া, ফিল্মফেয়ার, টাইমস অব ইন্ডিয়া, টুইটার, বলিউড হাঙ্গামা অবলম্বনে]