শাহিনই প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মার বিস্তৃত চরে একা একা সময় কাটানোটা তাঁর কাছে অনেক বেশি সুখকর। একা একা যখন হাঁটতে থাকেন, তখন ভাবনার সুযোগটা অনেক বেশি পান। কিন্তু যদি পাশে কেউ থাকেন, তাহলে দিতে হয় তাঁর দিকে মনোযোগ। আড্ডায় আছেন প্রাণভরে। ক্রিকেট থেকে শুরু করে সবখানে। তাই বলে নিজের লক্ষ্য থেকে সরে আসা কখনোই নয়। তাঁর ধ্যান-জ্ঞান হলো পড়াশোনা। আর এই ধ্যানই তাঁর মাথায় বসিয়েছে সাফল্যের রাজমুকুট।অনার্সের বৈতরণীটা পার করেছেন তিনি বেশ ভালোভাবেই। প্রথম শ্রেণী তো বটেই, একেবারে শীর্ষস্থান। প্রথম শ্রেণীতে প্রথম। আর নম্বরের হিসাবটা? সেটা তো ছাড়িয়ে গেছে পুরোনো অনেক হিসাবকে। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ৩২০০ নম্বরের মধ্যে পেয়েছেন ২২৩০। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আজ তাঁর গুণে মুগ্ধ। ‘বলতে গেলে সারাটা দিনই যায় ক্লাসের পেছনে ছুটে। তাই অবসর বের করাটা হয়ে ওঠে বেশ কঠিন। পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে সারাক্ষণই ব্যস্ত থাকতে হয় পড়াশোনা নিয়ে।’ কথাগুলোর বক্তা শাহিনুর রহমান। বন্ধুদের কাছে সোহাগ নামেই বেশি পরিচিত শাহিনুর রহমান। সোহাগ বলেন, ‘আমি ক্লাসগুলো নিয়মিত করতাম। আর ইন্টারনেট ব্যবহার করে সব সময় নতুন নতুন বিষয় সম্বন্ধে ধারণা নিতাম। পাশাপাশি লাইব্রেরিতে পড়াশোনা তো থাকতই। এসবই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সার্বিক সহায়তা করেছে।‘গত তিনটি বর্ষে যে দ্বিতীয় হয়েছে তার থেকে আমার ৩৪ নম্বর বেশি ছিল, তবুও যেদিন শেষ বর্ষের রেজাল্ট দিল, সেদিন দুরু দুরু বুকে বিশ্ববিদ্যালয়ের হলরুমে বসে ছিলাম। আমাদের রেজাল্ট প্রথমে ঘোষণা করে তারপর নোটিশ বোর্ডে টাঙায়। মনে সংশয়, কী জানি কী হয়! যদি কোনো কারণে পিছিয়ে পড়ি! অবশেষে শিক্ষক যখন প্রথম হিসেবে আমার নাম ঘোষণা করলেন তখন খুব খুশি হয়েছি। তবে আমার থেকেও আমার বাবা-মা বেশি খুশি হয়েছেন। তাঁরা তো সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি।’দিনরাত কেবল বই নিয়েই বসে থাকেন বলে যাঁরা বেশ বাঁকাচোখে তাকাত, তাদের উচিত শিক্ষা দিয়েছেন সোহাগ। স্নাতক তো শেষ হলো। মা-বাবাও এখন খুশি। লক্ষ্য এখন, মাস্টার্সে যে বিষয়টার ওপর উচ্চতর গবেষণা করবেন, সেটা ভালোভাবে করে তারপর তা দেশের কাজে লাগানো।