শাড়ি চিনবেন যেভাবে

আর কদিন বাদেই শারদীয় দুর্গোৎসব। এ উৎসব উপলক্ষে কেনাকাটা শুরু হয়েছে৷ পূজার সাজে শাড়ির আবেদন চিরন্তন৷ বাজার ঘুরে দেখা গেল, বরাবরের মতো এবারও গরদ, তসর আর সিল্কের শাড়ির ওপরই ক্রেতাদের ঝোঁক বেশি৷
এই শাড়িগুলো আমাদের দেশেই তৈরি হয়। তবে তৈরির প্রক্রিয়া বেশ ব্যয়বহুল৷ যে কারণে বাজারে অনেক বিক্রেতাই পলিয়েস্টার কাপড় ক্রেতাদের কাছে তসর, গরদ বা সিল্ক বলে গছিয়ে দেন৷ আর আসল তসর কাপড় তৈরি হয় মূলত ভারত ও চীনে৷ কারণ, তসর তৈরিতে যে সুতা ব্যবহার করা হয়, আমাদের দেশের আবহাওয়া সেই সুতা উৎপাদনের উপযোগী নয়৷ এ জন্য অ্যান্ডি সিল্কে রেশম সুতা ব্যবহার করে তসরের একটা আমেজ আনেন ব্যবসায়ীরা৷ এই শাড়িগুলোই আমাদের এখানে তসর বলে পরিচিত৷ সিল্ক আমাদের দেশে তৈরি হলেও এর উৎপাদন-প্রক্রিয়াও বেশ জটিল ও ব্যয়বহুল৷ গরদের ক্ষেত্রেও সেই একই কথা৷ তাই স্থানীয় অনেক জায়গায় পলিয়েস্টার সুতা দিয়ে কম খরচে ও কম সময়ে তৈরি হচ্ছে এসব শাড়ি৷ আর ক্রেতারাও না বুঝে তসর, গরদ আর সিল্ক ভেবে কিনছেন এসব৷
শাড়িটি আসলেই সিল্কের সুতায় তৈরি কি না, তা নিয়ে ভাবনায় পড়ে গেলেন? তাৎক্ষণিকভাবে সেটা বোঝার সহজ একটি পদ্ধতির কথা জানালেন দোয়েল সিল্কের ব্যবস্থাপনা পরিচালক জি এম আলমগীর৷ তসর, গরদ বা সিল্ক কেনার সময় কাপড় থেকে একটু সুতা বের করে পুড়িয়ে নিন৷ পোড়ানোর পর কাপড় থেকে যদি রেশম পোকার পোড়া পোড়া গন্ধ বের হয় এবং সুতা পুড়ে ছাই হয়ে যায়, তখনই বুঝবেন শাড়িটি আসলেই রেশম সুতায় তৈরি গরদ, তসর বা কাতান৷
অন্যদিকে, পলিয়েস্টার সুতা পোড়ালে কোনো গন্ধ তো বেরই হবে না, বরং তা চুইংগামের মতো আটকে যাবে হাতে৷