শাড়ি
সকালবেলা থেকেই মেজাজটা অতিরিক্ত গরম। কারণে-অকারণে খেঁকিয়ে উঠছি। স্নান করে এসে ছাদে তিক্ত মেজাজে কাপড় মেলতে গেলাম। তেতো মনটা আরও তেতো হয়ে গেল। দুটো দড়িরই প্রায় অর্ধেক জায়গাজুড়ে একটি শাড়ি পরিপাটি করে মেলানো। সাদা রং, আঁচলটা পিত রঙের। পাশের ফ্ল্যাটের আন্টিরই হবে। তিনি প্রায় এ রকম করেন। মনে মনে তাঁর পরিবারের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেললাম। কিন্তু রাগ পড়েনি তখনো। কাপড়টা তখনো ভেজা, মনে হলো একটু আগে মেলা হয়েছে। শাড়িটাকে নিয়ে আন্টিদের দড়ির ওপর যাচ্ছেতাই করে মেলে দিলাম। রাত ১০টায় আমি যখন আমার ফেবারিট হিন্দি সিরিয়াল হাঁ করে বসে দেখায় ব্যস্ত, তখন শুনলাম, মা বাবাকে ধমকাচ্ছেন। ‘কীভাবে কাপড় মেলতে হয়, তাও জানো না? আঁচলটাকে বলেছিলাম না আরেকটা দড়িতে মেলে দিতে। কী অবস্থা করেছ শাড়িটার।’ বাবা অনেকটা অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন, কিছু বলারই সুযোগ পাচ্ছেন না। হাতের শাড়িটার দিকে নজর গেল। প্রায় পুরো শাড়িতে সবুজ রঙের ছোপ ছোপ দাগ, বাজে অবস্থা। কিন্তু ওমা, একি! এ যে সেই শাড়ি। ভুল করে আমিই...। মার নজর আমার ওপর পড়ার আগেই তাড়াতাড়ি সটকে পড়লাম। তমা সাহামৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার।