শাহীন রহমানের মাটির গান
শাহীন রহমানের ‘মাটির গান’ মুগ্ধ করেছে দর্শক শ্রোতাদের। ৯ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত লোকসংগীতের এই অনুষ্ঠানে তিনি জনপ্রিয় ১৭টি গান পরিবেশন করেন। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হওয়া এই অনুষ্ঠানটি অপ্রয়োজনীয় নানা আনুষ্ঠানিকতার জন্য দর্শকের বিরক্তির কারণ হয়। তবে শিল্পীর গান শুনে সে বিরক্তি অনেকাংশে কেটে গেছে। আব্বাসউদ্দিনের বিখ্যাত গান ‘আমায় এত রাতে কেনে ডাক দিলি’ দিয়েই শুরু হয় মুগ্ধতার পর্ব। এর পরই ধরলেন ‘বহুদিনের পোষা পাখি’। এভাবে একে একে করলেন ‘হলুদিয়া পাখি’, ‘আমায় ভাসাইলিরে’ ‘ও আমার দরদিয়া’সহ মোট ১৭টি গান পরিবেশন করেন। কিছু কিছু গানের সঙ্গে বাড়তি পাওনা হিসেবে ছিল নাচের দল চারুতার নাচ। অনুষ্ঠানটি আয়োজন করেছিল স্টার ওয়ার্ল্ড। কথা হয় খুলশীর আবদুস সালামের সঙ্গে। তিনি বলেন, ‘অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ায় ক্লান্তি এসেছিল। কিন্তু শিল্পীর পরিবেশনায় মুগ্ধ হয়েই ফিরছি।’