
সোনারগাঁ উপজেলার ছোট্ট দুটি চর মায়াদ্বীপ ও নুনেরটেক। দীর্ঘদিন ধরেই চরগুলোতে অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলন করছে কিছু বালুসন্ত্রাসী। ১০ জুন মায়াদ্বীপ-নুনেরটেক অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবি জানায়। এ সংগঠনের সমন্বয়কের দায়িত্বে আছেন শাহেদ কায়েস; একই সঙ্গে তিনি শিক্ষা আন্দোলন ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সুচিত্রা সরকার
কবে থেকে আপনারা এ আন্দোলন করছেন?
২০১০ সাল থেকে বালু উত্তোলন শুরু করে একটি প্রভাবশালী মহল। শুরুতে আমরা তাদের বোঝানোর চেষ্টা করি, যাতে তারা চর থেকে নিরাপদ দূরত্বে বালু উত্তোলন করে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা আন্দোলন গড়ে তুলি। তিন বছর ধরে আমরা চর দুটি রক্ষায় আন্দোলন চালিয়ে আসছি।
বালুসন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে কি কোনো ধরনের বিপদে পড়েছিলেন?
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বালুসন্ত্রাসীরা আমাকে ও সোনারগাঁ থানার সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিনকে প্রায় আড়াই ঘণ্টা মাঝনদীতে আটক করে রেখেছিল। পরে পুলিশ আমাদের উদ্ধার করে। এ ছাড়া আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাও হয়েছে।
এত ঝুঁকির মধ্যেও কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন?
আমি এ অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার চেষ্টা করছি। যখন দেখলাম চর দুটির মানুষ বিপদে পড়েছে, বুঝলাম শিশুরাও বিপদের বাইরে থাকবে না। এই আন্দোলন গড়ে তুলি মূলত শিশুদের মুখের দিকে তাকিয়ে।
বঞ্চিত শিশুদের শিক্ষাদানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এ সম্পর্কে কিছু বলুন।
আমি ২০০৩ সাল থেকে বঞ্চিত শিশুদের শিক্ষা আন্দোলন ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। সোনারগাঁয়ের ভাটিবন্দর-রঘুভাঙ্গা এলাকায় মেঘনা নদীতেই প্রতিষ্ঠা করি ‘বেদেবহর ভাসমান পাঠশালা’। ২০০৭ সালে প্রতিষ্ঠা করি ‘মায়াদ্বীপ জেলেশিশু পাঠশালা’। সেখানে বর্তমানে প্রায় ১০০ শিশু পড়ালেখা করে। এ ছাড়া আমি বিদ্যানিকেতন, ঋষিপাড়া মন্দির পাঠশালাসহ বেশ কয়েকটি স্কুল প্রতিষ্ঠা করি। এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আমি ২০০৪ সালে যোগ দিই সমবায় আন্দোলনে। প্রতিষ্ঠা করি ‘সোনারগাঁ বেনিফিট ফান্ড’ নামের একটি সমবায় সমিতি। প্রতিষ্ঠানটি ২০০৭ সালে উপজেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সমবায় অধিদপ্তর থেকে পুরস্কার অর্জন করে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
এই বেদে, জেলে, ঋষি ও আদিবাসী সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকতে চাই। তাদের জন্য আরও কাজ করতে চাই।