ওরা ১১ জন
শাহাবুদ্দীন স্যারের প্রাপ্তি
দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কেউ প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংগঠন, কেউ আবার দুর্গম চরে স্থাপন করেছেন স্কুল। আপন আলোর দীপ্তিতে তাঁরা হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রেরণা, এলাকার সর্বজন শ্রদ্ধেয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন ১১ জন শিক্ষককে সম্মানিত করেছে আইপিডিসি ও প্রথম আলো। এখানে পড়ুন খুলনার কয়রার শিক্ষক এস এম শাহাবুদ্দীনের কথা।
প্রায় দুই যুগ হয় চাকরি থেকে অবসর নিয়েছেন এস এম শাহাবুদ্দীন। তবে ৮৩ বছর বয়সী এই শিক্ষকের উপস্থিতি এখনো অনুভব করেন খুলনার কয়রার গ্রাম ঘুগরাকাটির মানুষ। এই গ্রামেরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন এস এম শাহাবুদ্দীন।
সুন্দরবনঘেঁষা উপকূলবর্তী ওই এলাকায় শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা যে অপরিসীম। বাড়ি বাড়ি গিয়ে ছেলেমেয়েদের ডেকে নিয়ে আসতেন স্কুলে। কোনো অভিভাবক সন্তানদের স্কুলে পাঠাতে না চাইলে তাঁকে বোঝাতেন। টাকার অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হলে তার সহায়তায় এগিয়ে গেছেন। কখনো নিজে সহায়তা করতেন, কখনো অন্যের কাছে হাত পাততেন। এমন অনেকেই আজ প্রতিষ্ঠিত।
তাঁদেরই একজন আজিজুল হক। তাঁকে পড়াশোনা করানোর সামর্থ্য তাঁর দিনমজুর বাবার ছিল না। পাশে দাঁড়ান শাহাবুদ্দীন। ইংরেজিতে স্নাতকোত্তর করে এখন শিক্ষকতা পেশায় আছেন আজিজুল। বলছিলেন, ‘শাহাবুদ্দীন স্যার না থাকলে হয়তো পড়াশোনা করতে পারতাম না। তাঁর এমন মহানুভবতা গ্রামের পরতে পরতে ছড়িয়ে আছে।’
ঘুগরাকাটি গ্রামে যাঁরা পড়াশোনা করেছেন, কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাঁদের অধিকাংশের শিক্ষার পেছনে রয়েছে এই শিক্ষকের অবদান।
এস এম শাহাবুদ্দীন বলেন, ‘যখন কেউ কাছে এসে পরিচয় দেয়, পায়ে হাত দিয়ে সালাম করে, বুকে টেনে নেয়, তখন বুকটা ভরে যায়, চোখে পানি চলে আসে। ভালোবাসার প্রাপ্তি তো এটুকুই।’