জার্মানির বার্লিনভিত্তিক বাংলাদেশি নির্মাতা শাহীন দিল-রিয়াজের তথ্যচিত্র লোহাখোর। জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের নিয়ে তৈরি তাঁর এই তথ্যচিত্র পেয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মাননা। সম্প্রতি লোহাখোর জিতেছে জার্মানির অ্যাডলফ গ্রিম অ্যাওয়ার্ড ২০১০। এবারের সময়ের তারকাআমার প্রথম নির্মাণ: দিনান্তে, এক গ্রাম্য মেয়ের সারা দিনের ঘটনা নিয়ে নির্মিত ১৯ মিনিটের একটি কাহিনিচিত্র। ছবিটা ফিল্ম স্কুলে ভর্তির সময় জমা দিয়েছিলাম। ছোটবেলায় যা হতে চেয়েছিলেন: চিরস্থায়ীভাবে ‘চাঁদ দেখা কমিটি’র চেয়ারম্যান। অ্যাডলফ গ্রিম অ্যাওয়ার্ড হাতে নেওয়ার পরের অনুভূতি: মনে হয়েছিল, বারবার পুরস্কার দিয়ে পাশ্চাত্য কি নিজের দায়ভার থেকে মুক্ত হতে চাইছে? নাকি ছবির মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন তারা সত্যি সত্যি চায়? তবে নিজের চেয়ে, অন্যদের অনুভূতির বহিঃপ্রকাশে বেশি মজা পেয়েছিলাম...এক বাংলাভাষী জার্মান বলেছিলেন, এটা তো ‘পুরস্কার’ নয়, এটা ‘পুরো-অস্কার’।আমি যার অভিনয়ের ভক্ত: যে অভিনেতা আদৌ অভিনয় করেন না। আমার প্রিয় তিন ছবি: জীবনানন্দের আট বছর আগে এক দিন (শুধু লিখে গেছেন, করে যেতে পারেননি)। সত্যজিৎ রায়ের জন অরণ্য, তারকোভস্কির দ্য মিরর।যে তিনটা জিনিস সব সময় সঙ্গে রাখি: কৌতূহল, বিশ্বাস আর তৃতীয়টা সঙ্গে রাখতে প্রায়ই ভুলে যাই—মুঠোফোন।হলে গিয়ে দেখা প্রথম ছবি: ব্রুস লি, ১৯৭৬-এ চট্টগ্রামের আলমাস সিনেমা হলে। আমার সিনেমা গুরু: কাউকে গুরু মানার কোনো তাড়না কোনো দিন বোধ করিনি। বাংলাদেশে আমার প্রিয় নির্মাতা: নির্মাতাদের মধ্যে প্রিয় মানুষ আছেন অনেকেই, কিন্তু প্রিয় নির্মাতা কেউ নেই। শিপইয়ার্ড শ্রমিকদের নিয়ে কাজ করার কথা যে কারণে ভেবেছি: যে জগৎটায় আমার প্রবেশ নিষেধ, সে জগৎটা আমাকে সবচেয়ে বেশি টানে। দেশে এলে সবার আগে যে কাজটি করি: আমার নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করি। জীবনের সবচেয়ে বড় পাগলামি: ছবি বানানোটাকে পেশা হিসেবে নেওয়া।বাংলাদেশ আর ইউরোপীয় ফিল্মের মধ্যে দুটি পার্থক্য: এক. একটাকে মানুষ সব সময় বলবে ‘বাংলাদেশি’ আর আরেকটাকে বলবে ‘ইউরোপীয়’। দুই. বাংলাদেশি ছবি বিদেশে পুরস্কার পেয়ে দেশে আসে। ইউরোপীয় ছবি দেশে পুরস্কার পেয়ে বিদেশে যায়।‘লোহাখোর’ বানাতে গিয়া যে বিপদে পড়েছিলাম: নিজে না, বরং অন্যদের বিপদে ফেলেছিলাম। আমার টিমের সদস্যরা শত যন্ত্রণার মধ্যেও শেষ পর্যন্ত কাজ করে গেছেন। আমি যদি ঠিক ‘আমি’ না হতাম, তাহলে ওদের এত কষ্ট হতো না। সামনে যে কাজটা করব ভাবছি: নিজের ভবিষ্যৎ কর্ম নিয়ে আগাম কোনো কথা বলা থেকে বিরত থাকব। ই-মেইলে সাক্ষাৎকার নিয়েছেনইকবাল হোসাইন চৌধুরী